রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
৭৪ বছরেও শিক্ষকতা ছাড়েননি, রান্নাঘরেই চলছে ক্লাস
ভিয়েতনামের একটি গ্রামের সাধারণ রান্নাঘর। চুলার পাশেই পুরোনো কাঠের টেবিলকে ব্ল্যাকবোর্ড বানিয়ে চক হাতে গণিতের সমীকরণ ও পদার্থবিজ্ঞানের সূত্র লিখছেন ৭৪ বছর বয়সী বুই থি মাই। সামনে কোনো শিক্ষার্থী নেই, নেই প্রথাগত শ্রেণিকক্ষ। তবু চার দশক আগে ছেড়ে আসা শিক্ষকতার প্রতি তাঁর ভালোবাসা এতটুকু কমেনি। তাঁর পাঠদানের ভিডিয়ো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর লাখো মানুষের প্রশংসা কুড়িয়েছেন এই প্রবীণ শিক্ষক।
ভিয়েতনামের থান হোয়া প্রদেশের জুয়ান তিয়েন গ্রামের বাসিন্দা বুই থি মাই। দরিদ্র মুওং নৃগোষ্ঠীর পরিবারে জন্ম নেওয়া মাই শৈশবেই বাবাকে হারান। মায়ের সংগ্রামে বেড়ে ওঠা মাই ১৯৭২ খ্রিষ্টাব্দে ২০ বছর বয়সে সপ্তম শ্রেণি পাসের পর নিজ এলাকায় গণিত ও পদার্থবিজ্ঞানের তিন বছরের শিক্ষক প্রশিক্ষণ কোর্সে ভর্তি হন। প্রশিক্ষণ শেষে থান হোয়া প্রদেশের নু জুয়ান জেলা এবং পরে জুয়ান ডু কমিউনে শিক্ষকতা শুরু করেন।
তবে শিক্ষকতার শুরুর দিনগুলো সহজ ছিল না। অল্প বেতনে সংসার চালাতে স্কুলের বাইরেও কাজ করতে হতো তাঁকে। এমনকি জ্বালানি কাঠ সংগ্রহের জন্য মাঝেমধ্যে স্কুলে দা নিয়ে যেতেন। একপর্যায়ে পরিবারের আর্থিক সংকট তীব্র হলে ১৯৯০ খ্রিষ্টাব্দে ৩৮ বছর বয়সে শিক্ষকতা ছেড়ে দেন। এককালীন অবসর ভাতা নিয়ে পাঁচ সন্তানকে বড় করতে পুরোপুরি কৃষিকাজে মনোযোগী হন। কিন্তু পেশা ছেড়ে দিলেও শিক্ষকতার স্মৃতি ও পাঠদানের আকাঙ্ক্ষা কখনো হারিয়ে যায়নি তাঁর। এখনো প্রায় রাতেই স্বপ্নে নিজেকে ব্ল্যাকবোর্ডের সামনে পাঠদান করতে দেখেন।
সম্প্রতি তাঁর সেই সুপ্ত ভালোবাসাকে নতুন করে সামনে নিয়ে আসেন ছেলে বুই ভ্যান দুং। প্রায় দুই মাস আগে রান্নাঘরের এক কোণে পুরোনো কাঠের টেবিলটি ব্ল্যাকবোর্ড হিসেবে সাজিয়ে দেন তিনি। মাকে চক এনে দিয়ে প্লাস্টিকের ঝুড়ির ওপর মোবাইল ফোন রেখে ভিডিয়ো ধারণ শুরু করেন। প্রতিদিন প্রায় ৪৫ মিনিট ধরে মায়ের গণিত ও পদার্থবিজ্ঞানের পাঠ রেকর্ড করা হয়।
শুরুতে পারিবারিক স্মৃতি হিসেবে ভিডিয়োগুলো ধারণ করা হলেও ফেসবুক ও টিকটকে প্রকাশের পর ব্যাপক সাড়া পড়ে। একটি ভিডিয়োর ভিউ ইতোমধ্যে ২০ লাখ ছাড়িয়েছে। দর্শকেরা তাঁর অঙ্ক শেখানোর দক্ষতার পাশাপাশি শিক্ষকতার প্রতি গভীর ভালোবাসা ও নিষ্ঠার প্রশংসা করছেন। অনেকেই ভিডিও দেখে পুরোনো স্কুলজীবন, সাদা চকের গন্ধ এবং প্রিয় শিক্ষকদের স্মৃতিতে আবেগাপ্লুত হয়েছেন।
দীর্ঘদিন শিক্ষকতা থেকে দূরে থাকলেও গণিত ও পদার্থবিজ্ঞানের সূত্রগুলো এখনো নির্ভুলভাবে মনে আছে বুই থি মাইয়ের। বর্তমান পাঠ্যক্রমের সঙ্গে আগের পড়াশোনার পার্থক্য থাকলেও দীর্ঘদিনের চর্চায় অর্জিত জ্ঞান তাঁর স্মৃতিতে অটুট। তিনি বলেন, ‘আমার কোনো লেসন প্ল্যানের প্রয়োজন হয় না, কারণ জ্ঞান আমার মনের ভেতর গেঁথে আছে। পড়ানো শুরু করলেই সব আপনা-আপনি মনে পড়ে যায়।’
গ্রামের প্রধান এবং মাইয়ের সাবেক শিক্ষার্থী বুই থি তুয়েত জানান, শিক্ষকতা ছেড়ে দেওয়ার পরও গ্রামের শিশুরা কঠিন অঙ্কের সমাধান জানতে তাঁর কাছে আসত। তিনি আন্তরিকতার সঙ্গে তাদের বুঝিয়ে দিতেন।
সম্প্রতি ২০ নভেম্বর ভিয়েতনামের শিক্ষক দিবস উপলক্ষে তাঁর সাবেক শিক্ষার্থী ও প্রাদেশিক নেতারা বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা ও সম্মাননা জানান। থান হোয়া প্রাদেশিক পার্টি কমিটির ডেপুটি সেক্রেটারি নগুয়েন হং ফং তাঁর শিক্ষকতার প্রতি ভালোবাসার প্রশংসা করেন। তিনি বলেন, মানুষ শুধু গণিত বা পদার্থবিজ্ঞানের সূত্র দেখার জন্য এসব ভিডিয়ো দেখছে না, বরং বুই থি মাইয়ের মধ্যে প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিচিত একজন আদর্শ শিক্ষকের প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছে।
ইএইচআর/ বিএন/ ডিসি









