রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন শাকিরা!

মঞ্চ মাতাতে ঢাকায় আসছেন শাকিরা!
কলম্বিয়ান পপতারকা শাকিরা

রোমানিয়ান পপতারকা ওটিলিয়ার কনসার্টের রেশ কাটতে না কাটতেই ঢাকায় আরেকটি বড় আন্তর্জাতিক সংগীত আয়োজনের খবর সামনে এসেছে। ২০২৭ সালের এপ্রিলে কলম্বিয়ান পপতারকা শাকিরাকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে ই-মেকার্স বাংলাদেশ। এ বিষয়ে শিল্পীর ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা হয়েছে এবং শাকিরার পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার নাঈম আশরাফ।

নাঈম আশরাফ বলেন, ‘২০২৭ সালের এপ্রিলে কলম্বিয়ান পপতারকা শাকিরাকে বাংলাদেশে আনার বিষয়ে শিল্পীর ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা হয়েছে। শাকিরার পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এর আগে বাংলাদেশে আসার স্মৃতিও তার মনে আছে।’

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে এই কনসার্ট। তবে শাকিরার চূড়ান্ত সম্মতি পাওয়ার পরই আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে।

বিশ্বসংগীতের জনপ্রিয় এই তারকা তার ব্যতিক্রমী কণ্ঠ, নাচ এবং মঞ্চ পরিবেশনার জন্য পরিচিত। ‘হিপস ডোন্ট লাই’, ‘ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা)’, ‘হোয়েনএভার, হোয়েভার’, ‘আন্ডারনিথ ইওর ক্লোদস’, ‘শি উলফ’, ‘লোকা’ এবং ‘বিজারাপ মিউজিক সেশনস, ভলিউম ৫৩’-এর মতো জনপ্রিয় গান রয়েছে তার ঝুলিতে। এসব গানের মাধ্যমে বিশ্বজুড়ে কোটি কোটি শ্রোতার মন জয় করেছেন তিনি। ঢাকায় কনসার্ট হলে এসব জনপ্রিয় গান সরাসরি উপভোগের সুযোগ পেতে পারেন বাংলাদেশের ভক্তরা।

এর আগে ২০০৭ সালের ডিসেম্বরে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশ সফরে এসেছিলেন শাকিরা। ১৭ ডিসেম্বর ঢাকায় পৌঁছে তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জের ঘূর্ণিঝড় সিডরবিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন। সেখানে শিশুদের জন্য পরিচালিত বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত শিশু ও নারীদের সঙ্গে কথা বলেন এবং সহায়তা সামগ্রী বিতরণ করেন।

বাংলাদেশ সফরের সময় রাজশাহীতেও যান এই সংগীতশিল্পী। সেখানে ইউনিসেফের সহায়তায় পরিচালিত কর্মজীবী ও পথশিশুদের শিক্ষা কার্যক্রম, শিশু সুরক্ষা প্রকল্প এবং বিভিন্ন শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন তিনি। সফর শেষে ১৯ ডিসেম্বর বাংলাদেশ ছাড়েন শাকিরা।

এদিকে, শাকিরার ভারত সফর নিয়েও আলোচনা রয়েছে। সর্বশেষ ২০০৭ সালে মুম্বাইয়ে ‘ওরাল ফিক্সেশন ট্যুর’-এর অংশ হিসেবে কনসার্ট করেছিলেন তিনি। প্রায় ১৯ বছর পর ২০২৬ সালে আবারও ভারতে তার পারফর্ম করার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার কারণে অনুষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, স্থগিত হওয়া কনসার্টটি আগামী বছর আয়োজনের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে বাংলাদেশে শাকিরার সম্ভাব্য কনসার্টের খবর ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। তবে ঢাকার মঞ্চে তার পারফরম্যান্স দেখতে হলে অপেক্ষা করতে হবে শিল্পীর চূড়ান্ত সম্মতি ও আয়োজকদের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology