বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

মালয়েশিয়ায় আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস

মালয়েশিয়ায় আলবুখারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস
সমাবর্তনে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস © ক্যাম্পাস টাইমস ছবি

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউ) সপ্তম সমাবর্তনে অংশ নিয়েছেন। বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর হিসেবে সোমবার আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি ২০২৬ সালের শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হাতে ডিগ্রি ও বিশেষ পুরস্কার তুলে দেন।

সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বিশ্ববিদ্যালয়টির সমাবর্তন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাবর্তনটি স্নাতক, তাঁদের পরিবার, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি গর্বের মাইলফলক। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের শিক্ষাজীবনের সমাপ্তি এবং অর্জিত জ্ঞান ও দক্ষতা নিয়ে বৃহত্তর কর্মজগতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

অধ্যাপক ইউনূসের নেতৃত্বে এআইইউ তাঁর ‘থ্রি জিরো’ বা তিন শূন্যের পৃথিবী গড়ার ভাবনাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে। এই তিনটি লক্ষ্য হলো—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ। সামাজিক ব্যবসা বিশ্ববিদ্যালয়টির শিক্ষাদর্শন ও লক্ষ্যের অন্যতম প্রধান ভিত্তি।

বিশ্ববিদ্যালয়টি সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন ও উদ্ভাবনের উৎকর্ষকেন্দ্রের (এসইডিআই) মাধ্যমে এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে। এ কেন্দ্র শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবভিত্তিক সামাজিক ব্যবসায়িক উদ্যোগে রূপ দেওয়ার সুযোগ তৈরি করে। এ কার্যক্রমের মধ্যে রয়েছে সোশ্যাল বিজনেস প্রজেক্ট প্রতিযোগিতা, সোশ্যাল বিজনেস আইডিয়া পিচিং এবং সোশ্যাল বিজনেস সিড ফান্ড।

এআইইউ থ্রিজিরো ক্লাবও বিশ্ববিদ্যালয়ের এসব উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ। ক্লাবটি শিক্ষার্থীদের সামাজিক উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করে এবং ‘থ্রি জিরো’ ভাবনার নীতিগুলো ছড়িয়ে দিতে কাজ করে। ক্লাবটি ২০২৩, ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে ‘বেস্ট অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন’ এবং ২০২৩ ও ২০২৪ সালে ‘বেস্ট থ্রিজিরো ক্লাব’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology