শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

শাহাদতের অনবদ্য সেঞ্চুরিতে পাকিস্তানের বিরুদ্ধে লড়াকু স্কোর পেল বাংলাদেশ

শাহাদতের অনবদ্য সেঞ্চুরিতে পাকিস্তানের বিরুদ্ধে লড়াকু স্কোর পেল বাংলাদেশ
শাহাদত হোসেন দিপু

পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের সেমিফাইনালে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ ‘এ’ দল। ব্যাটিং বিপর্যয়ের মধ্যে এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন শাহাদত হোসেন। তার ১০৩ রানের অপরাজিত ইনিংসের ওপর ভর করেই লড়াই করার মতো পুঁজি পেয়েছে বাংলাদেশ। শেষ দিকে রিপনের ১২ বলে ১৯ রানের অপরাজিত ইনিংসও দলের সংগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ‘এ’ দল। তবে শুরুটা ভালো হয়নি তাদের। পাকিস্তানের আলী রাজার বোলিংয়ে মাত্র ১৪ রানের মধ্যে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ২ রান করে রাজার বাউন্সারে ফিরে যান অধিনায়ক সাইফ হাসান। এরপর ১৬ রানে দ্বিতীয় উইকেট হারায় দল। ১৭ বলে ৯ রান করে বোল্ড হন মাহমুদুল হাসান জয়।

প্রাথমিক বিপর্যয় সামলে শাহাদত ও মাহিদুল ইসলাম মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন। শুরুতে ধীরগতিতে খেললেও ধীরে ধীরে জমে ওঠে তাদের জুটি। ৯৫ রানের এই জুটিতে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান দুজন। ৭৮ বলে ৪২ রান করে সুফিয়ান মুকিমের বলে আউট হন মাহিদুল। তার বিদায়ে ভাঙে গুরুত্বপূর্ণ এই জুটি। এর আগে ৬১ বলে ফিফটি পূর্ণ করেন শাহাদত।

মাহিদুল ফেরার পর অবশ্য আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সুফিয়ান মুকিমের ঘূর্ণিতে এক ওভারে ফিরে যান আফিফ হোসেন ও সাব্বির হোসেন। আফিফ ৫ রান করলেও সাব্বির কোনো রান করতে পারেননি। পরপর উইকেট হারিয়ে ১২১ রানে ৫ উইকেটে পরিণত হয় বাংলাদেশের সংগ্রহ।

এরপর মেহেরাবের সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নেন শাহাদত। দুজনের ব্যাটে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। তাদের জুটি থেকে আসে ৫২ রান। তবে ২৮ রান করে হাসান নেওয়াজের বলে সাজঘরে ফেরেন মেহেরাব। একই ওভারের পরের বলেই আউট হন মোহাম্মদ রুবেল। এরপর ১০ রান করে রাকিবুলের বিদায়ে ১৯৫ রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ।

একদিকে নিয়মিত উইকেট পড়লেও অন্য প্রান্তে অবিচল ছিলেন শাহাদত। শেষ পর্যন্ত ১০৩ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন তিনি। আহমেদ দানিয়ালের ওভারের পঞ্চম বলে স্টাম্পে পিচ করা বল মিডউইকেট দিয়ে ছক্কায় পরিণত করে সেঞ্চুরি পূর্ণ করেন এই ব্যাটার। তার সঙ্গে শেষ দিকে কার্যকর ব্যাটিং করেন রিপন। ১২ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন তিনি।

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে শাহাদত ১০৩, মাহিদুল ৪২ ও মেহেরাব ২৮ রান করেন। পাকিস্তানের হয়ে সুফিয়ান মুকিম ২৯ রানে ৩ উইকেট নেন। এ ছাড়া হাসান নেওয়াজ ও আলী রাজা দুটি করে উইকেট শিকার করেন।

২৩৩ রানের লক্ষ্য নিয়ে এবার ব্যাট করতে নামবে পাকিস্তান ‘এ’ দল।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology