রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

নারী-শিশুসহ ৩১৭ জনকে নিয়ে মালয়েশিয়া যাচ্ছিল ট্রলার, আটক ৭ পাচারকারী

নারী-শিশুসহ ৩১৭ জনকে নিয়ে মালয়েশিয়া যাচ্ছিল ট্রলার, আটক ৭ পাচারকারী
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে নারী ও শিশু উদ্ধার

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় মানব পাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) সকালে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইলসংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড সূত্র জানায়, একটি কাঠের ট্রলারে করে বিপুলসংখ্যক মানুষকে অবৈধভাবে মালয়েশিয়ায় নেওয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সাগরে নজরদারি শুরু করেন কোস্ট গার্ডের সদস্যরা। একপর্যায়ে সন্দেহভাজন ট্রলারের অবস্থান শনাক্ত করে সেটিকে থামার সংকেত দেওয়া হয়। তবে সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করেন ট্রলারের চালক। পরে ধাওয়া দিয়ে ট্রলারটি আটক করা হয়।

ট্রলারে তল্লাশি চালিয়ে নারী ও শিশুসহ ৩১৭ জনকে পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের মধ্যে ৪৭ জন রোহিঙ্গা এবং বাকিরা বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। তারা অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে ট্রলারে উঠেছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, সাগরপথে মানব পাচারের চেষ্টা নস্যাৎ করে ৩১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় সাতজন পাচারকারীকে আটক করা হয়েছে।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology