বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
আলিমে খাতা চ্যালেঞ্জের পরও এক-দুই বিষয়ে ফেল করাদের ফরম পূরণের সুযোগ
আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা-২০২৬-এর ফরম পূরণের সময় ফের বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর পর্যন্ত পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। একই দিন ‘সোনালী সেবা’র মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। এতে খাতা চ্যালেঞ্জের পরও দুই এক বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা সুযোগ পাবেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় ২৫ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত বাড়লো হলো। "সোনালী সেবার" মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ ২৬ নভেম্বর।
২৩ নভেম্বর উত্তরপত্র পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফল প্রকাশের পর যে সব পরীক্ষার্থী এখনো এক বা দুই বিষয়ে অকৃতকার্য রয়েছে সে সব পরীক্ষার্থী এবং আগে ফরম পূরণ করতে পারেনি এমন পরীক্ষার্থী (যারা এক বা দুই বিষয়ে অকৃতকার্য) উল্লিখিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে পারবেন।
উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মাদ্রাসা প্রধান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবেন। উল্লেখ্য গত ৪ নভেম্বর প্রকাশিত ফরম পূরণের বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্যান্য শর্ত এবং নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
ইএইচআর/ বিএন/ ডিসি









