বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
মেডিক্যাল ভর্তি পরীক্ষা: বিদেশি শিক্ষাক্রমে উত্তীর্ণদের নম্বর সমতাকরণ আবেদন শুরু
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষায় অংশ নিতে বিদেশি শিক্ষাক্রমে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশি শিক্ষার্থীদের নম্বর সমতাকরণ সনদের জন্য আবেদনের সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দুপুর ১টা পর্যন্ত এ আবেদন করা যাবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২০২৭ খ্রি. শিক্ষাবর্ষে বাংলাদেশের সরকারি ও অনুমোদিত বেসরকারি মেডিক্যাল কলেজ-ডেন্টাল কলেজ-মেডিক্যাল কলেজ ডেন্টাল ইউনিটগুলো এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাংলাদেশি আবেদনকারি যারা বিদেশি শিক্ষা কার্যক্রমে এসএসসি ও এইচএসসি এর সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং মার্কশিটগুলো বাংলাদেশের প্রচলিত জিপিএ-তে রূপান্তর করে 'নম্বর সমতাকরণ সনদপত্র' (ইকুইভ্যালেন্স সার্টিফিকেট) গ্রহণে আগ্রহী তাদেরকে আগামী ২৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দুপুর ১টা পর্যন্ত সময় পর্যন্ত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এর চিকিৎসা শিক্ষা শাখায় (স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনের ২য় তলায় অবস্থিত ২০৪ নং কক্ষে) নম্বর সমতাকরণের আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।
শর্তাবলী: আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। ২০২৬-২০২৭ খ্রি. শিক্ষাবর্ষে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক আবেদনকারিকে ২০২৫ খ্রিষ্টাব্দ অথবা ২০২৬ খ্রিষ্টাব্দ এইচএসসি-এ' লেভেল সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে। ২০২৩ খ্রিষ্টাব্দের আগে এসএসসি-ও' লেভেল সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।
আবেদনকারীকে এসএসসি বা ও লেভেল বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি বা এ লেভেল বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ অবশ্যই পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পাঠ্য বিষয় থাকতে হবে। আবেদনকারীকে দুটি পরীক্ষায় মোট জিপিএ ৮.৫০ হতে হবে এবং এইচএসসি বা এ লেভেল সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (বায়োলজি) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.৫০ বা এ-মাইনাস থাকতে হবে।
পশ্চাৎপদ জনগোষ্ঠী অর্থাৎ সব ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে দুটি পরীক্ষায় মোট জিপিএ ৮ হতে হবে এবং এইচএসসি বা এ লেভেল সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (বায়োলজি) জিপিএ ৩ পয়েন্ট থাকতে হবে।
আবেদনকারীদের নম্বর সমতাকরণের ক্ষেত্রে নম্বরপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে নিউমেরিক্যাল গ্রেড বা অ্যালফাবেটিক গ্রেড বিবেচনা করা হবে। দেশি শিক্ষার্থীদের মধ্যে যারা ও লেভেল ও এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জাতীয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক, তাদের নম্বরপত্র ও সনদের ইস্যুকারী কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে।
আবেদনকারীদের নম্বর সমতাকরণের আবেদন যথাযথভাবে পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিয়ে আইডি নম্বর সংগ্রহ করতে হবে। ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনের সময় এ আইডি নম্বর প্রয়োজন হবে। আবেদন ফরম বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত রয়েছে এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (ডিজিএমই ডট গভ ডট বিডি) পাওয়া যাবে। যথাযথভাবে আবেদন পূরণ না করা হলে বা আনুষঙ্গিক কাগজপত্র অসম্পূর্ণ থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
আবেদনপত্র দাখিলের সময় মূল একাডেমিক সনদ ও নম্বরপত্র দেখাতে হবে। বাংলাদেশি নাগরিক, যারা বিদেশ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের ও লেভেল ও এ লেভেল বা সমমান পরীক্ষার সনদ ও নম্বরপত্রের অনুলিপি সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাস অথবা বাংলাদেশে অবস্থিত ওই দেশের দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত বা ভেরিফায়েড হতে হবে।
নম্বর সমতাকরণ ফি দুই হাজার টাকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) বরাবর পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের নাম: ডিরেক্টর, মেডিক্যাল এডুকেশন, ডিজিএমই, মহাখালী, ঢাকা, বাংলাদেশ।
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির জাতীয় নীতিমালা অনুযায়ী নম্বর সমতাকরণ সনদ (ইকুইভ্যালেন্স সার্টিফিকেট) করতে হবে। নম্বর সমতাকরণ-সংক্রান্ত বিষয়ে সমতা নির্ধারণী কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
নম্বর সমতাকরণের জন্য আবেদনপত্রের সঙ্গে যেসব দলিলাদি দাখিল করতে হবে: এসএসসি বা ও লেভেল বা সমমান এবং এইচএসসি বা এ লেভেল বা সমমান পরীক্ষার পাসের মূল সনদপত্র ও মূল নম্বরপত্র। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক সব সনদ ও নম্বরপত্রের সত্যায়িত অনুলিপি। জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ বা পাসপোর্টের (প্রযোজ্য ক্ষেত্রে) অনুলিপি। সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি। নম্বর সমতাকরণ ফি দেয়ার প্রমাণ হিসেবে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার।
ইএইচআর/ বিএন/ ডিসি









