বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

চলন্ত মোটরসাইকেলে বসেই অবিশ্বাস্য ক্যাচ, পুরস্কার পেলেন সেই মেহরান

চলন্ত মোটরসাইকেলে বসেই অবিশ্বাস্য ক্যাচ, পুরস্কার পেলেন সেই মেহরান
মেহরান খান

মাঠের বাইরে তখন ছুটে যাচ্ছিল একটি মোটরসাইকেল। পেছনের আসনে বসা আরোহীর চোখ মাঠের দিকে। ঠিক সেই সময় ব্যাটারের হাঁকানো বিশাল ছক্কা উড়ে আসে সেদিকে। মুহূর্তের মধ্যেই এক হাতে বলটি তালুবন্দী করেন তিনি। আর এভাবেই অবিশ্বাস্য এক ক্যাচ ধরে রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমে তারকা বনে যান পাকিস্তানের মেহরান খান।

ঘটনাটি পাকিস্তানের সোয়াত প্রিমিয়ার লিগের। মিনগোরায় একটি ম্যাচ চলাকালে মাঠের পাশের সড়ক দিয়ে যাচ্ছিলেন মেহরান। ব্যাটার আবরার লালার মারা ছক্কাটি মাঠ ছাড়িয়ে চলে আসে সড়কের দিকে। তখন বন্ধুর চালানো মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন মেহরান। বলটি নিজের দিকে আসতে দেখে চালক বন্ধুকে মাথা নিচু করতে বলেন। এরপর চলন্ত বাইকে বসেই এক হাতে ক্যাচটি ধরে ফেলেন তিনি।

পুরো ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। মুহূর্তেই সেটি নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। তবে নিজেও যে এমন কিছু করে ফেলবেন, তা ভাবেননি মেহরান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সত্যি বলতে, ক্যাচটা আমি যে নিতে পারব, তা ভাবিনি।’

পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে চাকরি করেন মেহরান। সেদিন কাজ শেষে বাড়ি ফেরার পথেই ঘটে এই ঘটনা। ক্রিকেটের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি ক্রিকেটের বড় ভক্ত। নিজে খেলি, খেলাও দেখি। দেখলাম উইকেটে আছেন আবরার লালা। এরপরই তিনি বিশাল ছক্কা হাঁকালেন। আমি তখন বাইকচালক বন্ধুকে মাথা নিচু করতে বলি, যাতে ক্যাচটি নিতে পারি। চেষ্টা করেছিলাম ঠিকই, কিন্তু বলটি শেষ পর্যন্ত ধরতে পারব, এমন আশা ছিল না। ভেবেছিলাম বলটি কাছাকাছি কোথাও পড়বে। তবে সৃষ্টিকর্তার কৃপায় ক্যাচটি নিতে পেরেছি।’

অবিশ্বাস্য এই কীর্তির স্বীকৃতিও পেয়েছেন মেহরান। ক্যাচটি ধরার পরপরই সোয়াত প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ তার জন্য ১০ হাজার পাকিস্তানি রুপি পুরস্কার ঘোষণা করে। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয় এই অর্থ।

তবে ক্যাচের ভিডিও যে এত দ্রুত ভাইরাল হয়ে যাবে, তা কল্পনাও করেননি পাকিস্তানের মারঘাজারের এই বাসিন্দা। মেহরানের ভাষায়, ‘ভিডিওটি এক রাতের মধ্যেই ভাইরাল হয়ে যায়। প্রথম দিকে আমি এ বিষয়ে কিছুই জানতাম না।’

ক্যাচটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনার মধ্যে একটি বিষয়ও পরিষ্কার করেছেন তিনি। বলটি নিজের কাছে রেখে দেওয়ার যে কথা ছড়িয়েছে, তা সত্য নয়। মেহরান বলেন, ‘অনেকে বলছেন, আমি নাকি বলটি নিয়ে চলে গিয়েছিলাম। কথাটি একেবারেই ভুল। ক্যাচ নেওয়ার পরপরই আমি বলটি ফেরত দিয়েছি।’

ক্রিকেট মাঠে দর্শক কিংবা মাঠের বাইরের মানুষের অবিশ্বাস্য ক্যাচ ধরার ঘটনা অবশ্য নতুন নয়। ১৯৮৭ সালে অস্ট্রেলিয়ায় একটি ম্যাচে ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার ইয়ান বোথামের মারা ছক্কা এক ক্যামেরাম্যান অনায়াসে ধরে ফেলেছিলেন। মজার বিষয়, ক্যাচটি নেওয়ার সময় তার মুখে ছিল জ্বলন্ত সিগারেট।

এরপর ২০১৪ সালে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে গ্যালারির ঢাল বেয়ে গড়িয়ে পড়ার সময় এক হাতে ক্যাচ ধরেছিলেন এক দর্শক। আর গত বছর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে দুই হাতে পানীয়ের ক্যান ধরে রেখেও এক হাতে ছক্কা তালুবন্দী করে আলোচনায় আসেন আরেক দর্শক।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology