রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
গ্রাম সরকার চালুর উদ্যোগ, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে করবে তদারকি
দেশে আবারও ‘গ্রাম সরকার’ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়ানো, স্থানীয় বিরোধ মীমাংসা ও গ্রামীণ শান্তিশৃঙ্খলা রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতেও কাজ করবে এ সরকার। এ লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় একটি খসড়া প্রস্তুত করেছে। মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের পর খসড়াটি আইন হিসেবে পাসের জন্য জাতীয় সংসদে তোলা হবে।
প্রস্তাবিত খসড়া অনুযায়ী, সারাদেশের ৪ হাজার ৫৬৮টি ইউনিয়নের অধীন ৪১ হাজার ১১২টি ওয়ার্ডে গ্রাম সরকার গঠন করা হবে। প্রতিটি গ্রাম সরকার হবে ১৭ সদস্যের। এর মধ্যে থাকবেন একজন প্রধান, একজন উপদেষ্টা ও ১৫ জন সদস্য।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গ্রাম সরকারের কাজ হবে শান্তিশৃঙ্খলা রক্ষা, স্থানীয় বিরোধ মীমাংসা, তৃণমূলের উন্নয়ন কর্মকাণ্ড তদারকি এবং বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় করা। গ্রামীণ রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণের পরিকল্পনা প্রণয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং নিয়মিত ইউনিয়ন পরিষদে প্রতিবেদন পাঠানোর দায়িত্বও থাকবে এ সরকারের।শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে সহযোগিতা: প্রস্তাবিত খসড়ায় গ্রাম সরকারের দায়িত্বের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে সহযোগিতা করার কথা বলা হয়েছে। অর্থাৎ, শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে কি না, সে বিষয়ে তৃণমূল পর্যায়ে নজরদারি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করবে গ্রাম সরকার।
এ ছাড়া পরিবার পরিকল্পনা, পুষ্টি ও টিকাদান কর্মসূচিসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা এবং মাঠপর্যায়ে এসব কর্মসূচিতে নিয়োজিত কর্মীদের কাজ সম্পর্কে ইউনিয়ন পরিষদে প্রতিবেদন দেওয়ার দায়িত্বও থাকবে।
যেভাবে গঠিত হবে গ্রাম সরকার: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকাশিত খসড়া অনুযায়ী, সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য হবেন গ্রাম সরকারের প্রধান। সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য তার নির্বাচনি এলাকার গ্রাম সরকারগুলোর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রথম সভা থেকে গ্রাম সরকারের মেয়াদ হবে পাঁচ বছর।
বাকি ১৫ সদস্যের মধ্যে থাকবেন গ্রামের দুজন গণ্যমান্য ব্যক্তি বা সমাজসেবক, প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন পুরুষ ও একজন নারী সদস্য এবং দুজন কৃষক। এ ছাড়া একজন করে নিকাহ রেজিস্ট্রার, সমবায় সমিতির সদস্য, পল্লিচিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী, পেশাজীবী, শ্রমিক ও যুব প্রতিনিধি রাখার প্রস্তাব রয়েছে।
সংশ্লিষ্ট এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস থাকলে তাদের একজন প্রতিনিধিকেও অন্তর্ভুক্ত করা হবে। কোনো শ্রেণির প্রতিনিধি পাওয়া না গেলে গণ্যমান্য ব্যক্তি বা সমাজসেবকের সংখ্যা বাড়িয়ে শূন্যস্থান পূরণ করা হবে।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্যই হবেন গ্রাম সরকারের প্রধান এবং সংরক্ষিত আসনের নারী সদস্য উপদেষ্টা হিসেবে থাকবেন। অর্থাৎ, নেতৃত্ব থাকবে ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে, কোনো মনোনীত ব্যক্তির হাতে নয়।
প্রস্তাবিত খসড়ায় গ্রাম সরকারের আরও বেশ কিছু দায়িত্বের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে গ্রামের রাস্তাঘাট ও কালভার্ট উন্নয়নে অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা প্রণয়ন এবং চলমান প্রকল্পের অগ্রগতি ও আর্থিক বিষয় পর্যালোচনা।
নারী ও শিশু নির্যাতন, সন্ত্রাস, চুরি, মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং এসব বিষয়ে ইউনিয়ন পরিষদে প্রতিবেদন দেওয়ার দায়িত্বও থাকবে।
এ ছাড়া বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন কর্মসূচি বাস্তবায়ন, কৃষি উন্নয়নে সার, উন্নতমানের বীজ ও কীটনাশকের সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংকট দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবে গ্রাম সরকার।
গ্রামের অর্থনৈতিক উন্নয়নে সমবায় সমিতি গঠন, ক্ষুদ্র শিল্প স্থাপন, হাঁস-মুরগির খামার, মৎস্য চাষ ও পশুপালনে জনগণকে উৎসাহিত করা, বৃক্ষরোপণ, খাল খনন, পরিবেশ ও প্রাণী সংরক্ষণেও কাজ করবে এ কমিটি।
নারী, যুব, তরুণ, প্রবীণ ও শিশুসহ গ্রামীণ জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে কল্যাণমূলক কার্যক্রম গ্রহণের পাশাপাশি সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় প্রতিষ্ঠানপ্রধানদের কার্ড, স্বাস্থ্য কার্ড ও ক্রীড়া কার্ড বিতরণ এবং তথ্য সংগ্রহে সহযোগিতা করবে। ভিজিএফ ও ভিজিডি কার্যক্রম বাস্তবায়নেও সহায়তা করার কথা রয়েছে খসড়ায়।
গ্রাম সরকার ব্যবস্থা চালু হলে স্থানীয় সরকার কাঠামোয় নতুন করে জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় সরকার বিশ্লেষকেরা। তাদের মতে, উন্নয়ন তদারকি ও সমন্বয়ের পাশাপাশি এ ব্যবস্থা রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্র হয়ে উঠতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মুসলেহ উদ্দিন আহমেদ বলেন, গ্রাম সরকার চালু হলে বিএনপির তৃণমূল পর্যায়ে একটি সাংগঠনিক ভিত্তি তৈরি হতে পারে। এতে ক্ষমতার ভাগাভাগিতে স্থানীয় পর্যায়ের মানুষ অংশ নেবে এবং দলের কর্মীরাও সুবিধা পেতে পারেন।
বাংলাদেশে গ্রাম সরকার ব্যবস্থা নতুন নয়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাসনামলে ১৯৮০ খ্রিষ্টাব্দে প্রথম এ ব্যবস্থা চালু করা হয়েছিল। পরে সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে তা বিলুপ্ত করা হয়।
এবার নতুন করে গ্রাম সরকার চালুর উদ্যোগ নিয়েছে বর্তমান বিএনপি সরকার। প্রস্তাবিত খসড়াটি আইন হিসেবে পাস হলে দেশের ৪১ হাজার ১১২টি ওয়ার্ডে এ ব্যবস্থা গড়ে উঠবে।
ইএইচআর/ বিএন/ ডিসি









