রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি: ‘বি’ ইউনিটের আসন সংখ্যাসহ খুঁটিনাটি জেনে নিন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১২ ফেব্রুয়ারি শুরু হবে। বরাবরের মতো এবারও তিনটি ইউনিটে (এ, বি, সি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নেবে প্রতিষ্ঠানটি। প্রতিবারই বাণিজ্য বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করা শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে এই বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিট। পাশাপাশি অ-বাণিজ্য (বিজ্ঞান ও মানবিক) বিভাগের শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবেন।
এক নজরে ‘বি’ ইউনিট
এই ইউনিটে রয়েছে বিজনেস স্টাডিজ অনুষদের ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)। বিভাগগুলো হলো- হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, মার্কেটিং বিভাগ, ফাইন্যান্স বিভাগ, ব্যাংকিং ও ইনসুরেন্স বিভাগ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।
আসন সংখ্যা
এ বছর ‘বি’ ইউনিটে ২০টি আসন কমানো হয়েছে। এ বছর ‘বি’ ইউনিটে আসন সংখ্যা ৫৪৪টি; যা গত বছরে ছিল ৫৬৪টি। তন্মধ্যে বাণিজ্য শাখার জন্য ৩৪৫টি; গত বছরে ছিল ৩৭৫টি; বিজ্ঞান শাখার আসন সংখ্যা ১৬৮টি; যা গতবছর ছিল ১৫৮টি এবং গত বছরের মতো এবারও মানবিক শাখার আসন সংখ্যা ৩১টি।
আবেদন কবে
গত ১৫ নভেম্বর সকাল ১২টা থেকে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। চলবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ‘বি’ ইউনিটে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১০০ টাকা (সার্ভিস চার্জসহ)। বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬.৫০।
পরীক্ষা পদ্ধতি
বহুনির্বাচনি প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় মোট ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। প্রতিটি ভুল উত্তরের ০.২০ করে নম্বর কাটা হবে। অর্থাৎ পাঁচটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাশ নম্বর ৪০।
মানবণ্টন যেভাবে
বাণিজ্য ও অ-বাণিজ্য গ্রুপের শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন বিষয়সমূহের ওপর ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হবে। বাণিজ্য গ্রুপের জন্য থাকবে (ক) বাংলা ১০, (খ) ইংরেজি ২৫, (গ) ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২৫, (ঘ) হিসাববিজ্ঞান ২৫ এবং (ঙ) ফাইন্যান্স, ব্যাংকিং ও বীমা অথবা উৎপাদন ও বিপণন ১৫।
অ-বাণিজ্য গ্রুপের জন্য থাকবে (ক) বাংলা ১০, (খ) ইংরেজি ২৫ (গ) সাধারণ জ্ঞান (সাধারণ গণিত, অর্থনীতি, অ্যাপটিচুড টেস্ট, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ৫০ নম্বর এবং আইসিটি ১৫।
লিখিত পরীক্ষা ও শর্ত
ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-তে ভর্তির ক্ষেত্রে ‘বি’ (বাণিজ্য) ইউনিটের অধীনে এমসিকিউ পরীক্ষার পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ ও লিখিত পরীক্ষায় প্রাপ্ত যৌথ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে।
বাণিজ্য ও অ-বাণিজ্য উভয় গ্রুপের পরীক্ষার্থীদের MCQ পরীক্ষায় ইংরেজিতে মোট ২৫ এর মধ্যে ন্যূনতম ১০ নম্বর পেতে হবে। এই শর্তপূরণ করে, এরূপ পরীক্ষার্থীদের মধ্যে থেকে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ৫০০ (পাঁচশত) জন পরীক্ষার্থী নিয়ে সমন্বিত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কোন বিভাগে কত আসন
(ক) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগে আসন রয়েছে ১১০টি। এর মধ্যে বাণিজ্য গ্রুপের জন্য ১০০টি, বিজ্ঞানে ৭টি এবং মানবিকে ৩টি। (খ) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে আসন রয়েছে ৮০টি। এর মধ্যে বাণিজ্য ৪০টি, বিজ্ঞানে ৩৫টি এবং মানবিকে ৫টি। (গ) মার্কেটিং বিভাগে আসন রয়েছে ৯০টি। এর মধ্যে বাণিজ্য ৪৫, বিজ্ঞান ৪০ এবং মানবিক ৫টি। (ঘ) ফাইন্যান্স বিভাগে আসন রয়েছে ৯০টি। এর মধ্যে বাণিজ্যে ৬০, বিজ্ঞানে ২৫ এবং মানবিকে ৫টি।
(ঙ) ব্যাংকিং ও ইনস্যুরেন্স আসন রয়েছে ৮০টি। এর মধ্যে বাণিজ্য গ্রুপের ৪৮টি, বিজ্ঞানে ২৮টি এবং মানবিকে ৪টি। (চ) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে আসন রয়েছে ৫০টি। এর মধ্যে বাণিজ্য গ্রুপ ৩০, বিজ্ঞানে ১৫ এবং মানবিকে ৫টি আসন।
আরও খবর: ঢাবিতে ভর্তি হতে চান আড়াই লাখ শিক্ষার্থী, এক ইউনিটে আসনপ্রতি ৮৮ জনের আবেদন
(ছ) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউড (আইবিএ) মোট আসন রয়েছে ৪৪টি। এর মধ্যে বাণিজ্য গ্রুপের জন্য ২২টি, বিজ্ঞানে ১৮টি এবং মানবিকে ৪টি আসন। এ বছর ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ২০টি আসন কমানো হয়েছে।
পরীক্ষার সময়সূচি
আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছরও সিলেকশন থাকবে না। দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফট সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফট বিকেল ৩টা থেকে ৪টায় নেওয়া হবে।
পরীক্ষা কোথায় কোথায় অনুষ্ঠিত হবে: ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল—এই আটটি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আবেদন করার সময় পরীক্ষার্থীদের পছন্দের পরীক্ষা অঞ্চল নির্বাচন করতে হবে। একবার অঞ্চল নির্বাচন করলে তা আর পরিবর্তন করা যাবে না।
যেভাবে তৈরি হবে মেধাতালিকা
এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর কোনো মার্কস নেই। মোট ১০০ নম্বরের পরীক্ষায় যারা বেশি মার্কস পাবে তারাই মেধাতালিকায় এগিয়ে থাকবে। এছাড়া ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে http://admission.ru.ac.bd জানা যাবে।
ইএইচআর/ সিটি/ ডিসি









