শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
মাদ্রাসায় অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় উপস্থিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও সহকারী অধ্যাপক
পটুয়াখালীর বাউফল উপজেলার পশ্চিম নওমালা নেছারিয়া ফাজিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও একজন সহকারী অধ্যাপকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে পরিদর্শন করে এবং প্রতিষ্ঠানের হাজিরা খাতা বিশ্লেষণে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
জানা গেছে, পশ্চিম নওমালা নেছারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ইব্রাহিম হাবিব, তার স্ত্রী ও মাদ্রাসার উপাধ্যক্ষ জান্নাতুল মারিয়াম এবং তাদের ঘনিষ্ঠ সহকারী অধ্যাপক বিলকিস খানম নিয়মিত মাদ্রাসায় উপস্থিত থাকেন না।
অভিযোগ রয়েছে, মাসের শেষ দিকে মাত্র দুই— তিন দিন তারা মাদ্রাসায় আসেন। অধিকাংশ কার্যদিবসে অনুপস্থিত থাকলেও মাস শেষে একসঙ্গে হাজিরা খাতায় পুরো মাসের স্বাক্ষর সম্পন্ন করেন তারা।
সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ আকস্মিকভাবে মাদ্রাসা পরিদর্শনে গেলে ছুটি ছাড়াই অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অনুপস্থিত থাকার বিষয়টি সামনে আসে।
অপরদিকে, গণমাধ্যমকর্মীদের কাছে এসেছে মাদ্রাসার শিক্ষক হাজিরা খাতার একটি কপি। চার মাসের হাজিরার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, প্রতি মাসের প্রথম দিকে অন্যান্য শিক্ষকের সাক্ষর খাতায় উল্লেখ থাকলেও অধিকাংশ কার্যদিবসে অভিযুক্ত তিনজনের স্বাক্ষরের ঘর ফাঁকা থাকে।
কিন্তু মাস শেষে অধ্যক্ষসহ দুজন শিক্ষকের সাক্ষরের ফাঁকা ঘরগুলোতে স্বাক্ষর সম্পন্ন হয়েছে দেখা যায়। সরেজমিনে পরিদর্শন করেও অভিযুক্ত শিক্ষকদের উপস্থিত পাওয়া যায়নি। বিধি মোতাবেক এধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ। দীর্ঘদিন এধরনের অনিয়ম চললেও প্রতিষ্ঠান কিংবা অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যাবস্থা নেওয়া হয়না।
এসব অভিযোগের বিষয় জানতে মাদ্রাসায় বসেই অধ্যক্ষ ও উপাধ্যক্ষের মুঠোফোনে সংযোগ পাওয়ার চেষ্টা করলেও তাদের সাড়া পাওয়া যায়নি। এমনকি মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠিনো হলেও এ বিষয়ে তাদের মন্তব্য জানা সম্ভব হয়নি।
অভিযুক্ত তিন মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতার বিষয় স্বীকার করেছেন মাদ্রাসার অন্তত সাতজন শিক্ষক। কিন্তু অধ্যক্ষের ভয়ে তাদের কেউই এ বিষয়ে অন-রেকর্ড কথা বলতে রাজি হননি। তবে তারা জানান, অভিযুক্তদের দায়িত্বে অবহেলা ও অনিয়মের কারণে মাদ্রাসার প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি শ্রেণি কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, সরেজমিনে পরিদর্শন করে মাদ্রাসায় কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে এবং সংশ্লিষ্টদের সতর্ক করে দ্রুত সমস্যাগুলো সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে আমি আকস্মিক মাদ্রাসা পরিদর্শন করবো, কাউকে অনুপস্থিত পেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
ইএইচআর/ সিটি/ ডিসি









