রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

শামীম ওসমানের নেতাকর্মীদের সঙ্গে ‘সুসম্পর্ক’, এমপিপুত্রকে শোকজ বিএনপির

শামীম ওসমানের নেতাকর্মীদের সঙ্গে ‘সুসম্পর্ক’, এমপিপুত্রকে শোকজ বিএনপির
আবুল কাউসার আশা © ক্যাম্পাস টাইমস সম্পাদিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে ‘সুসম্পর্ক’ থাকার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় এমপির ছেলে আবুল কাউসার আশাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। নোটিশে কাউসারের বিরুদ্ধে আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানের ঘনিষ্ঠদের সরকারের গুরুত্বপূর্ণ কাজে সংশ্লিষ্ট করারও অভিযোগ আনা হয়েছে।

‎গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর স্বাক্ষরে দলীয় প্যাডে কারণ দর্শানোর এ নোটিশ দেওয়া হয়।

২ দিন আগে নোটিশ দিলেও গতকাল শনিবার বিষয়টি জানাজানি হয়। কারণ দর্শানোর নোটিশ ডিজিটাল মাধ্যম হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়েছেন বলে জানিয়েছেন আবুল কাউসার আশা। তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিয়েছেন বলেও গণমাধ্যমে জানান।

নোটিশে উল্লেখ করা হয়েছে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির গুরুত্বপূর্ণ পদে থেকেও আবুল কাউসার আশা ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে সুসম্পর্ক গড়ে বিভিন্ন সুবিধা আদায় ও তাদের বিভিন্নভাবে স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করে’ দলের ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা ও দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছেন। এমন অভিযোগে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না– নোটিশের মাধ্যমে জানতে চাওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ‘আপনি দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও দল ও সরকারের ভাবমূর্তির কথা চিন্তা না করে আওয়ামী লীগের পদধারী ও শামীম ওসমান পরিবারের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল, তাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর নিজের স্বার্থে সরকারের গুরুত্বপূর্ণ কাজে সংশ্লিষ্ট করে ও নিজের মিছিল-মিটিংয়ে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করেন।’

আওয়ামী লীগের নেতাদের মধ্যে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন মোল্লা, ধামগড় ইউনিয়নের শেখ রাসেল ক্রীড়া একাডেমির কেন্দ্রীয় সভাপতি হাবিবুর রহমান, বন্দর উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আইয়ুব মেম্বারসহ অন্যদের সঙ্গে আবুল কাউসার আশার বিভিন্ন ছবির কথাও নোটিশে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

শোকজ নোটিশ পাওয়া আবুল কাউসার আশা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ছিলেন। তাঁর বাবা আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি। তাঁর রাজনৈতিক সচিব হিসেবে কাজ করছেন কাউসার। তিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতিও ছিলেন।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology