রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

পশ্চিমবঙ্গে বেতন পেতে পার্শ্বশিক্ষকদের দিতে হবে দায়িত্ব পালনের প্রমাণ

পশ্চিমবঙ্গে বেতন পেতে পার্শ্বশিক্ষকদের দিতে হবে দায়িত্ব পালনের প্রমাণ

পার্শ্বশিক্ষকদের পারিশ্রমিক দেওয়ার আগে তাঁদের উপস্থিতি এবং দায়িত্ব পালন সংক্রান্ত তথ্য যাচাই করতে হবে। রাজ্যের সব জেলা শিক্ষা কর্মকর্তাদের ফের এ নির্দেশ দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন।

বিজ্ঞপ্তি জারি করে সমগ্র শিক্ষা মিশন জানিয়েছে, প্রতি মাসে পার্শ্বশিক্ষকদের পারিশ্রমিকের দাবি পাঠানোর আগে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানশিক্ষককে নিশ্চিত হতে হবে, ওই শিক্ষক নিয়মিত নিজের দায়িত্ব পালন করছেন কি না। এর মধ্যে রয়েছে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি, বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের খোঁজ নেওয়া, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত পাঠদানের ব্যবস্থা করা এবং শিক্ষণ-শিখন সামগ্রী তৈরি করা। নির্ধারিত অন্যান্য দায়িত্ব যথাযথভাবে পালন করা হচ্ছে কি না, তা-ও যাচাই করতে হবে।

প্রধানশিক্ষক বা শিক্ষিকার তরফে দায়িত্ব পালনের বিষয়ে সন্তোষজনক দাবিপত্র পাওয়ার পরেই সংশ্লিষ্ট সার্কেলের স্কুল সাব-ইনস্পেক্টর মাসিক পারিশ্রমিক মঞ্জুর করতে পারবেন। কর্তৃপক্ষকে না জানিয়ে প্রাপ্য ছুটির সীমা অতিক্রম করে দীর্ঘদিন অনুপস্থিত থাকা পার্শ্বশিক্ষকদের ক্ষেত্রে যাতে ভুল বা অনিয়মিতভাবে পারিশ্রমিক দেওয়া না হয়, সে জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পাশাপাশি, স্কুলের সাব-ইনস্পেক্টরদের তাঁদের অধীনস্থ পার্শ্বশিক্ষকদের নামের তালিকা তৈরি করে রাখতে হবে। প্রত্যেকের ছুটির বিস্তারিত হিসাবও সংরক্ষণ করতে হবে। এর মাধ্যমে কারা কত দিন ছুটি নিয়েছেন এবং তাঁদের অনুপস্থিতির হিসাব যথাযথ ভাবে রাখা হচ্ছে কি না, তা নজরে রাখা সম্ভব হবে বলে মনে করে হচ্ছে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচার হলেন সরকারি ও সরকারপোষিত প্রাথমিক ও উচ্চ-প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘সর্বশিক্ষা অভিযান’ (বর্তমানে সমগ্র শিক্ষা মিশন)-এর অধীনে চুক্তিভিত্তিক নিযুক্ত শিক্ষক, যাঁরা মূলত স্থায়ী শিক্ষকদের পাশাপাশি বিদ্যালয়ের পঠন-পাঠন ও শিক্ষার মানোন্নয়নে সহায়তা করেন।

পার্শ্ব শিক্ষকদের প্রধান কাজগুলো হলো- পড়াশোনায় পিছিয়ে পড়া শিক্ষার্থী ও প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের বিশেষ যত্ন নিয়ে পাঠদান করা, যাতে তারা মূল স্রোতের শিক্ষার্থীদের সাথে তাল মিলিয়ে চলতে পারে। যেসব শিক্ষার্থী নিয়মিত স্কুলে আসে না বা স্কুলছুট হওয়ার ঝুঁকিতে রয়েছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া এবং অভিভাবকদের সাথে কথা বলে তাদের বিদ্যালয়মুখী করা। এই সংক্রান্ত একটি লগবুক বা ডায়েরি সংরক্ষণ করে প্রধান শিক্ষক ও অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে জমা দেয়া। শিক্ষার্থীদের কাছে পড়াশোনা আনন্দদায়ক ও সহজবোধ্য করে তুলতে (বিশেষ করে ভাষা ও গণিতের মৌলিক ধারণা গঠনে) স্বল্পমূল্যের বা স্থানীয় উপকরণ দিয়ে টিচিং লার্নিং মেটেরিয়াল তৈরি ও ব্যবহার করা। বিদ্যালয়ের রুটিন অনুযায়ী নির্ধারিত ক্লাস নেওয়া এবং কোনো স্থায়ী শিক্ষক অনুপস্থিত থাকলে প্রক্সি বা স্টপ-গ্যাপ ক্লাস পরিচালনা করা। বিদ্যালয়ের উপস্থিতি, শিক্ষার্থীদের অগ্রগতির নথিপত্র রক্ষণাবেক্ষণ করা এবং প্রধান শিক্ষকের নির্দেশ অনুযায়ী বিদ্যালয়ের অন্যান্য প্রশাসনিক ও সহ-পাঠ্যক্রমিক কাজে সহায়তা করা।

সূত্র: আনন্দবাজার

ইএইচআর/ বিএন/ ডিসি

নির্মাণ : REM Technology