শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
সরকারের আট মাসে শিক্ষায় ৪ বিতর্ক: বেশি সমালোচনা চাকরি ও নিয়োগ ঘিরে
ক্ষমতায় আসার পর গত আট মাসে সরকারের নেওয়া ও বিবেচনাধীন চার সিদ্ধান্ত ঘিরে চাকরিপ্রার্থী, শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। কখনো শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়া নিয়ে আলোচনা, আবার কখনো ম্যানেজিং কমিটিতে যোগ্যতার শর্তে শিথিলতা— এমন সিদ্ধান্তে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা। এর সঙ্গে যুক্ত হয়েছে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় মৌখিক নম্বর বহুগুণ বৃদ্ধি, পিএসসি সংস্কার নিয়ে অনিশ্চয়তা এবং পুলিশ ভেরিফিকেশনে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের বাদ পড়ার মতো ঘটনা। এসব সিদ্ধান্তের কোনোটি নিয়োগব্যবস্থার প্রচলিত কাঠামো পরিবর্তনের উদ্যোগ, কোনোটি আবার পুরোনো ব্যবস্থায় ফিরে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে। এসব উদ্যোগের পক্ষে সরকারের যুক্তি থাকলেও স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যোগ্যতার মূল্যায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। আট মাসজুড়েই শিক্ষা ও চাকরি ঘিরে এমন পাঁচ ইস্যু ছিল আলোচনা-সমালোচনার কেন্দ্রে।
ম্যানেজিং কমিটিতে যোগ্যতার শর্তে শিথিলতা নিয়ে প্রশ্ন
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি গঠন নিয়ে সম্প্রতি নতুন পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে সভাপতি হওয়ার ক্ষেত্রে ন্যূনতম স্নাতক ডিগ্রির শর্ত রাখা হলেও বিশেষ অবদান বা শিক্ষার প্রসার ও উন্নয়নে ভূমিকার বিবেচনায় কিছু ক্ষেত্রে শর্ত শিথিল করার সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ও শিক্ষানুরাগী ব্যক্তিদেরও কমিটিতে যুক্ত করার সুযোগ রাখা হয়েছে।
পরিপত্রে সভাপতির জন্য শিক্ষাগত যোগ্যতার শর্ত বহাল থাকলেও ব্যতিক্রমের সুযোগ এবং শিক্ষানুরাগী বা স্থানীয় গণ্যমান্য ব্যক্তির অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষা সংশ্লিষ্টরা। তাদের আশঙ্কা, এসব শর্তের স্পষ্ট মানদণ্ড না থাকলে রাজনৈতিক প্রভাব ও স্থানীয় ক্ষমতাবান ব্যক্তিদের কমিটিতে প্রবেশের সুযোগ তৈরি হতে পারে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের মাধ্যমিক শিক্ষা-সংক্রান্ত পরামর্শক কমিটির সভাপতি মনজুর আহমেদ মনে করেন, সভাপতির ন্যূনতম স্নাতক ডিগ্রির শর্ত ইতিবাচক। তবে বিশেষ অবদানের নামে শর্ত শিথিল করার সুযোগ এবং শিক্ষানুরাগী ব্যক্তির সংজ্ঞা স্পষ্ট না থাকলে এ বিধান অপব্যবহারের সুযোগ তৈরি করতে পারে।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে শিক্ষার মান, শিক্ষাক্রম বাস্তবায়ন ও শিক্ষার্থীদের অগ্রগতির বিষয়ে ধারণা থাকা জরুরি। শুধু স্থানীয়ভাবে পরিচিত বা প্রভাবশালী হলেই কেউ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার উপযুক্ত হয়ে যান না। শিক্ষার সঙ্গে সংশ্লিষ্টতা ও প্রয়োজনীয় যোগ্যতার বিষয়টি বিবেচনায় রাখতে হবে।
মনজুর আহমেদের মতে, স্থানীয় পর্যায়ে অনেক ব্যক্তি রয়েছেন, যাঁদের প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা না থাকলেও অর্থসম্পদ বা রাজনৈতিক যোগাযোগ রয়েছে। তাঁদের জন্য কমিটিতে প্রবেশের সুযোগ তৈরি হলে স্নাতক ডিগ্রির শর্তটি কার্যত গুরুত্ব হারাতে পারে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনায় যোগ্যতার পরিবর্তে প্রভাব ও যোগাযোগ মুখ্য হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।
ম্যানেজিং কমিটির কাঠামো নিয়েও ভিন্ন প্রস্তাব দিয়েছেন তিনি। তাঁর মতে, কমিটিতে অভিভাবকদের প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন। শিক্ষিত ও শিক্ষার প্রতি আগ্রহী অভিভাবক, ভালো ফল করা শিক্ষার্থীদের অভিভাবক এবং শিক্ষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা যেতে পারে। এরপর কমিটির সদস্যদের মধ্য থেকেই সভাপতি নির্বাচন করা যেতে পারে।
তিনি মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানের দৈনন্দিন প্রশাসনিক কাজে ম্যানেজিং কমিটির অতিরিক্ত হস্তক্ষেপ থাকা উচিত নয়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিতে হবে। কমিটির কাজ হবে প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়ন, বার্ষিক বাজেট ও আর্থিক নীতিমালা প্রণয়নসহ তদারকিমূলক দায়িত্ব পালন করা। নিয়োগ, কেনাকাটা, দরপত্রসহ দৈনন্দিন কাজে কমিটির অতিরিক্ত হস্তক্ষেপ প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে পারে।
মনজুর আহমেদ আরও প্রশ্ন তোলেন, আগের পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে কমিটি গঠনের নীতিমালায় পরিবর্তন আনার পর আবার নতুন করে আগের ব্যবস্থার দিকে যাওয়ার প্রয়োজন কেন হলো।
তাঁর মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন, আয় ও পরিচালনব্যবস্থার ভিন্নতা বিবেচনা না করে সবার জন্য একই ধরনের কাঠামো চাপিয়ে দিলেও কাঙ্ক্ষিত ফল নাও আসতে পারে। সরকারি কর্মকর্তাদের মনোনয়ন দিলেই যে ভালো কমিটি হবে, তারও নিশ্চয়তা নেই।

পিএসসি সংস্কারের দাবি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন
সরকারি চাকরিতে নিয়োগের আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পিএসসি। প্রতিষ্ঠানটির নিয়োগপ্রক্রিয়া, সিদ্ধান্ত গ্রহণ এবং সদস্য নিয়োগে রাজনৈতিক প্রভাবের অভিযোগ দীর্ঘদিনের। বিভিন্ন সময়ে চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীরা পিএসসির সংস্কার দাবি করেছেন। তাদের অভিযোগ, নিয়োগের ক্ষেত্রে মেধা ও যোগ্যতার পাশাপাশি রাজনৈতিক পরিচয় ও প্রভাব কাজ করে।
চলতি বছরের ১৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে পিএসসি সংস্কার জোট কয়েকটি দাবি জানায়। এর মধ্যে ছিল একই প্রার্থীকে একাধিকবার ক্যাডার পদে সুপারিশ বন্ধ করা, ৪৫তম ও ৪৯তম বিসিএসের পুনরাবৃত্ত সুপারিশের ফল সংশোধন, শূন্য পদের বিপরীতে পাঁচ থেকে সাত গুণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার সুযোগ দেওয়া, সাধারণ বিসিএস প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে নিয়োগ বাড়ানো এবং নন-ক্যাডার নিয়োগের ২০২৩ সালের বিধিমালা বাতিল করে ২০১৪ সালের বিধিমালা পুনর্বহাল করা। লিখিত পরীক্ষার আগে প্রার্থীদের পর্যাপ্ত সময় দেওয়ার দাবিও জানানো হয়।
এর আগে ২০২৫ সালের ২৮ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পিএসসি সংস্কার ও রাজনৈতিক নিয়োগ বন্ধের দাবিতে আন্দোলন করেন। তাদের দাবির মধ্যে ছিল পিএসসি ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ, সুপারিশ ও নিয়োগ বন্ধ করা এবং এসব প্রতিষ্ঠানে নিয়োগের জন্য স্বাধীন কমিটি গঠন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. সাদিক হাসান ক্যাম্পাস টাইমসকে বলেন, পিএসসির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাবমুক্ত ও নিরপেক্ষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া জরুরি। কারণ, এ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে জনবল নিয়োগ হয়। নিয়োগকারী প্রতিষ্ঠান সম্পর্কে চাকরিপ্রার্থীদের মধ্যে পক্ষপাতের ধারণা তৈরি হলে পুরো ব্যবস্থার ওপর আস্থা কমে যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. ফজলুর রহমানও পিএসসির নিরপেক্ষতার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন , সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় নিয়োগের প্রবণতা দেখা যায়। বিশ্ববিদ্যালয়গুলোতেও সরকার গঠনের পর ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ শিক্ষকদের উপাচার্য নিয়োগের প্রবণতা রয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে এ ধরনের চর্চা থাকলে অন্য রাজনৈতিক মতাদর্শের বা ভিন্ন চিন্তার যোগ্য ব্যক্তিদের অবদান রাখার সুযোগ সীমিত হয়ে পড়ে।
তিনি বলেন, পিএসসির মতো প্রতিষ্ঠানে শুধু নামমাত্র সংস্কার করলেও হবে না। নিয়োগপ্রক্রিয়ার মূল জায়গায় নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। সরকারের শীর্ষ পর্যায়ে যারা থাকবেন, তাদেরও নিজেদের সংস্কার করতে হবে। সরকার যদি নিজের পছন্দের লোকজনকে প্রতিষ্ঠানের দায়িত্বে বসায় এবং তাদের দিয়ে নিজেদের ইচ্ছামতো কাজ করায়, তাহলে কাঠামোগত সংস্কার করেও লাভ হবে না।
অধ্যাপক ফজলুর রহমানের মতে, পিএসসি থেকে নিয়োগ পাওয়া ব্যক্তিরা শুধু প্রশাসনের ক্যাডার কর্মকর্তা নন; বিভিন্ন নন-ক্যাডার পদেও নিয়োগের মাধ্যমে তারা শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে ভূমিকা রাখেন। তাই এ প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিশ্চিত করা রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মৌখিক পরীক্ষায় নম্বর বৃদ্ধি নিয়ে বিতর্ক
ম্যানেজিং কমিটির ক্ষমতা বৃদ্ধি ও সভাপতি পদে রাজনৈতিক নেতাদের সুযোগ দেওয়ার বিতর্কের মধ্যেই শিক্ষক নিবন্ধনসহ সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগও নিয়েছে সরকার। এ নিয়ে চাকরিপ্রার্থী ও শিক্ষাসংশ্লিষ্টদের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
গত ১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর প্রস্তাব করা হয়। প্রস্তাব অনুযায়ী, শিক্ষক নিবন্ধনের ভাইভা পরীক্ষায় ১০ নম্বর বাড়িয়ে ৩০ নম্বর করার সুপারিশ করা হয়েছে। নীতিগত অনুমোদন পেলে আসন্ন ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকেই নতুন নম্বর বিভাজন কার্যকরের পরিকল্পনা রয়েছে।
শিক্ষক নিবন্ধনের পাশাপাশি অন্যান্য সরকারি চাকরিতেও মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় তৃতীয় ও চতুর্থ শ্রেণির (১১তম থেকে ২০তম গ্রেড) চাকরিতে ভাইভার নম্বর সর্বোচ্চ ৪০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর একটি খসড়া বিধিমালা তৈরি করেছে।
প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী, বিভিন্ন গ্রেডের চাকরিতে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর কথা বলা হয়েছে। এর মধ্যে ১১ ও ১২তম গ্রেডে ভাইভার নম্বর ১০ থেকে বাড়িয়ে ৫০ করার প্রস্তাব রয়েছে। অর্থাৎ এ ক্ষেত্রে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ছে ৪০০ শতাংশ। ১৩ থেকে ১৬তম গ্রেডে ১০ নম্বরের পরিবর্তে ৪০ এবং ১৭ থেকে ২০তম গ্রেডে লিখিত ও মৌখিক পরীক্ষায় ২৫ নম্বর করে রাখার প্রস্তাব করা হয়েছে।
ভাইভার নম্বর বাড়ানোর পাশাপাশি লিখিত পরীক্ষার পাস নম্বরও কমানোর প্রস্তাব রয়েছে। বর্তমানে ৫০ শতাংশ নম্বর পেতে হলেও প্রস্তাবিত ব্যবস্থায় কোনো কোনো ক্ষেত্রে তা কমিয়ে ৩৫ থেকে ৪০ শতাংশ করার কথা বলা হয়েছে।
নীতিনির্ধারক ও সরকারি সূত্রগুলোর মতে, লিখিত পরীক্ষায় প্রযুক্তির অপব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রক্সি বা অন্য উপায়ে জালিয়াতি করে অযোগ্য প্রার্থীদের পাস করার সুযোগ ঠেকানো এবং ভাইভা বোর্ডে তাঁদের যোগ্যতা যাচাই করে বাদ দেওয়াই এ পরিবর্তনের মূল উদ্দেশ্য। তবে এ উদ্যোগের বিরোধিতা করে বিরোধী দল একে প্রশাসনকে ‘দলীয়করণের অশুভ ইঙ্গিত ও ষড়যন্ত্র’ হিসেবে আখ্যা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীরা এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
মৌখিক পরীক্ষায় মূল্যায়নের বস্তুনিষ্ঠতা নিয়ে সংশয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. ফজলুর রহমান বলেন, মৌখিক পরীক্ষায় নম্বর বেশি থাকলে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ও পক্ষপাতের সুযোগ বাড়ে। লিখিত পরীক্ষায় নির্দিষ্ট প্রশ্ন, উত্তর ও মূল্যায়ন নির্দেশিকা থাকে। কিন্তু মৌখিক পরীক্ষায় একজন প্রার্থীর উত্তরকে বোর্ডের সদস্যরা ভিন্নভাবে মূল্যায়ন করতে পারেন। ফলে একই উত্তর একজনের কাছে ভালো মনে হলেও অন্যজনের কাছে তা গ্রহণযোগ্য নাও হতে পারে।
তিনি বলেন, লিখিত পরীক্ষায় নির্ভরযোগ্যতা ও যথার্থতা বজায় রাখা তুলনামূলক সহজ হলেও মৌখিক পরীক্ষায় তা কঠিন। বোর্ডের সদস্যদের ব্যক্তিগত মূল্যায়ন, প্রার্থীর সঙ্গে পরিচয় কিংবা অন্য কোনো প্রভাবের কারণে নম্বরের ক্ষেত্রে বৈষম্য তৈরি হতে পারে। তাই মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. সাদিক হাসানও সরকারি চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করে বলেন, মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানো হলে স্বজনপ্রীতি, দলীয়করণ ও প্রতিহিংসার ঝুঁকি তৈরি হতে পারে। লিখিত পরীক্ষার তুলনায় ভাইভায় বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা কঠিন। অল্প সময়ের মৌখিক পরীক্ষায় একজন প্রার্থীর যোগ্যতা পুরোপুরি মূল্যায়ন করা সম্ভব নয় বরং বোর্ডের সদস্যদের ব্যক্তিগত ধারণা বা পছন্দ-অপছন্দের প্রভাব পড়তে পারে।
তিনি মনে করেন, এতে যোগ্য প্রার্থীরা অবিচারের শিকার হয়েছেন বলে মনে করতে পারেন। নিয়োগপ্রক্রিয়া নিয়ে তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হতে পারে। ফলে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর আগে এর মূল্যায়নপদ্ধতি, স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়গুলো নিশ্চিত করা জরুরি।

পুলিশ ভেরিফিকেশনে বাদ বিতর্ক
সরকারি চাকরিতে নিয়োগের শেষ ধাপে পুলিশ ভেরিফিকেশন নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে সুপারিশ পাওয়ার পরও ভেরিফিকেশনের কারণে নিয়োগপত্র না পাওয়া এবং দীর্ঘদিন অনিশ্চয়তায় থাকা প্রার্থীদের ভোগান্তি এ বিতর্ককে আরও জোরালো করেছে। বিসিএস এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের একটি অংশ নিয়োগপত্র পান নি। বাংলাদেশের বিসিএস নিয়োগের ইতিহাসে এটি নতুন নয়। কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগে আগেই বিপুল পরিমাণে ভেরিফিকেশনে আটকে থাকার নজির তৈরি হয় নি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) তথ্য অনুযায়ী, সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের মধ্যে ১৩ হাজার ৮৩১ জন প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। তাঁদের মধ্যে ১৩ হাজার ৭৪৮ জন নিয়োগপত্র পেলেও ৮৩ জন নিয়োগপত্র পাননি।
চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা, পরীক্ষা ও নিয়োগের বিভিন্ন ধাপ পেরিয়ে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ায় হতাশায় পড়েন প্রার্থীরা। তখন ভুক্তভোগীরা অভিযোগ করেন, চাকরিতে যোগদানের আশায় প্রস্তুতি ও অপেক্ষার দীর্ঘ সময় পার করার পর শেষ পর্যায়ে এসে তাদের নিয়োগ আটকে গেছে। এতে শুধু চাকরিতে যোগদানই অনিশ্চিত হয়নি, ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও তৈরি হয়েছে চাপ। দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় থাকা প্রার্থীদের অনেকেরই আয়-রোজগারের বিকল্প ব্যবস্থা নেই। ফলে নিয়োগের অনিশ্চয়তার সঙ্গে তাদের আর্থিক ভোগান্তিও বেড়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা রাজধানীর শাহবাগে আন্দোলনেও নামেন। ভুক্তভোগীরা চলতি বছরের ২৭ সেপ্টেম্বর বহু বঞ্চিত প্রার্থী অংশ নিয়েছেন। শুরুতে দুই হাজারের বেশি প্রার্থী বাদ পড়ার অভিযোগ উঠেছিল। আন্দোলনের পর দফায় দফায় তাদের নিয়োগপত্র ইস্যু করা হয়। পরে যাচাই-বাছাই শেষে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীর সংখ্যা ৮৩ জনে দাঁড়ায়। বঞ্চিতের সংখ্যা কমে এলেও এসব প্রার্থীর নিয়োগের অনিশ্চয়তা কাটেনি। এই বঞ্চিত প্রার্থীরাও ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত তারা আমরণ অনশন কর্মসূচি পালন করেন। পরে দাবি আদায়ে ১৫ নভেম্বর রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও নিয়োগ না হওয়ায় প্রার্থীরা তাঁদের নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা এবং ভেরিফিকেশনে বাদ দেওয়ার কারণ প্রকাশের দাবি জানান।
এ নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের পাশাপাশি প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তদন্ত যুক্ত হওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। প্রার্থীদের নিয়োগ আটকে যাওয়ার পেছনে ভেরিফিকেশন প্রক্রিয়ার ভূমিকা, যাচাইয়ের মানদণ্ড এবং সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। অন্যদিকে ডিপিইর পক্ষ থেকে অতীতে মামলা, আবেদনে ভুল তথ্য দেওয়া কিংবা ভুল উপজেলায় আবেদন করার মতো কারণের কথা বলা হয়েছে। তবে এসব কারণের কোনটি কোন প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য, তা স্পষ্টভাবে জানা না গেলে নিয়োগপ্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা ও অসন্তোষ থেকেই যায়।
ফলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন কতটা স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক হওয়া প্রয়োজন, সেই প্রশ্ন সামনে এসেছে। নিরাপত্তা যাচাই নিয়োগপ্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও চূড়ান্ত সুপারিশের পর প্রার্থীদের দীর্ঘদিন অনিশ্চয়তায় রাখা এবং বাদ পড়ার কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা না পাওয়া তাদের ভোগান্তি বাড়াচ্ছে। ফলে নিয়োগের শেষ ধাপেও প্রার্থীদের অধিকার, সিদ্ধান্তের স্বচ্ছতা এবং আপিল বা পুনর্বিবেচনার সুযোগ নিশ্চিত করার দাবি উঠছে।
দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতার ওপর গুরুত্ব
শিক্ষা ও সরকারি নিয়োগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের আগে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়া, সম্ভাব্য প্রভাব পর্যালোচনা করা এবং বাস্তবায়নের জন্য স্বচ্ছ নীতিমালা তৈরি করা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, তাৎক্ষণিক সিদ্ধান্ত বা একের পর এক নীতির পরিবর্তনের পরিবর্তে দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং জবাবদিহি নিশ্চিত করা গেলে এসব খাতে স্থিতিশীলতা ও জনআস্থা তৈরি করা সম্ভব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. ফজলুর রহমান বলেন, শিক্ষার মতো দীর্ঘমেয়াদি ক্ষেত্রের উন্নয়নে একটি সুস্পষ্ট লক্ষ্য ও পরিকল্পনা থাকা প্রয়োজন। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষা-সংক্রান্ত নীতি ও সিদ্ধান্ত বদলে গেলে ধারাবাহিক উন্নয়ন সম্ভব হয় না। বরং আগের সরকারের নেওয়া উদ্যোগগুলোর মধ্যে যেগুলো কার্যকর ও ইতিবাচক, সেগুলো অব্যাহত রেখে প্রয়োজন অনুযায়ী সংশোধন করা উচিত। রাজনৈতিক মতাদর্শ বা দলীয় বিবেচনার পরিবর্তে শিক্ষার গুণগত মান, শিক্ষার্থীদের প্রয়োজন এবং বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে নীতি নির্ধারণ করতে হবে।
তাঁর মতে, বাংলাদেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে একটি দীর্ঘমেয়াদি শিক্ষা পরিকল্পনা ও কার্যকর শিক্ষা কমিশন প্রয়োজন। ২০১০ সালের জাতীয় শিক্ষানীতি প্রণয়নের পর দীর্ঘ সময় পেরিয়ে গেছে। এ সময়ে শিক্ষা, প্রযুক্তি ও কর্মবাজারে ব্যাপক পরিবর্তন এসেছে। ফলে নতুন বাস্তবতা ও ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় শিক্ষানীতি পর্যালোচনা ও হালনাগাদ করা দরকার। পাঠ্যক্রমও নির্দিষ্ট সময় পরপর—প্রতি তিন থেকে পাঁচ বছর অন্তর—পর্যালোচনা করা উচিত, যাতে নতুন জ্ঞান, দক্ষতা ও বৈশ্বিক পরিবর্তন শিক্ষাব্যবস্থায় যুক্ত করা যায়। তবে পাঠ্যক্রম বা শিক্ষানীতির পরিবর্তন যেন সরকার পরিবর্তনের সঙ্গে রাজনৈতিক মতাদর্শের প্রতিফলন না হয়ে ওঠে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
অধ্যাপক ফজলুর রহমান আরও মনে করেন, শিক্ষার মানোন্নয়ন শুধু পাঠ্যক্রম পরিবর্তন বা নতুন সিদ্ধান্ত নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে যোগ্য শিক্ষক নিয়োগ, তাঁদের যথাযথ প্রশিক্ষণ, উপযুক্ত কর্মপরিবেশ, পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও শিক্ষা উপকরণ নিশ্চিত করার বিষয়গুলোও জড়িত। শিক্ষকদের জীবনমান উন্নয়ন এবং শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ বাড়ানোও জরুরি। তাঁর মতে, শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় বরাদ্দ বাড়িয়ে অন্তত ৩ থেকে ৪ শতাংশে নেওয়া প্রয়োজন। একই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার পাশাপাশি মূল্যবোধ, সামাজিক সহমর্মিতা ও মানবিক গুণাবলি বিকাশেও গুরুত্ব দিতে হবে।
ইএইচআর/ সিটি/ ডিসি









