বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে নওগাঁয় জামায়াতের বিক্ষোভ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে নওগাঁয় জামায়াতের বিক্ষোভ
নওগাঁয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও নৈরাজ্যের অভিযোগ তুলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশ থেকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে সংস্কারের দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল চারটার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ শহরে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড়ের শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, জেলা নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম সায়েম, নওগাঁ পৌরসভা জামায়াতের আমির অ্যাডভোকেট আসাদুল্লাহ আল গালিব এবং সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম। সমাবেশ সঞ্চালনা করেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দীন।

সভাপতির বক্তব্যে মাওলানা মাহফুজুর রহমান বলেন, গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই ফ্যাসিবাদের পথ বন্ধ করা সম্ভব। তাঁর অভিযোগ, সরকার ও সরকারদলীয় কিছু ব্যক্তির আশ্রয়-প্রশ্রয়ে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে।

তিনি বলেন, যারা একটি থানা বা জেলার শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, এমনকি নিজেদের দলের সংসদ সদস্যদের বাসাবাড়ির নিরাপত্তাও দিতে পারে না, তাদের পক্ষে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের বিষয়ে জামায়াতের এই নেতা বলেন, অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল রাষ্ট্রের সর্বস্তরে সংস্কার নিশ্চিত করা। এর মাধ্যমে সংসদ, সংবিধান ও রাষ্ট্রব্যবস্থায় এমন কাঠামো প্রতিষ্ঠার কথা ছিল, যাতে ভবিষ্যতে স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি না ঘটে।

সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি আরও বলেন, নির্বাচনের আগে গণভোট ও সংস্কারের পক্ষে অবস্থান নিলেও ক্ষমতায় আসার পর সরকার ভিন্ন পথে হাঁটছে।

প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগ তুলে মাহফুজুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে দলীয় নেতাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে। যে বৈষম্যের বিরুদ্ধে তাঁরা আন্দোলন করেছিলেন, এখন সেই বৈষম্যই দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

ভবিষ্যৎ রাজনৈতিক ঐক্যের প্রসঙ্গে জেলা জামায়াতের আমির বলেন, আগামীতে কোনো রাজনৈতিক ঐক্য হলে তার ভিত্তি হতে হবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনা ও জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন। এর বাইরে অন্য কোনো ভিত্তিতে ঐক্য হতে পারে না।

সমাবেশে অন্যান্য বক্তারাও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং রাষ্ট্রীয় সংস্কারের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology