রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
চলতি বছরই চালু হচ্ছে ৩ সরকারি মেডিকেল কলেজ, আসন সংখ্যা কত
২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে নতুন তিনটি সরকারি মেডিকেল কলেজ। কলেজগুলো হলো রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ, নরসিংদী মেডিকেল কলেজ ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজ। প্রথমবারের মতো এসব প্রতিষ্ঠানে ৫০টি করে মোট ১৫০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রকাশিত ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির হালনাগাদ আসনসংখ্যার চূড়ান্ত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। তালিকায় সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিটের আসনসংখ্যা উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২২ নভেম্বর সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে সরকারি কর্মচারী মেডিকেল কলেজে চলতি শিক্ষাবর্ষে ৫০ জন শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত হয়। এর আগে গত ১৬ নভেম্বর ভর্তি নীতিমালা হালনাগাদকরণবিষয়ক সভায় নরসিংদী ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এসব কলেজেও ৫০টি করে মোট ১০০টি আসন নির্ধারণ করা হয়েছে।
রাজধানীর ফুলবাড়িয়ায় ৫০০ শয্যাবিশিষ্ট সরকারি কর্মচারী হাসপাতালকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হচ্ছে সরকারি কর্মচারী মেডিকেল কলেজ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে কলেজটি প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। গত ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি দেওয়া হয়।
জানা গেছে, প্রাথমিক পর্যায়ে ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতাল প্রাঙ্গণেই কলেজটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। এ জন্য হাসপাতাল ভবনের দুটি তলা শ্রেণিকক্ষ ও অন্যান্য শিক্ষা কার্যক্রমের উপযোগী করে প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় কলেজটির স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা হবে।
এদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোর আসন পুনর্বিন্যাসের অংশ হিসেবে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আসনসংখ্যা ২০০ থেকে বাড়িয়ে ২২০ করা হয়েছে। গত ৫ নভেম্বর কলেজটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ২০টি আসন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের তথ্য অনুযায়ী, দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে মেডিকেল কলেজের সংখ্যা ১০৮টি। এর মধ্যে সরকারি ৪০টি এবং বেসরকারি ৬৮টি। এর বাইরে সশস্ত্র বাহিনী পরিচালিত আর্মড ফোর্সেস, আর্মি ও নেভি মেডিকেল কলেজ রয়েছে।
গত ২৫ নভেম্বর প্রকাশিত আসন পুনর্বিন্যাসের তালিকা অনুযায়ী, নতুন তিনটি কলেজসহ দেশের ৪০টি সরকারি মেডিকেল কলেজে মোট আসনসংখ্যা ৫ হাজার ২৭০টি। অন্যদিকে, ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ২১টি।
এ ছাড়া দেশের ৯টি সরকারি ডেন্টাল কলেজে ৫৪৫টি এবং ২৫টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে ১ হাজার ৩৬০টি আসন রয়েছে।
অন্যদিকে, সেনাবাহিনী পরিচালিত পাঁচটি মেডিকেল কলেজ—বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর ও রংপুরে আগে ৫০টি করে মোট ২৫০টি আসন ছিল। চলতি শিক্ষাবর্ষে বগুড়া ও কুমিল্লা আর্মি মেডিকেল কলেজে ১০টি করে আসন বাড়ানো হয়েছে।
ইএইচআর/ সিটি/ ডিসি









