রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের দুই অর্জন

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের দুই অর্জন
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল © সম্পাদিত

বাংলাদেশের উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি ও সহযোগিতা সম্প্রসারণে দুটি গুরুত্বপূর্ণ অর্জন করেছে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)। এর মধ্যে রয়েছে এশিয়া-প্যাসিফিক কোয়ালিটি নেটওয়ার্কের (এপিকিউএন) পূর্ণ সদস্যপদ অর্জন এবং দক্ষিণ কোরিয়ার একটি অ্যাক্রেডিটেশন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর।

শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ নভেম্বর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশনবিষয়ক আন্তর্জাতিক সংস্থা এশিয়া-প্যাসিফিক কোয়ালিটি নেটওয়ার্কের (APQN) পূর্ণ সদস্যপদ অর্জন করেছে কাউন্সিল। এ সদস্যপদ অর্জনের ফলে আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।

এর আগে গত ১০ নভেম্বর বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং কোরিয়া প্রজাতন্ত্রের কোরিয়ান ইউনিভার্সিটি অ্যাক্রেডিটেশন ইনস্টিটিউটের (KUAI) মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, অ্যাক্রেডিটেশন, প্রশিক্ষণ, গবেষণা এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ নিয়ে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের মোট পাঁচটি সমঝোতা স্মারক ও একটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। কাউন্সিল আশা করছে, এসব অর্জন দেশের উচ্চশিক্ষার গুণগত মান আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের উচ্চশিক্ষার গ্রহণযোগ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশের উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত করতে ভবিষ্যতেও আন্তর্জাতিক সংস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা জোরদারে কাজ অব্যাহত রাখবে কাউন্সিল।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology