রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
স্পেশাল এক্সামসহ তিন দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন
ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা-২০২৪ এর এক বিষয়ে ফেল শিক্ষার্থীদের পাস নিশ্চিত করা, স্পেশাল এক্সামসহ পরীক্ষার খাতা দেখার সুযোগের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। রোববার (২৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনার্স ২০২৪ পরীক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ সেশনজটের কারণে তিন বছরের ডিগ্রি কোর্স শেষ করতে প্রায় ছয় বছর লেগে যাচ্ছে। এর মধ্যে ডিগ্রি তৃতীয় বর্ষের (পরীক্ষা-২০২৪) ফলে মাত্র একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় হাজারো শিক্ষার্থীর শিক্ষাজীবন ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। খাতা চ্যালেঞ্জ করার পরও সামান্য নম্বরের জন্য একটি পুরো শিক্ষাবর্ষ পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের পরিবারও চরম দুশ্চিন্তায় রয়েছে।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো—অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা (স্পেশাল এক্সাম) নিতে হবে। পরীক্ষার উত্তরপত্র দেখার সুযোগ দিতে হবে। উপাচার্যের প্রতিশ্রুতি অনুযায়ী এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পাস নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে শিক্ষার্থীরা আরও বলেন, মানবিক বিবেচনায় এবং বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান অনুযায়ী সর্বোচ্চ গ্রেস মার্ক দিয়ে এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পাসের সুযোগ দিতে হবে। তাদের দাবি, সামান্য নম্বরের ব্যবধানে একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়া শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য বড় ধরনের ক্ষতি।
এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি দ্রুত তিন দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে ফলসংক্রান্ত অনিশ্চয়তা দূর করে দীর্ঘদিনের সেশনজট থেকে শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
ইএইচআর/ বিএন/ ডিসি









