শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

এআইয়ের হাতে রাষ্ট্রক্ষমতা দেওয়া ভয়ংকর সিদ্ধান্ত: অ্যানথ্রপিকের সিইও

এআইয়ের হাতে রাষ্ট্রক্ষমতা দেওয়া ভয়ংকর সিদ্ধান্ত: অ্যানথ্রপিকের সিইও
প্রতীকী ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) হাতে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা তুলে দেওয়াকে ভয়ংকর সিদ্ধান্ত বলে সতর্ক করেছেন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেই। তাঁর মতে, এআই দিয়ে জটিল কাজ করানো এবং রাষ্ট্র পরিচালনার নিয়ন্ত্রণ প্রযুক্তিটির হাতে ছেড়ে দেওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়। এআইয়ের ব্যবহার অবশ্যই বৈধ গণতান্ত্রিক প্রক্রিয়ার আওতায় থাকতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন আমোদেই। তাঁর এই মন্তব্যের পর এআইয়ের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ ও মানবজাতির ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে দাবি করা হয়, অ্যানথ্রপিকের ভেতরে এআইয়ের হাতে কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হস্তান্তরের বিষয়ে একধরনের ঐকমত্য রয়েছে। ওই প্রতিবেদনের জবাবে আমোদেই বলেন, তিনি যদি এ ধরনের ধারণাকে ভালো মনে করতেন, তাহলে প্রকাশ্যেই এর পক্ষে কথা বলতেন। কিন্তু এআইয়ের হাতে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা তুলে দেওয়াকে তিনি ভয়াবহ ধারণা বলে মনে করেন।

আমোদেইয়ের বক্তব্যে কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা এবং কৃত্রিম অতিমানবীয় বুদ্ধিমত্তা নিয়েও আলোচনা সামনে এসেছে। কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা বলতে এমন প্রযুক্তিকে বোঝায়, যা মানুষের সমপর্যায়ের বা তার চেয়ে বেশি সক্ষমতা অর্জন করতে পারে। অন্যদিকে কৃত্রিম অতিমানবীয় বুদ্ধিমত্তা মানুষের সর্বোচ্চ বুদ্ধিবৃত্তিক সক্ষমতাকেও ছাড়িয়ে যেতে পারে।

প্রযুক্তি জগতে দীর্ঘদিন ধরেই এ নিয়ে বিতর্ক চলছে। এক পক্ষ মনে করছে, এআই চিকিৎসা, বিজ্ঞান, পরিবহন ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। অন্যদিকে নিরাপত্তা বিশেষজ্ঞদের আশঙ্কা, যথাযথ নিয়ন্ত্রণ না থাকলে উন্নত এআই ব্যবস্থা একসময় মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

বিশেষ করে এআই নিজেই নিজের সক্ষমতা বাড়ানোর প্রক্রিয়া শুরু করলে ঝুঁকি আরও বাড়তে পারে। এ প্রক্রিয়াকে বলা হয় পুনরাবৃত্তিমূলক স্বউন্নয়ন। এতে মানুষের সরাসরি সহায়তা ছাড়াই কোনো এআই ব্যবস্থা নিজের সক্ষমতা ও কার্যকারিতা ক্রমাগত উন্নত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে আমোদেই এআইয়ের সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করেননি। তাঁর মতে, এআইকে দিয়ে নির্দিষ্ট ও জটিল কাজ করানো এবং বিশ্ব পরিচালনার দায়িত্ব প্রযুক্তিটির হাতে তুলে দেওয়া এক বিষয় নয়।

তিনি উদাহরণ দিয়ে বলেন, এআই দিয়ে গাড়ি চালানো, ক্যানসারের ওষুধ তৈরি কিংবা শুরু থেকে শেষ পর্যন্ত সফটওয়্যার নির্মাণ করানো যেতে পারে। এসব ক্ষেত্রে এআইয়ের ব্যবহার অর্থনৈতিকভাবে মূল্যবান হওয়ার পাশাপাশি মানুষের জন্য বড় ধরনের সুফল বয়ে আনতে পারে।

আমোদেই আরও বলেন, সফটওয়্যার, চিকিৎসা, পরিবহন ও জ্বালানিসহ বিভিন্ন খাতে এআই গুরুত্বপূর্ণ অগ্রগতি আনতে পারে। অনেক ক্ষেত্রে এ প্রযুক্তির ব্যবহার মানুষের জীবন বাঁচাতেও সহায়তা করবে। তবে এর নেতিবাচক দিকও রয়েছে। তাই সব ক্ষেত্রে এআইয়ের ব্যবহার উপযুক্ত হবে, এমনটা মনে করার কারণ নেই।

অন্যদিকে অ্যাক্সিওসের প্রতিবেদনে নাম প্রকাশ না করা সূত্রের বরাতে বলা হয়, আমোদেই ও অ্যানথ্রপিকের অন্য নির্বাহীদের মধ্যে এমন ধারণা রয়েছে যে, যেসব কাজ এআই মানুষের চেয়ে ভালো করতে পারে, সেসব ক্ষেত্রে প্রযুক্তিটির হাতে কর্তৃত্ব না দেওয়াটা অযৌক্তিক, এমনকি অনৈতিকও হতে পারে। বিশেষ করে রোগ নিরাময়ের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এ বিষয়টি প্রযোজ্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আল জাজিরা।

এসআইবি/ সিটি

নির্মাণ : REM Technology