রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

ছাত্রদলের আন্দোলনের মুখে রাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যক্রম স্থগিত

ছাত্রদলের আন্দোলনের মুখে রাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যক্রম স্থগিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রকাশিত ক্রোড়পত্রে শেখ হাসিনার নামের আগে ‘ফ্যাসিস্ট’ শব্দ ব্যবহার না করা এবং ২০০৬ খ্রিষ্টাব্দের লগি-বৈঠা আন্দোলনের ঘটনাকে সাধারণীকরণের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আলোচনা সভা বর্জন করেছে শাখা ছাত্রদল। পরে শিক্ষক ফোরামের কার্যক্রম স্থগিতসহ কয়েকটি দাবিতে আন্দোলনে নামেন সংগঠনটির নেতাকর্মীরা। তাদের দাবির মুখে জরুরি কার্যনির্বাহী কমিটির সভা করে কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক ফোরাম।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এই কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করে। ছাত্রদলের আন্দোলনের মুখে জরুরি কার্যনির্বাহী কমিটির সভা ডেকে সংগঠনের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেয় শিক্ষক ফোরাম। তবে শিক্ষক ফোরামের একাংশের দাবি, ছাত্রদলের এই আন্দোলন মূলত তাদের সংগঠনের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।

ছাত্রদল ও শিক্ষক ফোরাম সূত্রে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন এবং একটি ক্রোড়পত্র প্রকাশ করে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। ক্রোড়পত্র প্রকাশের পর এতে শেখ হাসিনার নামের আগে ‘ফ্যাসিস্ট’ শব্দ ব্যবহার না করা এবং ২০০৬ খ্রিষ্টাব্দের লগি-বৈঠা আন্দোলনের তাণ্ডবের ঘটনাকে সাধারণীকরণের অভিযোগ তোলে ছাত্রদল। এ প্রতিবাদে তারা আলোচনা সভা বর্জন করে।

পরে আলোচনা সভা শেষে শিক্ষকরা বিশ্ববিদ্যালয় ক্লাব ভবন জুবেরীতে যান। এ সময় ভবনের সামনে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। ক্রোড়পত্র লেখার দায়িত্বে থাকা শিক্ষকদের বহিষ্কার এবং শিক্ষক ফোরামের কার্যক্রম স্থগিতসহ কয়েকটি দাবিতে তারা স্লোগান দেন।

একপর্যায়ে ছাত্রদলের দাবির মুখে জরুরি কার্যনির্বাহী কমিটির সভা করে শিক্ষক ফোরামের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক গোলাম ছাদিক বলেন, আমাদের ক্রোড়পত্রে কিছু বিভ্রাট ছিল। এ জন্য আমরা দুঃখও প্রকাশ করেছি। তারপরও তাদের দাবির মুখে জরুরি কার্যনির্বাহী সভা করে কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিতে হয়েছে।

তিনি আরও বলেন, আমরা দুঃখ প্রকাশ এবং লেখার দায়িত্বে থাকা শিক্ষকদের বহিষ্কারের নিশ্চয়তা দেওয়ার পরও কেন সংগঠন বিলুপ্তির দাবি করা হলো, তা আমার কাছে পরিষ্কার নয়।

অন্যদিকে ছাত্রদলের অভিযোগ, শিক্ষক ফোরামের সঙ্গে জামায়াতপন্থী শিক্ষকদের যোগসাজশ রয়েছে। সংগঠনটির দায়িত্বে থাকা অনেক শিক্ষক পরবর্তী সময়ে জামায়াতের রাজনীতিতে সক্রিয় হয়েছেন। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গেও তাদের যোগসাজশ রয়েছে বলে দাবি সংগঠনটির।

ইএইচআর/ বিএন/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: রাজশাহী বিশ্ববিদ্যালয়
নির্মাণ : REM Technology