বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
জিমে যাওয়া ছাড়াই চাঙ্গা হবে শরীর, ঘরেই করতে পারেন এই ১০ ব্যায়াম
শরীর সুস্থ ও কর্মক্ষম রাখতে নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই। তবে ব্যায়ামের জন্য সব সময় জিমে যাওয়া কিংবা অনেক সরঞ্জামের প্রয়োজন হয় না। কিছু সহজ ব্যায়াম নিয়মিত করেই শরীরের বিভিন্ন পেশির শক্তি, সহনশীলতা ও ভারসাম্য বাড়ানো সম্ভব। পাশাপাশি ব্যায়ামগুলো শরীরের একাধিক পেশিকে একসঙ্গে সক্রিয় করে। নিয়মিত ও সঠিকভাবে করলে এগুলো পেশির শক্তি, সহনশীলতা এবং শরীরের ভারসাম্য উন্নত করতে সাহায্য করে।
১. লাঞ্জেস
পায়ের পেশি ও নিতম্ব শক্তিশালী করার পাশাপাশি শরীরের ভারসাম্য বাড়াতে সাহায্য করে লাঞ্জেস। এ ব্যায়াম করতে প্রথমে সোজা হয়ে দাঁড়াতে হবে। এরপর এক পা সামনে এগিয়ে দুই হাঁটু ভাঁজ করে শরীর নিচে নামাতে হবে। সামনের হাঁটু পায়ের পাতার সঙ্গে সামঞ্জস্য রেখে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। দুই পা দিয়েই সমানভাবে ব্যায়ামটি করতে হবে।
২. পুশআপ
হাত, বুক, কাঁধ ও পেটের পেশি শক্তিশালী করার জন্য পুশআপ বেশ কার্যকর। প্রথমে উপুড় হয়ে দুই হাত কাঁধের সমান দূরত্বে মেঝেতে রাখতে হবে। এরপর হাতের ওপর ভর দিয়ে শরীর সোজা রেখে ওপরে উঠতে হবে এবং ধীরে ধীরে বুক মেঝের কাছাকাছি নামিয়ে আনতে হবে। যারা শুরুতে পুরো পুশআপ করতে পারেন না, তারা হাঁটু মেঝেতে রেখেও অনুশীলন করতে পারেন।
৩. স্কোয়াট
পায়ের পেশি, নিতম্ব ও শরীরের মাঝের অংশের শক্তি বাড়াতে স্কোয়াট করা যায়। এ জন্য দুই পা কাঁধের সমান দূরত্বে রেখে দাঁড়াতে হবে। এরপর চেয়ারে বসার মতো করে হাঁটু ভাঁজ করে শরীর নিচে নামাতে হবে। পিঠ সোজা রেখে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। এ ব্যায়াম শরীরের নিচের অংশের শক্তি বাড়ানোর পাশাপাশি নমনীয়তা ধরে রাখতেও সাহায্য করে।
৪. ডাম্বেল প্রেস
কাঁধ ও হাতের পেশি শক্তিশালী করতে দাঁড়িয়ে ডাম্বেল প্রেস করা যায়। দুই হাতে উপযুক্ত ওজনের ডাম্বেল নিয়ে কাঁধের পাশে রাখতে হবে। এরপর দুই হাত মাথার ওপর সোজা করে তুলতে হবে। কিছুক্ষণ পর ধীরে ধীরে আগের অবস্থায় নামিয়ে আনতে হবে। ব্যায়ামটি করার সময় পিঠ সোজা রাখা জরুরি।
৫. ডাম্বেল রো
পিঠ, কাঁধ ও হাতের পেশি শক্তিশালী করতে ডাম্বেল রো কার্যকর। এ ব্যায়ামে দুই হাতে ডাম্বেল নিয়ে শরীর সামান্য সামনের দিকে ঝুঁকিয়ে রাখতে হবে। এরপর কনুই ভাঁজ করে ডাম্বেল দুটো পেটের দিকে টেনে আনতে হবে। ধীরে ধীরে হাত নিচে নামিয়ে আগের অবস্থায় ফিরতে হবে। এ সময় পিঠ সোজা রাখা এবং নিয়ন্ত্রিতভাবে হাত ওঠানো-নামানো জরুরি।
৬. সিঙ্গেল লেগ ডেডলিফট
পায়ের পেছনের পেশি ও নিতম্ব শক্তিশালী করার পাশাপাশি শরীরের ভারসাম্য বাড়াতে সিঙ্গেল লেগ ডেডলিফট করা যায়। এক পায়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে অন্য পা পেছনের দিকে তুলতে হবে। একই সঙ্গে শরীর সামনের দিকে ঝুঁকিয়ে ভারসাম্য বজায় রাখতে হবে। এরপর ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসতে হবে। শুরুতে হালকা ডাম্বেল ব্যবহার করা যেতে পারে।
৭. বার্পি
শরীরের একাধিক পেশি সক্রিয় করার পাশাপাশি হৃদ্যন্ত্রের সহনশীলতা বাড়াতে বার্পি বেশ কার্যকর। প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে নিচু হয়ে দুই হাত মেঝেতে রাখতে হবে। এরপর দুই পা পেছনে ছুড়ে পুশআপের অবস্থানে যেতে হবে। সেখান থেকে আবার পা সামনে এনে দাঁড়িয়ে লাফ দিতে হবে। ব্যায়ামটি কিছুটা কঠিন হওয়ায় শুরুতে ধীরে ধীরে অনুশীলন করা ভালো।
৮. সাইড প্ল্যাঙ্ক
পেটের পাশের পেশি ও শরীরের মাঝের অংশ শক্তিশালী করতে সাইড প্ল্যাঙ্ক করা যায়। এক পাশে কাত হয়ে কনুই ও পায়ের পাতার ওপর ভর দিয়ে শরীর মেঝে থেকে তুলতে হবে। মাথা থেকে পা পর্যন্ত শরীর সোজা রাখতে হবে। এ অবস্থায় কিছুক্ষণ থেকে পরে অন্য পাশেও একইভাবে অনুশীলন করতে হবে।
৯. হাই প্ল্যাঙ্ক
পেটের পেশি ও শরীরের সামগ্রিক স্থিতিশীলতা বাড়াতে হাই প্ল্যাঙ্ক উপকারী। পুশআপের শুরুর অবস্থানে গিয়ে দুই হাতের তালু ও পায়ের পাতার ওপর ভর দিতে হবে। মাথা থেকে গোড়ালি পর্যন্ত শরীর সোজা রেখে নির্দিষ্ট সময় এ অবস্থায় থাকতে হবে। এ সময় পেটের পেশি শক্ত রাখতে হবে এবং কোমর বেশি নিচু বা উঁচু করা যাবে না।
১০. গ্লুট ব্রিজ
নিতম্ব, কোমর ও পায়ের পেছনের পেশি শক্তিশালী করতে গ্লুট ব্রিজ করা যায়। প্রথমে চিত হয়ে শুয়ে দুই হাঁটু ভাঁজ করে পায়ের পাতা মেঝেতে রাখতে হবে। এরপর পায়ের ওপর ভর দিয়ে কোমর ও নিতম্ব ধীরে ধীরে মেঝে থেকে ওপরে তুলতে হবে। কিছুক্ষণ ধরে রেখে আবার নিচে নামাতে হবে।
যেভাবে বাড়াবেন ব্যায়ামের কার্যকারিতা
প্রতিটি ব্যায়াম তিন সেট করে ১০ থেকে ২০ বার অনুশীলন করা যেতে পারে। প্ল্যাঙ্কের ক্ষেত্রে একবারে ২০ থেকে ৩০ সেকেন্ড ধরে রাখার লক্ষ্য নির্ধারণ করা যায়। নিয়মিত অনুশীলনে প্রায় ৩০ দিনের মধ্যে উন্নতি চোখে পড়তে পারে। তবে ফলাফল ব্যক্তির শারীরিক অবস্থা, ব্যায়ামের নিয়মিততা ও খাবারের ওপর নির্ভর করে।
একই ব্যায়াম সহজ মনে হতে শুরু করলে ধীরে ধীরে পাঁচটি করে পুনরাবৃত্তি বাড়ানো, ডাম্বেলের ওজন বাড়ানো কিংবা স্কোয়াট ও লাঞ্জেসের মতো ব্যায়ামে লাফ যুক্ত করে অনুশীলনকে কঠিন করা যায়। নির্দিষ্ট সংখ্যার পরিবর্তে নির্দিষ্ট সময় ধরে ব্যায়াম করার পদ্ধতিও অনুসরণ করা যেতে পারে।
ইএইচআর/ সিটি/ ডিসি









