রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

কক্সবাজারে ৬ জায়গায় ককটেল বিস্ফোরণ

কক্সবাজারে ৬ জায়গায় ককটেল বিস্ফোরণ
ককটেল বিস্ফোরণের পর ধোঁয়ার সৃষ্টি হয়

কক্সবাজার শহরে রাতের আঁধারে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সরকারি গুরুত্বপূর্ণ দপ্তর, আন্তর্জাতিক সংস্থার কার্যালয় ও জনগুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে অন্তত পাঁচ-ছয়টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে রাত আড়াইটার মধ্যে শহরের বিভিন্ন এলাকায় বিরতিতে বিরতিতে এসব বিস্ফোরণ ঘটে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শহরের মোটেল সড়কে অবস্থিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় লক্ষ্য করে ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কার্যালয়ের বাউন্ডারি ওয়ালের অপর পাশ থেকে ছোড়া বস্তুটির বিস্ফোরণে বিকট শব্দ ও ধোঁয়ার সৃষ্টি হয়।

ঘটনার সময় ফটকে দায়িত্ব পালন করছিলেন দুই নিরাপত্তারক্ষী। তাদের একজন জানান, হঠাৎ ওয়ালের অপর পাশ থেকে একটি বস্তু ছুড়ে মারা হলে বিস্ফোরণের শব্দ হয় এবং চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে তারা আতঙ্কিত হয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে।

একই রাতে আরআরআরসি কার্যালয়ের আশপাশের এলাকাসহ শহরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে একই সড়কে অবস্থিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কার্যালয়, বাণিজ্য মেলার প্রবেশপথ, বাহারছড়া এলাকার সিভিল সার্জন কার্যালয় এবং হিল ডাউন সার্কিট হাউস।

এদিকে এসব বিস্ফোরণের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন কক্সবাজার শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক কানন বড়ুয়া বিশাল। তার দাবি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এসব নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তবে তাঁর এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তিনি আরও উল্লেখ করেন, যেসব স্থাপনা লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়েছে, সেগুলো কূটনৈতিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। সেখানে জাতিসংঘের একাধিক সংস্থার কার্যালয় রয়েছে বলেও তিনি পোস্টে উল্লেখ করেন।

পরপর এসব বিস্ফোরণের পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কক্সবাজার শহরে নাশকতা ও সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology