রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
ঢাবিতে ক্রিস্টালোগ্রাফিক সম্মেলন শেষ, পুরস্কৃত ২২ গবেষক
বাংলাদেশ ক্রিস্টালোগ্রাফিক অ্যাসোসিয়েশনের ১১তম সম্মেলন গতকাল শনিবার (২৮ নভেম্বর) মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবনে শেষ হয়েছে। দুদিনব্যাপী এ সম্মেলনে দেশ-বিদেশের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে বিজ্ঞানচর্চার এক প্রাণবন্ত আবহ তৈরি হয়। সমাপনী অনুষ্ঠানে ওরাল প্রেজেন্টেশনের জন্য ১২ এবং পোস্টার প্রেজেন্টেশনের জন্য ১০ জনকে পুরস্কৃত করা হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি মৌলিক ও ফলিত গবেষণার মানোন্নয়ন, আন্তঃবিষয়ক সমন্বয় এবং আধুনিক বিজ্ঞানচর্চায় ক্রিস্টালোগ্রাফির ক্রমবর্ধমান ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ ধরনের সম্মেলন তরুণ গবেষকদের নতুন জ্ঞান আহরণ ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. ফরিদা বেগম, বাংলাদেশ ক্রিস্টালোগ্রাফিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী হানিয়াম মারিয়া। বক্তারা ক্রিস্টালোগ্রাফিক গবেষণার পরিধি বিস্তৃত করা এবং জাতীয় উন্নয়নে বৈজ্ঞানিক উদ্ভাবনকে কাজে লাগানোর আহ্বান জানান।
সম্মেলনের বিভিন্ন সেশনে প্রবন্ধ উপস্থাপন, পোস্টার প্রদর্শনী ও মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীরা নিজেদের গবেষণা কর্ম তুলে ধরেন। সবশেষে সেরা উপস্থাপক ও গবেষকদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
ইএইচআর/ বিএন/ ডিসি









