রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

অদম্য ইয়ুথ সামিটে মেয়েদের নিরাপত্তা ও প্রথম চাকরি নিয়ে তরুণদের প্রশ্ন

অদম্য ইয়ুথ সামিটে মেয়েদের নিরাপত্তা ও প্রথম চাকরি নিয়ে তরুণদের প্রশ্ন
সম্মেলনের একটি ফায়ারসাইড চ্যাটে অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী পিয়া জান্নাতুল ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির চিফ কমিউনিকেশনস অফিসার জীশান কিংশুক হক

চাকরি করতে গেলে সামাজিক বাঁকা চোখ ও কটূক্তি কীভাবে সামলাবেন—এমন প্রশ্ন ছিল এক তরুণীর। আরেকজন জানতে চাইলেন, প্রায় সব চাকরিতেই অভিজ্ঞতা চাওয়া হয়, তাহলে প্রথম চাকরিটি পাবেন কীভাবে? এমন নানা প্রশ্ন ও আলোচনায় জমে ওঠে অদম্য ইয়ুথ সামিট ২০২৬-এর সকালের অধিবেশন।

মজার ইশকুল আয়োজিত এ সম্মেলনের এটি দ্বিতীয় আসর। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলা একাডেমিতে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নিবন্ধন করেন ৬০৯ জন। তাদের মধ্যে ৩০০ জন নারী ও ৩০৮ জন পুরুষ। অংশগ্রহণকারীদের বেশির ভাগই শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক।

সম্মেলনের একটি ফায়ারসাইড চ্যাটে অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী পিয়া জান্নাতুল এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির চিফ কমিউনিকেশনস অফিসার জীশান কিংশুক হক। তারা একে অপরকে প্রশ্ন করার পাশাপাশি দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আত্মবিশ্বাস ও আত্মরক্ষার বিষয়ে কথা বলেন পিয়া জান্নাতুল। তিনি বলেন, ‘পিয়া মানেই ইভলভ।’ তরুণদের কখনো হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

হয়রানি বা ব্ল্যাকমেইলের শিকার কোনো মেয়েকে কীভাবে সুরক্ষা দেওয়া যায়—এমন প্রশ্নের জবাবে পিয়া ধাপে ধাপে করণীয় তুলে ধরেন। তিনি স্মরণ করিয়ে দেন, সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইনের আশ্রয় লাভ প্রত্যেক নাগরিকের অধিকার। ঝুঁকিতে থাকা কারও বিষয়ে বা কোনো বন্ধুকে নিয়ে উদ্বিগ্ন হলে জাতীয় হেল্পলাইন ১০৯ অথবা ৯৯৯ নম্বরে ফোন করার পরামর্শ দেন তিনি।

প্রথম বেতনের টাকা কীভাবে খরচ করা উচিত—এ প্রশ্নের উত্তরে জীশান কিংশুক হক তিনটি অভ্যাসের কথা বলেন। তিনি বলেন, ‘নিজের জন্য আগে ২০ শতাংশ জমাও। একটি জরুরি তহবিল গড়ে তোলো। আর কিছু টাকা রাখো মনের খোরাকের জন্য।’

ক্যারিয়ার গঠনের বিষয়ে জীশান কিংশুক হক বলেন, ‘সিভি তোমাকে চেয়ারে বসায়। প্রথম ৩০ সেকেন্ডই ঠিক করে, তুমি সেখানে থাকবে কি না।’ চাকরির অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিজ্ঞতা মানেই চাকরি নয়। স্বেচ্ছাসেবা, একটি প্রকল্প, ছোট একটি ব্যবসা—সবই অভিজ্ঞতার প্রমাণ। ডিগ্রি বলে তুমি পড়েছ, কাজ বলে তুমি পারো।’

মিলনায়তনে উপস্থিত স্বেচ্ছাসেবকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আজকের স্বেচ্ছাসেবক আগামী দিনের রেফারেন্স। নেটওয়ার্ক তখনই তৈরি করো, যখন তোমার কিছু প্রয়োজন নেই।’

দিনব্যাপী এ সম্মেলনে তরুণদের নেতৃত্বে জলবায়ু উদ্যোগ, ভবিষ্যতের দক্ষতা ও উদ্যোক্তা হওয়া এবং শিশু, নারী ও শিক্ষার অধিকার নিয়ে পৃথক অধিবেশনের আয়োজন করা হয়। উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন লেখক আনিসুল হক। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন অদম্য বাংলাদেশের প্রতিষ্ঠাতা আরিয়ান আরিফ।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology