রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
উচ্চশিক্ষার জন্য এশিয়ার সেরা ১০ বিশ্ববিদ্যালয়
বিদেশে উচ্চশিক্ষার জন্য ইউরোপ, আমেরিকা কিংবা অস্ট্রেলিয়ার পাশাপাশি এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোও এখন শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। মানসম্মত শিক্ষা, বিশ্বমানের গবেষণা এবং আন্তর্জাতিক কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ বিবেচনায় এশিয়ার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বৈশ্বিক অঙ্গনে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে।
সম্প্রতি প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: এশিয়া ২০২৭-এ উঠে এসেছে এ অঞ্চলের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের নাম। তালিকায় হংকং, চীন ও সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয়গুলো উল্লেখযোগ্য স্থান দখল করেছে।
চলতি মাসের শুরুতে প্রকাশিত এ র্যাঙ্কিংয়ে একাডেমিক সুনাম, গবেষণার প্রভাব, শিক্ষকপ্রতি গবেষণাপত্রের হার, শিক্ষার পরিবেশ ও আন্তর্জাতিক সম্পৃক্ততাসহ বিভিন্ন সূচক বিবেচনা করা হয়েছে। তালিকার শীর্ষে রয়েছে হংকংয়ের ইউনিভার্সিটি অব হংকং। শীর্ষ ১০-এ রয়েছে চীন ও সিঙ্গাপুরের একাধিক বিশ্ববিদ্যালয়ও।
ইউনিভার্সিটি অব হংকং
এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম স্থানে রয়েছে হংকংয়ের ইউনিভার্সিটি অব হংকং। বিশ্ববিদ্যালয়টির সামগ্রিক স্কোর ১০০। একাডেমিক সুনামেও প্রতিষ্ঠানটি পূর্ণ ১০০ পয়েন্ট পেয়েছে। প্রতি গবেষণাপত্রে সাইটেশনের হার ৯৯ দশমিক ৪। গবেষণার মান, আন্তর্জাতিক পরিচিতি ও শিক্ষার পরিবেশের দিক থেকে বিশ্ববিদ্যালয়টি এগিয়ে রয়েছে।
পিকিং ইউনিভার্সিটি
দ্বিতীয় স্থানে রয়েছে চীনের বেইজিংয়ে অবস্থিত পিকিং ইউনিভার্সিটি। প্রতিষ্ঠানটির সামগ্রিক স্কোর ৯৯ দশমিক ৮। একাডেমিক সুনামে পূর্ণ ১০০ পয়েন্ট অর্জনের পাশাপাশি শিক্ষকপ্রতি গবেষণাপত্রের হার ৯৭ দশমিক ৩। গবেষণায় ধারাবাহিকতা ও শিক্ষার উৎকর্ষ বিশ্ববিদ্যালয়টির অন্যতম শক্তি।
সিংহুয়া ইউনিভার্সিটি
তালিকার তৃতীয় স্থানে রয়েছে চীনের বেইজিংয়ের সিংহুয়া ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির সামগ্রিক স্কোর ৯৯ দশমিক ৭। একাডেমিক সুনামে ১০০ পয়েন্ট এবং প্রতি গবেষণাপত্রে সাইটেশনের হার ৯৮ দশমিক ১। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবননির্ভর শিক্ষায় আন্তর্জাতিক পরিচিতি রয়েছে প্রতিষ্ঠানটির।
সিটি ইউনিভার্সিটি অব হংকং
চতুর্থ স্থানে রয়েছে হংকংয়ের সিটি ইউনিভার্সিটি অব হংকং। বিশ্ববিদ্যালয়টির সামগ্রিক স্কোর ৯৯ দশমিক ১। প্রতি গবেষণাপত্রে সাইটেশনের হার ৯৯ দশমিক ৮ এবং শিক্ষকপ্রতি গবেষণাপত্রের হার ৯৯ দশমিক ১। গবেষণার প্রভাব ও উৎপাদনশীলতার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অবস্থান শক্তিশালী।
দ্য চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং
