রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

ইবতেদায়ী মাদ্রাসার এমপিও গেজেট প্রকাশের দাবি শিক্ষকদের

ইবতেদায়ী মাদ্রাসার এমপিও গেজেট প্রকাশের দাবি শিক্ষকদের
জাতীয় প্রেসক্লাবের সামনে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন। © ক্যাম্পাস টাইমস ছবি

২০২৫-২৬ অর্থবছরে ১ হাজার ৫১৯টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করে দ্রুত গেজেট প্রকাশ, শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করাসহ চার দফা দাবি জানিয়েছেন শিক্ষকরা। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষা অফিস স্থাপন এবং শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।

রবিবার (২৯ নভেম্বর) এসব দাবি বাস্তবায়নে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ‘অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমন্বয় কমিটি’। স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর সঙ্গে ১০ সদস্যের একটি প্রতিনিধিদলের সাক্ষাতের সুযোগ দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, এমপিওভুক্তির নির্দেশনা দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত হয়নি। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে রয়েছেন। পাশাপাশি শিক্ষার্থীরাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

শিক্ষকদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে—স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা, জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষা অফিস স্থাপন এবং শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা।

স্মারকলিপিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ইতিহাস তুলে ধরে বলা হয়, ১৯৭৮ সালের অধ্যাদেশের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয়। ১৯৮৪ সাল থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে স্বীকৃতি দেওয়া শুরু হয়। ১৯৯৪ সালে দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়নের প্রতিটিতে একটি করে প্রতিষ্ঠানকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়। এর আওতায় ১ হাজার ৫১৯টি মাদ্রাসা অনুদান পায়। তখন প্রতিষ্ঠানগুলোর জন্য মাসিক ৫০০ টাকা অনুদান নির্ধারণ করা হয়েছিল। ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এ অনুদানের ঘোষণা দেন।

এরপর ২০০১ সালে এসব প্রতিষ্ঠানে বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ ও উপবৃত্তি কার্যক্রম চালু হয়। ২০১৩ সালে দেশের ২৬ হাজার ১৯টি নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও কোনো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ বা এমপিওভুক্ত করা হয়নি।

দাবি আদায়ে শিক্ষকেরা বিভিন্ন সময়ে আন্দোলন করেছেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। ২০২৫ সালের ২৮ জানুয়ারি আন্দোলনের সময় সংশ্লিষ্ট এক কর্মকর্তা এক মাসের মধ্যে ছয় দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন। পরে একই বছরের নভেম্বরে আবার আন্দোলনে নামেন শিক্ষকেরা। এরপর ৩ নভেম্বর ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয় ২০২৫ সালের ২৬ জুন অনলাইনে আবেদন নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে। ৩ থেকে ১০ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। ১০ নভেম্বর জেলা প্রশাসকদের কাছেও এ বিষয়ে চিঠি পাঠানো হয় বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

তবে নির্দেশনা ও আবেদনপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও এমপিওভুক্তির গেজেট প্রকাশ না হওয়ায় হতাশ শিক্ষক-কর্মচারীরা। তাঁদের দাবি, দ্রুত গেজেট প্রকাশের মাধ্যমে দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর করতে হবে।

প্রধানমন্ত্রীর কাছে দেওয়া স্মারকলিপিতে এসব দাবি দ্রুত বাস্তবায়নের পাশাপাশি ১০ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাওয়া হয়েছে। এতে স্বাক্ষর করেছেন কমিটির আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম ও সদস্যসচিব হাফেজ মাওলানা মুফতি আবদুল হান্নান হোসাইন।

শিক্ষকদের চার দফা দাবি হলো—

১. ২০২৫-২৬ অর্থবছরে ১ হাজার ৫১৯টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা দ্রুত এমপিওভুক্ত করে গেজেট প্রকাশ।
২. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
৩. জেলা ও উপজেলা পর্যায়ে ইবতেদায়ী মাদ্রাসার জন্য শিক্ষা অফিস স্থাপন।
৪. ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology