রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

উড়োজাহাজ অবতরণের আগমুহূর্তে ৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল বিমানবন্দর, ভিডিও ভাইরাল

উড়োজাহাজ অবতরণের আগমুহূর্তে ৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল বিমানবন্দর, ভিডিও ভাইরাল
ভূমিকম্পের নির্দেশনা পাওয়ার পর অবতরণ বাতিল করে উড়োজাহাজটি

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ৫ মাত্রার ভূমিকম্পের সময় অবতরণের চেষ্টা বাতিল করে আবার আকাশে উঠে যায় ডেল্টা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। শনিবার (২৮ নভেম্বর) সকালে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে (এলএএক্স) এ ঘটনা ঘটে। ভূমিকম্পের কম্পনে বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের ক্যামেরাও কেঁপে ওঠে। খবর টাইমস অব ইন্ডিয়ার

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের সময় রানওয়ের দিকে এগিয়ে আসছিল ডেল্টা এয়ারলাইনসের ফ্লাইট ১৯৭২। এ সময় বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে পাইলটদের অবতরণ বাতিল করে উড়োজাহাজটি ওপরে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

কন্ট্রোল টাওয়ার থেকে পাইলটদের বলা হয়, ‘ডেল্টা ১৯৭২, অবতরণ বাতিল করুন। এখানে বড় ধরনের ভূমিকম্প হচ্ছে।’ নির্দেশনা পেয়ে উড়োজাহাজটি রানওয়ের কাছ থেকে ওপরে উঠে যায় এবং পুনরায় অবতরণের প্রস্তুতি নেয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটির যাত্রায় ১ ঘণ্টা ১৩ মিনিট দেরি হয়।

স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল ম্যানহাটন বিচের প্রায় ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, সান্তা মনিকা উপসাগরের নিচে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১২ থেকে ১৩ কিলোমিটার।

ভূমিকম্পের কম্পন লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। বিমানবন্দরের একটি টার্মিনালে ছাদের কিছু টাইলস খসে পড়ার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভবনের বিভিন্ন সরঞ্জাম ও বস্তু কাঁপতে দেখা যায়।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট পরিস্থিতি মূল্যায়নে শহরের ১০৬টি ফায়ার স্টেশন থেকে কর্মীদের মোতায়েন করে। সংস্থাটির মুখপাত্র লিন্ডসে ল্যান্টজ জানান, প্রাথমিকভাবে বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শহরের মেয়র কারেন বাস জানান, ভূমিকম্পের প্রভাব যাচাইয়ে নগর কর্তৃপক্ষ কাজ করছে। একই সঙ্গে তিনি বাসিন্দাদের পরাঘাতের বিষয়ে সতর্ক থাকতে এবং কম্পন থামা পর্যন্ত ‘নিচু হন, আড়াল নিন ও ধরে থাকুন’—এই নির্দেশনা অনুসরণের আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই।

এদিকে, ভূমিকম্পের পর লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত শেভরনের এল সেগুন্দো তেল শোধনাগার থেকে আগুনের শিখা উঠতে দেখা যায়। এতে উদ্বেগ তৈরি হলেও এল সেগুন্দো কর্তৃপক্ষ জানায়, এটি ছিল শোধনাগারের নিয়মিত নিরাপত্তামূলক প্রক্রিয়া। কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটলে অতিরিক্ত গ্যাস নিয়ন্ত্রিতভাবে পোড়ানোর অংশ হিসেবে এ আগুন জ্বালানো হয়; ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতির সঙ্গে এর সম্পর্ক নেই।

নিউইয়র্ক পোস্টের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পরবর্তী ৪৫ মিনিটে উপকূলীয় এলাকায় অন্তত ১৯টি পরাঘাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে একটির মাত্রা ছিল ৩ দশমিক ৭।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology