রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে সড়কে গাছ ফেলে অবরোধ ও আগুন
আওয়ামী লীগের ঘোষিত আট দফা দাবি আদায়ের লক্ষ্যে ডাকা লকডাউনে গোপালগঞ্জে সড়ক অবরোধ ও যান চলাচল বন্ধ রয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন সড়কে গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। কোথাও কোথাও সড়কে আগুন জ্বালিয়ে স্লোগান দিতেও দেখা গেছে।
সকাল সাড়ে ৯টার দিকে সরেজমিনে দেখা যায়, জেলার সড়কগুলোতে গণপরিবহনসহ কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। বিভিন্ন স্থানে গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়েছে। এ ছাড়া পুলিশের চেকপোস্টের সরঞ্জাম সড়কে ফেলে রাখতেও দেখা যায়। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
এদিকে রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা থাকায় বিপাকে পড়েছেন পরীক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রে সময়মতো পৌঁছাতে সকাল থেকেই অনেক শিক্ষার্থীকে বের হতে দেখা গেছে। গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়াগামী কয়েকজন পরীক্ষার্থীও যানবাহনের অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্যও শিক্ষার্থীরা যাতায়াতের চেষ্টা করছেন।
লকডাউন কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী জানিয়েছেন, পরীক্ষার্থীদের যাতায়াতে বাধা দেওয়া হচ্ছে না। বিশেষ করে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে যেতে পারেন, সে সুযোগ দেওয়া হচ্ছে বলে তারা দাবি করেন।
তবে সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা ও ভোগান্তি দেখা দিয়েছে। জেলার সার্বিক পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বিরাজ করছে।
এদিকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সরেজমিনে জেলার বিভিন্ন সড়কে অবরোধ, আগুন জ্বালানো ও যান চলাচল বন্ধের চিত্র দেখা গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোনো তৎপরতা চোখে পড়েনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে কোনো দৃশ্যমান পদক্ষেপও দেখা যায়নি।
ইএইচআর/ সিটি/ ডিসি









