বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ‘ট্যাগ’ দিয়ে মাদ্রাসা ছাত্রকে পুলিশে দিল বিএনপি নেতাকর্মীরা
নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতা ‘ট্যাগ’ দিয়ে দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার এক ছাত্রকে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে পল্টন থানা পুলিশের বিরুদ্ধে। গত ১৮ নভেম্বর রাতে গুলিস্তানের জিপিও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে তাকে কারাগারে প্রেরণ করা হয়। মাদ্রাসা শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় থাকার প্রমাণ দেওয়া সত্ত্বেও তাকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ দারুন্নাজাতের সাবেক-বর্তমান শিক্ষার্থীদের।
অপরদিকে পুলিশের দাবি, নথিপত্রে তাকে পুলিশের অভিযানে গ্রেপ্তারের কথা বলা হলেও প্রকৃতপক্ষে বিএনপি নেতাকর্মীরা ‘মব’ সৃষ্টি করে কয়েকজনকে পুলিশের হাতে সোপর্দ করে, যার মধ্যে ওই শিক্ষার্থীও ছিলেন। প্রাথমিক তদন্তে তার আওয়ামী লীগ সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
ভুক্তভোগী রিয়াজুল ইসলাম দারুন্নাজাত মাদ্রাসার আলিম (উচ্চমাধ্যমিক) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার তেমুরিয়া গ্রামের আব্দুল মতিন ও হালিমা বেগম দম্পতির ছেলে। আদালতে প্রেরণের ফরোয়ার্ডিং রিপোর্টে তাকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সাথে ঠিকানা লেখা হয়েছে— ‘দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা (তাখসিসি শাখা), ডেমরা, ঢাকা।’
ফরোয়ার্ডিং রিপোর্টে তাকে ২০২৫ সালের ১৪ নভেম্বর পল্টন মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় দায়েরকৃত একটি মামলার (নং-৩৬) ২ নম্বর আসামী হিসেবে উল্লেখ করা হয়েছে। তার সঙ্গে গ্রেপ্তারকৃত আরও দুজনকে আদালতে প্রেরণ করা হয়।
তারা হলেন—মো. মারুফ বিল্লাহ (২৪) ও মো. আসিফ ইকবাল (২৯)। এর মধ্যে মারুফ বিল্লাহ পটুয়াখালীর গলাচিপা উপজেলার শুহরী ২য় খণ্ড গ্রামের আব্দুর রাজ্জাক ফারুকীর ছেলে এবং বর্তমানে ঢাকার ভাটারা থানার ১০০ ফিট এলাকায় বসবাস করেন বলে উল্লেখ করা হয়েছে। একই সাথে বলা হয়েছে, তিনি কেন্দ্রীয় ছাত্রলীগ সাইবার ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক।
আর আসিফ ইকবাল নওগাঁ সদর উপজেলার চকবিরাম গ্রামের আবু বক্কর ও মোসা. মাবিয়া আক্তার দম্পতির ছেলে এবং বর্তমানে ঢাকার উত্তরার আজমপুর এলাকায় বসবাস করেন। ফরোয়ার্ডিং রিপোর্টে তাকে ছাত্রলীগ কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।
তাকে পুলিশ ধরেনি। তাকে ধরছে কে? আপনার আওয়ামী লীগ অফিসের সামনে থেকে বিএনপির লোকজন ধরে নিয়ে আসছে— মো. নাজমুল হোসেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপ-পরিদর্শক, পল্টন থানা
এতে বলা হয়েছে, ধৃত আসামিরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য এবং বিভিন্ন মিছিলে অংশ নিয়ে আসছিলেন। ২০২৫ সালের ১৩ নভেম্বর সন্ধ্যায় পল্টন মডেল থানাধীন গুলিস্তান জিপিও-এর পশ্চিম পাশে তারা রাষ্ট্রবিরোধী স্লোগান ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনায় সমবেত হলে পুলিশ অভিযান চালায়। সে সময় পুলিশ ও স্থানীয় জনগণের সহায়তায় এজাহারনামীয় কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হলেও অনেকে পালিয়ে যান এবং তার পর থেকে পলাতক ছিলেন।
