রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সিপিআর কীভাবে দেবেন, জেনে নিন সহজে
হঠাৎ কারও হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। এ ধরনের পরিস্থিতিতে জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কার্ডিও-পালমোনারি রিসাসিটেশন বা সিপিআর। এটি একটি জরুরি চিকিৎসাপদ্ধতি, যার মাধ্যমে বুকের ওপর চাপ প্রয়োগ করে সাময়িকভাবে রক্ত সঞ্চালন চালু রাখার চেষ্টা করা হয়। এতে মস্তিষ্কসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে অক্সিজেনযুক্ত রক্ত পৌঁছাতে সহায়তা করে।
হার্ট অ্যাটাক, শ্বাসরোধ বা পানিতে ডুবে যাওয়ার মতো ঘটনায় কারও কার্ডিয়াক অ্যারেস্ট হলে সিপিআর জীবন রক্ষায় সহায়ক হতে পারে। এ সময় হৃদযন্ত্র কার্যকরভাবে রক্ত পাম্প করতে পারে না। ফলে মস্তিষ্ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গে রক্ত ও অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। দ্রুত সিপিআর শুরু করা গেলে চিকিৎসাসেবা পৌঁছানোর আগপর্যন্ত রক্ত সঞ্চালন কিছুটা বজায় রাখা সম্ভব।
সিপিআর দেওয়ার জন্য শুধু চিকিৎসক বা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী হওয়া জরুরি নয়। প্রাথমিক প্রশিক্ষণ ও সঠিক ধারণা থাকলে সাধারণ মানুষও জরুরি মুহূর্তে এ পদ্ধতি প্রয়োগ করতে পারেন। তবে সঠিক নিয়ম জানা এবং দ্রুত জরুরি সেবায় যোগাযোগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সিপিআর দেওয়ার আগে যা করবেন
সিপিআর শুরু করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখবেন
- প্রথমে আশপাশের পরিবেশ নিরাপদ কি না দেখুন।
- ব্যক্তিকে ডাকুন এবং কাঁধে আলতো চাপ দিয়ে তিনি সাড়া দিচ্ছেন কি না পরীক্ষা করুন।
- স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন কি না দেখুন। শুধু হাঁপানো বা অস্বাভাবিকভাবে শ্বাস নেওয়াকে স্বাভাবিক শ্বাস মনে করবেন না।
- ব্যক্তি সাড়া না দিলে এবং স্বাভাবিকভাবে শ্বাস না নিলে দ্রুত জরুরি সেবায় ফোন করুন। আশপাশে কেউ থাকলে তাকে ফোন করতে এবং স্বয়ংক্রিয় বহিঃস্থ ডিফিব্রিলেটর (এএইডি) খুঁজে আনতে বলুন।
- আতঙ্কিত না হয়ে দ্রুত বুকের চাপ প্রয়োগ শুরু করুন।
কীভাবে সিপিআর দেবেন
সিপিআর দেওয়ার ক্ষেত্রে বুকের চাপ বা চেস্ট কম্প্রেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে পদ্ধতিটি হলো—
১. ব্যক্তিকে শক্ত ও সমতল জায়গায় চিত করে শুইয়ে দিন।
২. তার বুকের মাঝখানে, বুকের হাড়ের নিচের অর্ধেক অংশে এক হাতের তালুর গোড়ালি রাখুন। অন্য হাতটি তার ওপর রাখুন।
৩. দুই হাতের আঙুল পরস্পরের সঙ্গে আটকে রাখুন। কনুই সোজা রেখে কাঁধ হাতের ঠিক ওপরের দিকে রাখুন।
৪. শরীরের ওপরের অংশের ওজন ব্যবহার করে বুক প্রায় ৫ থেকে ৬ সেন্টিমিটার গভীরতায় চাপ দিন। প্রতিবার চাপ দেওয়ার পর বুককে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে দিন।
৫. প্রতি মিনিটে ১০০ থেকে ১২০ বার চাপ দিতে থাকুন।
৬. আপনি প্রশিক্ষিত হলে ৩০ বার বুক চাপ দেওয়ার পর দুটি রেসকিউ ব্রিদিং বা কৃত্রিম শ্বাস দিন। এভাবে ৩০টি চাপ ও দুটি শ্বাসের চক্র চালিয়ে যান।
৭. প্রশিক্ষিত না হলে বা মুখে মুখে শ্বাস দিতে স্বাচ্ছন্দ্যবোধ না করলে শুধু বুকের ওপর চাপ দিতে থাকুন। জরুরি সেবা পৌঁছানো বা ব্যক্তি স্বাভাবিকভাবে শ্বাস নেওয়া শুরু করা পর্যন্ত চালিয়ে যান।
শ্বাসনালি খুলবেন যেভাবে
রেসকিউ ব্রিদিং দেওয়ার জন্য ব্যক্তির শ্বাসনালি খুলতে হবে। এ জন্য এক হাত কপালে রেখে মাথা আলতোভাবে পেছনের দিকে কাত করুন। অন্য হাতের আঙুল দিয়ে চিবুক ওপরে তুলুন। এতে শ্বাসনালি খোলার সুযোগ তৈরি হবে।
রেসকিউ ব্রিদিং বা কৃত্রিম শ্বাস দেওয়ার নিয়ম
প্রশিক্ষিত হলে শ্বাসনালি খোলার পর ব্যক্তির নাকের ছিদ্র বন্ধ করে নিজের মুখ দিয়ে তার মুখ ঢেকে দিন। এরপর প্রায় এক সেকেন্ড ধরে শ্বাস দিন এবং বুক ওঠে কি না দেখুন। একইভাবে দ্বিতীয়বার শ্বাস দিন। বুক না উঠলে মাথা কাত করা ও চিবুক তোলার অবস্থান ঠিক করে আবার চেষ্টা করুন।
এরপর আবার ৩০ বার বুক চাপ দিয়ে দুটি শ্বাস দেওয়ার চক্র চালিয়ে যান।
সহায়তা কীট পাওয়া গেলে কী করবেন
আশপাশে স্বয়ংক্রিয় বহিঃস্থ ডিফিব্রিলেটর (এএইডি) থাকলে সেটি ব্যবহার করুন। যন্ত্রটির নির্দেশনা অনুসরণ করে প্যাড লাগান। যন্ত্রটি শক দেওয়ার পরামর্শ দিলে নিশ্চিত করুন যেন কেউ ব্যক্তিকে স্পর্শ না করেন। শক দেওয়ার পরপরই আবার সিপিআর শুরু করুন এবং যন্ত্রের নির্দেশনা মেনে চলুন।
সিপিআর চালিয়ে যেতে হবে যতক্ষণ না ব্যক্তি স্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করেন, জরুরি চিকিৎসাকর্মীরা দায়িত্ব নেন, পরিস্থিতি অনিরাপদ হয়ে ওঠে অথবা আপনি শারীরিকভাবে আর চালিয়ে যেতে সক্ষম না হন।
সিপিআর একটি জীবনরক্ষাকারী জরুরি পদ্ধতি। তবে এর সঠিক প্রয়োগ জানা অত্যন্ত জরুরি। তাই সুযোগ থাকলে স্বীকৃত প্রতিষ্ঠানের প্রশিক্ষণ নেওয়া ভালো। জরুরি মুহূর্তে দ্রুত সাড়া দেওয়া, জরুরি সেবায় ফোন করা এবং সঠিকভাবে বুকের চাপ প্রয়োগ করা একজন মানুষের জীবন বাঁচানোর সম্ভাবনা বাড়াতে পারে।
ইএইচআর/ সিটি/ ডিসি