পঞ্চম স্থানে রয়েছে দ্য চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং। বিশ্ববিদ্যালয়টির সামগ্রিক স্কোর ৯৮ দশমিক ৯। একাডেমিক সুনামে পূর্ণ ১০০ পয়েন্ট অর্জনের পাশাপাশি প্রতি গবেষণাপত্রে সাইটেশনের হার ৯৯ দশমিক ৫।
ফুদান ইউনিভার্সিটি
চীনের সাংহাইয়ে অবস্থিত ফুদান ইউনিভার্সিটি রয়েছে ষষ্ঠ স্থানে। বিশ্ববিদ্যালয়টির সামগ্রিক স্কোর ৯৮ দশমিক ৭। একাডেমিক সুনামে পূর্ণ ১০০ পয়েন্ট পেয়েছে প্রতিষ্ঠানটি। শিক্ষকপ্রতি গবেষণাপত্রের হার ৯২ দশমিক ৩।
ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর
ফুদান ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে ষষ্ঠ স্থানে রয়েছে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস)। বিশ্ববিদ্যালয়টির সামগ্রিক স্কোর ৯৮ দশমিক ৭। একাডেমিক সুনামে পূর্ণ ১০০ পয়েন্টের পাশাপাশি প্রতি গবেষণাপত্রে সাইটেশনের হার ৯৯ দশমিক ৮। আন্তর্জাতিক শিক্ষার্থী, গবেষণা ও কর্মসংস্থানের সুযোগের জন্য বিশ্বজুড়ে পরিচিতি রয়েছে প্রতিষ্ঠানটির।
নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি
সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ) রয়েছে অষ্টম স্থানে। বিশ্ববিদ্যালয়টির সামগ্রিক স্কোর ৯৮ দশমিক ৫। একাডেমিক সুনামে ১০০ পয়েন্ট এবং প্রতি গবেষণাপত্রে সাইটেশনের হার ৯৯ দশমিক ৮। প্রযুক্তি, প্রকৌশল ও উদ্ভাবনী গবেষণায় বিশেষ পরিচিতি রয়েছে প্রতিষ্ঠানটির।
দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি
নবম স্থানে যৌথভাবে রয়েছে দুটি বিশ্ববিদ্যালয়। এর একটি দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি। প্রতিষ্ঠানটির সামগ্রিক স্কোর ৯৮ দশমিক ৪। একাডেমিক সুনামে বিশ্ববিদ্যালয়টি পেয়েছে ৯৯ দশমিক ৯ পয়েন্ট।
দ্য হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে নবম স্থানে রয়েছে দ্য হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বিশ্ববিদ্যালয়টির সামগ্রিক স্কোর ৯৮ দশমিক ৪। একাডেমিক সুনামে প্রতিষ্ঠানটি পেয়েছে পূর্ণ ১০০ পয়েন্ট। গবেষণার মান ও আন্তর্জাতিক পরিচিতির দিক থেকেও বিশ্ববিদ্যালয়টির অবস্থান উল্লেখযোগ্য।
কিউএসের এই র্যাঙ্কিংয়ে এশিয়ার উচ্চশিক্ষার অগ্রগতির চিত্র উঠে এসেছে। গবেষণার উৎকর্ষ, একাডেমিক সুনাম ও আন্তর্জাতিক সংযোগের কারণে এ অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলো বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্তিশালী করছে। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্যও এসব বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার সম্ভাব্য গন্তব্য হতে পারে।
তবে বিশ্ববিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে শুধু র্যাঙ্কিং বিবেচনা করলেই চলবে না। পছন্দের বিষয়, টিউশন ফি, বৃত্তির সুযোগ, জীবনযাত্রার ব্যয়, ভর্তির যোগ্যতা এবং স্নাতক শেষে কর্মসংস্থানের সম্ভাবনাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। সঠিক পরিকল্পনা ও প্রস্তুতি থাকলে এশিয়ার এসব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা আন্তর্জাতিক অঙ্গনে ভবিষ্যৎ গড়ার সুযোগ তৈরি করতে পারে।
ইএইচআর/ সিটি/ ডিসি