এদিকে দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ছাত্রকে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা ট্যাগ দিয়ে গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ জানাচ্ছেন প্রতিষ্ঠানটির সাবেক-বর্তমান শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, মাদ্রাসার পরিচয় প্রদান এবং জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকার প্রমাণ দেওয়া সত্ত্বেও উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠানটির অ্যালামনাইদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ডিএসকেএম’ এক বিবৃতিতে তার মুক্তির দাবি জানিয়েছে। সংগঠনটির সাধারণ সম্পাদক মুহাম্মদ মুঈনুদ্দিন গাউছ স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘গ্রেপ্তারের সময় রিয়াজুল মাদ্রাসার পোশাকে ছিলেন এবং বারবার নিজের পরিচয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের কথা জানিয়েছেন। তিনি একজন সংগীতশিল্পী; জুলাই গণঅভ্যুত্থান ও দেশপ্রেম নিয়ে তার সংগীতও রয়েছে। নিজের পরিচয়ের সমর্থনে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উপস্থাপন করার পরও মামলার এজাহারে তাকে ছাত্রলীগের সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে।’
জাস্ট এজাহারটা একটু পড়ে দেখেন। কি গাজাখুরি গল্প লিখছে। ইনফর্মালি শুনলাম ছেলেটার একটা ভাস্কর্য বিরোধী সংগীত শুনে পুলিশ তাকে রাষ্ট্রবিরোধী এবং ছাত্রলীগ নেতা হিসেবে চিহ্নিত করেছে। তাই তাকে লীগের মিছিল এবং নাশকতা মামলায় আসামি বানিয়ে দিয়েছে। অথচ এর বিপরীতে ছেলেটা বিভিন্নভাবে প্রমাণ করেছে সে কোনোভাবেই জড়িত না— সাখাওয়াত জাকারিয়া, দারুন্নাজাত মাদ্রাসার সাবেক ছাত্র ও আইন বিষয়ক সম্পাদক, ডাকসু
বিবৃতিতে তার মুক্তির এবং মিথ্যা মামলায় জড়ানোর ঘটনায় তদন্ত করে দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যাবহারের কারণে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে দারুন্নাজাত মাদ্রাসার সাবেক ছাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর আইন সম্পাদক সাখাওয়াত জাকারিয়া লিখেছেন, ‘একটা ছেলে পুরোদস্তুর মাদ্রাসা ড্রেস পরা। বারবার বলেছে সে দারুননাজাতে আলিমে (এইচএসসি) ২য় বর্ষের ছাত্র। নিজে সংগীত শিল্পী। এমনকি জুলাই নিয়েও ছেলেটার সংগীত আছে। সেটাও দেখাইছে। সবকিছু দেখানোর পরেও পুলিশের মনে হইছে ছেলেটা ছাত্রলীগ নেতা। ছাত্রলীগের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক। তাও নাকি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের। ঠিকানা দেখেন লিখছে দারুন্নাজাত তাখসিসি শাখা। এতটুকু প্রয়োজন বোধ করেনি একটু খোঁজ নিয়ে দেখার। সরাসরি দুই নং আসামি বানিয়ে কোর্টে চালান করে দিয়েছে।’
তিনি লিখেছেন, ‘জাস্ট এজাহারটা একটু পড়ে দেখেন। কি গাজাখুরি গল্প লিখছে। ইনফর্মালি শুনলাম ছেলেটার একটা ভাস্কর্য বিরোধী সংগীত শুনে পুলিশ তাকে রাষ্ট্রবিরোধী এবং ছাত্রলীগ নেতা হিসেবে চিহ্নিত করেছে। তাই তাকে লীগের মিছিল এবং নাশকতা মামলায় আসামি বানিয়ে দিয়েছে। অথচ এর বিপরীতে ছেলেটা বিভিন্নভাবে প্রমাণ করেছে সে কোনোভাবেই জড়িত না।’
গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির এমফিল গবেষক আব্দুল আহাদ ক্যাম্পাস টাইমসকে বলেন, গ্রেপ্তারের সময় রিয়াজুল মাদ্রাসার পোশাক পরা ছিল। নিজের পরিচয় ও প্রমাণ দেখানোর পরও পুলিশ কোনো যাচাই-বাছাই ছাড়াই তাকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা ট্যাগ দিয়ে নাশকতার মিথ্যা মামলায় ২ নম্বর আসামি হিসেবে কোর্টে চালান করে দিয়েছে।
তিনি বলেন, যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি, জুলাই স্মৃতি জাদুঘরে ভাস্কর্য নির্মাণ নিয়ে তিনি একটি গান গেয়েছিলেন, যেখানে ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করা হয়েছিল এবং উদাহরণ হিসেবে বলেছিলেন যে— জুলাইয়ে আমরা শেখ মুজিবের ভাস্কর্য ভাঙলাম, এখন তাহলে কেন আবার ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। হতে পারে সেখানে শেখ মুজিবের প্রসঙ্গ নিয়ে আসা ঠিক হয়নি, কিন্তু গানটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভাস্কর্যের বিরোধিতা করে লেখা। এখন পুলিশ সম্ভবত এই গানটি মিস-ইন্টারপ্রিট করে রাষ্ট্রবিরোধী ও ছাত্রলীগ নেতা হিসেবে চিহ্নিত করে এই হয়রানি করেছে।
পুলিশের ফরোয়ার্ডিং রিপোর্টে বিশ্বস্ত সোর্সের দেওয়া তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে, ‘সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে গত ১৮ নভেম্বর রাত ৮টা ৩০ মিনিটের সময় পল্টন মডেল থানাধীন গুলিস্তান শহীদ আবরার ফাহাদ এভিনিউ-এর নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করে নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করলে তারা উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে। এই আসামিরা অস্ত্র মামলার ঘটনার সাথে জড়িত মর্মে প্রাথমিকভাবে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। ধৃত আসামিসহ অপরাপর আসামি পরস্পর যোগসাজশে দেশের আইনশৃঙ্খলা বিনষ্টসহ বড় ধরনের অঘটন ঘটানোর জন্য ঘটনার তারিখ ও সময়ে ঘটনাস্থলে উপস্থিত থেকে রাষ্ট্রবিরোধী স্লোগান প্রদান ও সমাবেশ আয়োজনের চেষ্টা করছিল।’
তৃতীয় আসামি আসিফ ইকবালকে আটকের সময় ধস্তাধস্তিতে রাস্তায় পড়ে সামান্য আহত হয় বলেও উল্লেখ করা হয়েছে ফরোয়ার্ডিং রিপোর্টে। এতে আরও বলা হয়েছে, তাকে প্রাথমিক চিকিৎসাও প্রদান করা হয়েছে।
তবে জানতে চাইলে পল্টন থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. নাজমুল হোসেনের দাবি, পুলিশ তাদের গ্রেপ্তার করেনি। বরং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ‘মব সৃষ্টি করে’ ধরে কয়েকজনকে পুলিশে সোপর্দ করেছে, যার মধ্যে তিনিও আছেন।
যাদের বিরুদ্ধে কোনো কিছু পাওয়া যায় না, পাবলিক ধরে দিলেও তাদের কোনো কিছু পাওয়া না গেলে নিরাপরাধ লোককে আমরা ছেড়ে দিই। নিরাপরাধ লোক কেউ জেলে যাবে কেন? আর যার বিরুদ্ধে যতটুকু আছে, ততটুকুই আমরা চেষ্টা করি, ওটুকুই করা যায়, আইনমাফিক— আরিফুল আলম, ওসি, পল্টন থানা
এসআই নাজমুল হোসেন ক্যাম্পাস টাইমসকে বলেন, রিয়াজুলকে আমরা ধরে নিয়ে আসিনি। মূলত আওয়ামী লীগ সন্দেহে ওনাদের চার-পাঁচজনকে মব সৃষ্টি করে পাবলিকে ধরে পুলিশে সোপর্দ করেছে। তাদের সন্দেহ কোনো জায়গায় মিলে গেছে, তখন তারা আওয়ামী লীগের অফিসের সামনে থেকে তাদেরকে ধরে এনেছে। পরে পল্টন থানায় সোপর্দ করলে যাচাই-বাছাই হওয়ার পরে সিদ্ধান্ত আসলো যে ওই মামলায় চালান হবে। আমি শুধু ওই মামলায় ওনাকে চালান দিয়েছি। আমাদের প্রাথমিক তদন্তে কিছু সংযুক্ততা পাওয়া গেছে।
তিনি বলেন, তাকে পুলিশ ধরেনি। তাকে ধরছে কে? আপনার আওয়ামী লীগ অফিসের সামনে থেকে বিএনপির লোকজন ধরে নিয়ে আসছে।
তদন্তকারী কর্মকর্তা আরও বলেন, তাকে ছাড়ানোর জন্য মাদ্রাসার অনেক স্টুডেন্ট আসছিল। ওদের সাথে আটক হওয়া আরেকজন মাদ্রাসার স্টুডেন্ট ছিল, তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু রিয়াজুলকে ছাড়া হয়নি, কারণ তার সামথিং রং।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম ক্যাম্পাস টাইমসকে বলেন, তদন্ত কর্মকর্তাসহ আমরা সবাই মিলে প্রাথমিক তদন্ত করেছি। সেখানে যতটুকু পাওয়া গেছে, তার ভিত্তিতে কোর্টে দেওয়া হয়েছে। তবে এর তদন্ত চলমান আছে। আইন অনুযায়ী তদন্ত হবে। এটা নিষ্পত্তি যতক্ষণ না শেষ হয়, ততক্ষণ তদন্ত চলমান।
নিরাপরাধ কেউ হয়রানির শিকার হবে না উল্লেখ করে তিনি বলেন, কেউ তো আর আমাদের শত্রু না, কারো আক্রোশমূলক কোনো কিছু দেওয়ার কথা না। কারণ এটা আইনগত ব্যাপার। এমন হয়— যাদের বিরুদ্ধে কোনো কিছু পাওয়া যায় না, পাবলিক ধরে দিলেও তাদের কোনো কিছু পাওয়া না গেলে নিরাপরাধ লোককে আমরা ছেড়ে দিই। নিরাপরাধ লোক কেউ জেলে যাবে কেন? আর যার বিরুদ্ধে যতটুকু আছে, ততটুকুই আমরা চেষ্টা করি, ওটুকুই করা যায়, আইনমাফিক।
ইএইচআর/ সিটি/ ডিসি









