রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
নির্বাচন কমিশন গঠন ও মনোনয়ন ফরম বিক্রির এক বছর, তবুও অধরা ব্রাকসু
শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলন, মানববন্ধন, সংবাদ সম্মেলন ও আমরণ অনশনের পর বিশ্ববিদ্যালয়ের আইনে যুক্ত হয়েছিল কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ। এরপর শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল দ্রুত নির্বাচনের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করার। সেই প্রত্যাশা পূরণে গত বছরের ৪ নভেম্বর গঠন করা হয়েছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রথম নির্বাচন কমিশন।
কিন্তু এক বছর পেরিয়ে গেলেও সেই নির্বাচন আয়োজন করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বরং একের পর এক তফসিল পরিবর্তন, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, কমিশন পুনর্গঠন ও নির্বাচনী কার্যক্রম স্থগিতের মধ্য দিয়ে দীর্ঘ হয়েছে শিক্ষার্থীদের এই অপেক্ষা। অধরাই থেকে গেছে বহুল প্রতীক্ষিত ব্রাকসু।
২০২৫ খ্রিষ্টাব্দের ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ১১৬তম জরুরি সিন্ডিকেট সভায় ছয় সদস্যের প্রথম নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. ফেরদৌস রহমানকে। তবে কমিশন গঠনের এক দিন পরই দায়িত্ব থেকে পদত্যাগ করেন তিনি। এতে শুরুতেই অনিশ্চয়তা তৈরি হয় নির্বাচন আয়োজন নিয়ে।
পরে ১১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ১১৭তম জরুরি সিন্ডিকেট সভায় পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শাহজামানকে প্রধান নির্বাচন কমিশনার করে ছয় সদস্যের কমিশন পুনর্গঠন করা হয়। তবে কমিশন পুনর্গঠনের পরও নির্বাচনী কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি ছিল না। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ১৮ নভেম্বর প্রথম নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। এতে ২৯ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এক দিন পরই ২০ নভেম্বর দ্বিতীয় দফায় তফসিল পরিবর্তন করে ভোটের তারিখ ২৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়।
এদিকে ২৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান পদত্যাগপত্র জমা দেন। পরে প্রশাসনের অনুরোধে তিনি আবার দায়িত্ব পালনে সম্মত হন। তবে ভোটার তালিকায় অসংগতির অভিযোগে ১ ডিসেম্বর নির্বাচন কমিশন জরুরি সংবাদ সম্মেলন করে অনির্দিষ্টকালের জন্য সব নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষণা করে। পরবর্তী সময়ে ৩ ডিসেম্বর স্থগিতাদেশ প্রত্যাহার করে সংশোধিত তৃতীয় তফসিল ঘোষণা করা হয়।
সংশোধিত তফসিল অনুযায়ী শিক্ষার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও ডোপ টেস্টের প্রতিবেদনসহ প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেন। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৯ ডিসেম্বর কোনো পূর্বঘোষণা ছাড়াই নির্বাচন কমিশনের অফিস খোলা থাকলেও লাপাত্তা হয়ে যান সব কমিশনার। এতে প্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়। পরদিন ১০ ডিসেম্বর আবারও তফসিল পরিবর্তন করে ভোটগ্রহণের তারিখ ২১ জানুয়ারি নির্ধারণ করা হয়। এটি ছিল চতুর্থ তফসিল।
এরপর ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান দ্বিতীয়বারের মতো পদত্যাগপত্র জমা দেন। ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। পদত্যাগপত্রে অধ্যাপক শাহজামান ভোটার তালিকা প্রস্তুত, বারবার তফসিল পরিবর্তন এবং নির্বাচন ঘিরে বিভিন্ন পক্ষের বিরোধ ও অসহযোগিতাকে দায়িত্ব পালনের অন্তরায় হিসেবে উল্লেখ করেন।
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের পর ১৩ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের নির্ধারিত কার্যক্রমও আটকে যায়। ওই দিন প্রধান নির্বাচন কমিশনার ছাড়া বাকি পাঁচ কমিশনারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের বিষয়ে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছেন। তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় এবং আনুষ্ঠানিক দায়িত্ব অর্পণ না থাকায় খসড়া ভোটার তালিকা প্রকাশসহ গুরুত্বপূর্ণ নির্বাচনী কার্যক্রম পরিচালনা আইনসম্মত হবে না। ফলে তালিকা প্রকাশে সাময়িক বিরতি রাখতে বাধ্য হন তারা।
এরপর ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আসেন সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা। ১২ জানুয়ারি পঞ্চম দফায় তফসিল ঘোষণা করে ২৫ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। তবে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সব নির্বাচনী কার্যক্রম ১২ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখার নির্দেশনার পরিপ্রেক্ষিতে ১৪ জানুয়ারি ব্রাকসু ও হল সংসদ নির্বাচনের কার্যক্রমও স্থগিত ঘোষণা করে কমিশন।
ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় নির্বাচন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নতুন তফসিল ঘোষণা করা হবে। তবে থমকে যাওয়া কার্যক্রম বছর পেরোলেও দেখেনি আলোর মুখ।
এভাবে পাঁচ দফা তফসিল ঘোষণা ও চারবার ভোটের তারিখ পরিবর্তনের পরও শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি হয়নি। ২০২৬ খ্রিষ্টাব্দের ২৫ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনেও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বমূলক সংগঠনগুলোর নির্বাচন না হওয়ার পাশাপাশি ব্রাকসু নির্বাচন ঝুলে থাকার বিষয়টি উঠে আসে। ফলে নির্বাচন কমিশন গঠনের এক বছর পূর্ণ হলেও শিক্ষার্থীদের প্রত্যাশিত সংসদ গঠনের অপেক্ষা কাটেনি।
বেরোবি শিক্ষার্থী পরিষদ থেকে কেন্দ্রীয় সংসদের ভিপি প্রার্থী আহমাদুল হক আলবীর বলেন, ব্রাকসুর কথা মনে পড়লে দীর্ঘশ্বাস ফেলতে হয়। শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কত আন্দোলন-সংগ্রামই না করতে হয়েছে। কিন্তু, শেষ পর্যন্ত সব প্রচেষ্টাই ব্যর্থ। কারণ, ভিসি যে কোনো মূল্যে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে চেয়েছেন। এ জন্য আমাদের সামনে ভিসিসহ প্রশাসন কত নাটকই না মঞ্চস্থ করেছে।
তিনি বলেন, একাধিকবার তফসিল ঘোষণা ও নির্বাচন কমিশন গঠনের পরও নানা ঠুনকো অজুহাত সামনে এনে নির্বাচন বানচাল করা হয়েছে। শিক্ষক পরিচয়ে শিক্ষার্থীদের সঙ্গে এভাবে কতটা প্রতারণা করা সম্ভব, তা ভেবেই আমরা অবাক। পরিস্থিতি এমন ছিল যে, নির্বাচন না হলেও তাকে ক্ষমতায় থাকতে হবে। তাই শিক্ষার্থীদের অধিকার খর্ব করে হলেও তিনি ক্ষমতা ধরে রাখতে চেয়েছেন। আর এ ক্ষেত্রে সহযোগী হিসেবে ছিল ছাত্রদল। ব্রাকসু নির্বাচন বানচাল করতে তারাও কোনো চেষ্টাই বাকি রাখেনি।
আলবীর বলেন, ভিসিসহ এই প্রশাসন ব্রাকসু বাস্তবায়নের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করেননি। বরং প্রার্থীদের কাছ থেকে মনোনয়ন ফি আদায় করেছেন। অথচ আমাদের জানা নেই, সেই অর্থ কী কাজে ব্যয় করা হয়েছে।
রহমত আলী নামে এক স্বতন্ত্র ভিপি প্রার্থী পড়াশোনা শেষে এখন চাকরিতে যোগ দিয়েছেন। তিনি বলেন, এখন চাকরি নিয়েই আছি। এসব নিয়ে এখন আর বলার কিছু নেই। সে সময় নানা টালবাহানা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন দেয়নি।
গঠনতন্ত্রে বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি রয়েছে অভিযোগ করে সংশোধনের দাবি জানিয়েছিল ছাত্রদল এবং তাদের পক্ষ থেকে কোনো মনোনয়ন ফর্মও তোলা হয়নি। এ বিষয়ে ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, ব্রাকসুর সংবিধানে বেশ কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে। সেগুলো সংশোধন করে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া উচিত। আমরা ছাত্রদলের পক্ষ থেকে এ দাবি জানিয়ে আসছি। পাশাপাশি পদসংখ্যা বৃদ্ধি করতে হবে এবং ছাত্র সংসদের যে ক্ষমতা, তা আরও বাড়াতে হবে। কারণ, ছাত্র সংসদের ক্ষমতা খর্ব করা হয়েছে।
এ বিষয়ে ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মাসুদ রানা বলেন, শিক্ষার্থীরা যখনই চাইবে, তখনই ব্রাকসু নির্বাচন হবে। মনোনয়ন ফরম বিক্রির টাকাসহ ব্রাকসুর হিসাব অফিসে আছে।
এ বিষয়ে বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, ভাইস চ্যান্সেলর হিসেবে আমার ইনভলভমেন্ট তাদের সঙ্গে ছিল। তারা নিজেরাই বসেছিল এবং সব পক্ষই একসঙ্গে বসে তারা তাদের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে। এখন তারা কবে বসবে সেটা তাদের ব্যাপার। এখন পর্যন্ত আমার সঙ্গে এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি। এখানে স্বপ্রণোদিতভবে আমার কিছু বলার নাই। এটা শিক্ষার্থীরা বসে তারাই ঠিক করে আমাদের কাছে আসলে তখন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
বারবার তফসিল স্থগিত ও নির্বাচন কমিশনারদের পদত্যাগের বিষয়ে তিনি বলেন, এটা আমার কোনো বিষয় নয় এটি তৎকালীন যারা নির্বাচন কমিশনের দায়িত্বে ছিল তারাই এটার উত্তর দিতে পারবে। এটা আমার উত্তর দেওয়ার বিষয় না। কারণ নির্বাচন কমিশন পুরোপুরি স্বাধীন। এটার ব্যাপারে আমার কোনো মন্তব্য করা ঠিক না।
ইএইচআর/ বিএন/ ডিসি









