শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

ইউটিউবে আগেই প্রশ্নফাঁস, কয়েটি স্কুলে অষ্টম শ্রেণির পরীক্ষা স্থগিত

ইউটিউবে আগেই প্রশ্নফাঁস, কয়েটি স্কুলে অষ্টম শ্রেণির পরীক্ষা স্থগিত

ময়মনসিংহের ত্রিশালে ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার প্রশ্ন মিলে যাওয়ায় অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র স্থগিত করেছে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পরীক্ষা দিতে এসে স্থগিতের খবর জানতে পারে শিক্ষার্থীরা। শুধু এ বিদ্যালয় নয়, আশপাশের আরও কয়েকটি বিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গেও ইউটিউবে প্রকাশিত প্রশ্নের মিল পাওয়া যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এর আগে অনুষ্ঠিত আরও চারটি পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গেও ইউটিউবে প্রকাশিত প্রশ্নের মিল থাকার তথ্য পাওয়া গেছে। তবে সেসব পরীক্ষা স্থগিত করা হয়নি। এ ঘটনায় প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণব্যবস্থার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার আগের রাতেই ইউটিউবের একটি চ্যানেলে একই প্রশ্নপত্র প্রকাশিত হয়। বিষয়টি জানাজানি হলে পরীক্ষা শুরুর আগেই তা স্থগিতের সিদ্ধান্ত নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, নির্ধারিত সময়ে পরীক্ষা দিতে এসে তারা জানতে পারে, পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষাটি নেওয়া হবে বলে তাদের জানানো হয়েছে।

তবে শুধু নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় নয়, আশপাশের আরও কয়েকটি বিদ্যালয়ের প্রশ্নপত্রের সঙ্গেও ইউটিউবে আগে প্রকাশিত প্রশ্নের মিল পাওয়া যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এর আগে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার আরও চারটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেসব পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গেও ইউটিউবে প্রকাশিত প্রশ্নের মিল থাকার তথ্য পাওয়া গেলেও পরীক্ষা স্থগিতের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে আগের পরীক্ষাগুলোর প্রশ্নপত্রও একইভাবে প্রকাশিত হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, ‘ইউটিউবে প্রকাশিত প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্র মিলে গেছে। এটি কীভাবে হলো, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খানের বক্তব্য জানতে চাইলে তিনি বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ‘এটি কোমলমতি শিক্ষার্থীদের এক ধরনের মানসিক আঘাত। প্রশ্নপত্র ইউটিউবে আসবে কেন? এর সঙ্গে কারা জড়িত, এ বিষয়ে তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হবে। কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ইএইচআর/ বিএন/ ডিসি

নির্মাণ : REM Technology