রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
স্কুলের গেটে বাঁধা ছিল ককটেল সদৃশ বস্তু
সিরাজগঞ্জের উল্লাপাড়া মার্চেন্টস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল সদৃশ বস্তু বেঁধে রেখে গেছে দুর্বৃত্তরা।
রোববার (২৯ নভেম্বর) সকালে বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী গেটে বিস্ফোরক সদৃশ বস্তু দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে পানিতে ভিজিয়ে রেখেছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক (টেকনিক্যাল) নাজিম উদ্দিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, স্কুল গেটের তালার সঙ্গে ককটেল সদৃশ বস্তুটি দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় বেঁধে রেখে গেছে। সকালে নিরাপত্তাকর্মী প্রথমে দেখতে পায়। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা সেটি উদ্ধার করে পানিতে ভিজিয়ে রেখেছেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জাগো নিউজকে বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে এসে লাল টেপ দিয়ে প্যাঁচানো ককটেল সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়েছে। তবে সেটি আদৌ ককটেল কি-না এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা করছেন।
ইএইচআর/ বিএন/ ডিসি









