বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

আজ বিশ্ব কেক দিবস, কীভাবে এল দিনটি

আজ বিশ্ব কেক দিবস, কীভাবে এল দিনটি
প্রতীকী ছবি

জন্মদিন থেকে বিয়ের অনুষ্ঠান—আনন্দের আয়োজনে কেক যেন অবিচ্ছেদ্য অংশ। বিশেষ দিনকে আরও আনন্দময় করে তুলতে প্রিয়জনদের সঙ্গে কেক কাটার রীতি এখন বেশ জনপ্রিয়। কেকের প্রতি মানুষের এই ভালোবাসাকে ঘিরে প্রতিবছর ২৬ নভেম্বর পালিত হয় বিশ্ব কেক দিবস।

অনেক দেশে দিনটি ‘জাতীয় কেক দিবস’ হিসেবেও পরিচিত। তবে দেশভেদে কেক দিবস পালনের তারিখে ভিন্নতা রয়েছে। কিছু দেশে ২০ জুলাইও কেক দিবস পালন করা হয়। কেকের ইতিহাস বেশ পুরোনো। প্রাচীন গ্রিস ও মিসরে মধু ও বাদাম দিয়ে এক ধরনের মিষ্টি খাবার তৈরি করা হতো। অনেকে মনে করেন, সেখান থেকেই কেক তৈরির প্রচলন শুরু হয়।

‘কেক’ শব্দটির উৎপত্তি প্রাচীন নর্স শব্দ ‘কাকা’ থেকে। অন্যদিকে, রোমান শাসনামলে কেকজাতীয় খাবার ‘প্ল্যাসেন্টা’ নামে পরিচিত ছিল। ইউরোপে ধীরে ধীরে আধুনিক গোলাকার ও আইসিংযুক্ত কেকের প্রচলন শুরু হয়।

সময়ের সঙ্গে কেক তৈরির উপকরণ ও পদ্ধতিতে পরিবর্তন আসে। একপর্যায়ে ডিম, ময়দা, চিনি ও মাখনের ব্যবহার বাড়তে থাকে। ওভেনের ব্যবহার কেককে আরও নরম ও সুস্বাদু করে তোলে।

জন্মদিনে কেক কাটার রীতিও বেশ পুরোনো। অষ্টাদশ শতাব্দীতে জার্মানিতে শিশুদের জন্মদিনে কেক সাজিয়ে মোমবাতি জ্বালানোর প্রচলন ছিল। শিশুর বয়স অনুযায়ী কেকের ওপর মোমবাতি রাখা হতো।

পরে এই রীতি ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে জন্মদিন উদযাপনের অন্যতম অংশ হয়ে ওঠে কেক কাটা। বর্তমানে জন্মদিন মানেই কেক কাটা আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া।

স্বাদ ও পছন্দের ওপর নির্ভর করে কেকের রয়েছে নানা ধরন। চকলেট কেক, ব্ল্যাক ফরেস্ট কেক, চিজকেক, স্পঞ্জ কেক, রেড ভেলভেট কেক ও ক্যারট কেকের মতো বিভিন্ন ধরনের কেকের জনপ্রিয়তা রয়েছে।

বিশ্ব কেক দিবসে নিজের পছন্দের কেক কিনে পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন। চাইলে ঘরেই তৈরি করতে পারেন চকলেট, ভ্যানিলা কিংবা অন্য কোনো পছন্দের কেক। এ ছাড়া প্রিয়জনদের কেক উপহার দিয়েও দিনটি উদযাপন করতে পারেন। ছোট্ট এই আয়োজনের মধ্য দিয়ে কাছের মানুষদের সঙ্গে ভাগ করে নিতে পারেন আনন্দ।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology