রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

নিজ ক্যাম্পাসে পরীক্ষার দাবিতে বাঙলা কলেজে বিক্ষোভ, ভারপ্রাপ্ত অধ্যক্ষের কার্যালয়ে তালা

নিজ ক্যাম্পাসে পরীক্ষার দাবিতে বাঙলা কলেজে বিক্ষোভ, ভারপ্রাপ্ত অধ্যক্ষের কার্যালয়ে তালা

নিজ নিজ ক্যাম্পাসে পরীক্ষা নেওয়ার দাবিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) সংযুক্ত সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এ সময় তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে বাঙলা কলেজ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে পরীক্ষা নেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় গঠনের আন্দোলন করেছি শিক্ষাক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করার জন্য। কিন্তু এখনো সিন্ডিকেট আমাদের অগ্রযাত্রায় বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে।’

আরেক শিক্ষার্থী বলেন, ‘এক ক্যাম্পাস থেকে অন্য ক্যাম্পাসে পরীক্ষা দিতে যাওয়ায় আমাদের নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়। পর্যাপ্ত পরিবহনব্যবস্থা না থাকায় পরীক্ষার সময় লোকাল বাসে যাতায়াত করতে হয়। অনেক সময় শিক্ষার্থী দেখলে বাসে নিতে চায় না। ফলে নির্ধারিত সময়ে পরীক্ষার হলে পৌঁছানোও কঠিন হয়ে পড়ে। তাই আমাদের দাবি, শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসেই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে।’

প্রসঙ্গত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজগুলোর মধ্যে বর্তমানে এক কলেজের শিক্ষার্থীদের অন্য কলেজে গিয়ে পরীক্ষায় অংশ নিতে হয়। এর মধ্যে ইডেন মহিলা কলেজের একাংশের পরীক্ষা হয় ঢাকা কলেজে এবং অন্য অংশের পরীক্ষা হয় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে। ঢাকা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয় ইডেন মহিলা কলেজে।

এ ছাড়া সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের পরীক্ষা হয় কবি নজরুল সরকারি কলেজে এবং কবি নজরুল সরকারি কলেজের পরীক্ষা হয় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে। সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা হয় সরকারি বাঙলা কলেজে এবং সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা হয় সরকারি তিতুমীর কলেজে।

শিক্ষার্থীরা জানান, যাতায়াতের ভোগান্তি ও সময়ক্ষেপণ কমাতে এবং শিক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করতে নিজ নিজ ক্যাম্পাসে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা জরুরি।

ইএইচআর/ বিএন/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: সরকারি বাঙলা কলেজ
নির্মাণ : REM Technology