রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়: প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ কাল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমের দ্বিতীয় মেধাতালিকা কাল ৩০ নভেম্বর বিকেল ৪টায় প্রকাশ করা হবে। একই দিন প্রথম মেধাতালিকায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের কোর্স পরিবর্তনের ফলও প্রকাশ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়েছে, ৩০ নভেম্বর বিকেল ৪টা থেকে ভর্তির ফলাফল এসএমএসের মাধ্যমে জানা যাবে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu atdg roll no লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এছাড়া রাত ৯টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) মাধ্যমে ফলাফল জানা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দ্বিতীয় মেধাতালিকায় স্থান পাওয়া কোনো শিক্ষার্থী বর্তমানে স্নাতক (পাস), স্নাতক (সম্মান) অথবা স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সের যেকোনো শিক্ষাবর্ষে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই ৩ ডিসেম্বরের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে।
অন্যথায় দ্বৈত ভর্তির কারণে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
এদিকে, দ্বিতীয় মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা কোর্স পরিবর্তনের সুযোগ পাবেন। এ জন্য চূড়ান্ত ভর্তি ফরমে কোর্স পরিবর্তনের নির্দিষ্ট ঘরে ‘Yes’ অপশন নির্বাচন করতে হবে।
শিক্ষার্থীর কোর্স পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে কোর্সভিত্তিক শূন্য আসন থাকা সাপেক্ষে মেধার ভিত্তিতে কোর্স পরিবর্তন করা হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।
বিজ্ঞপ্তি দেখুন এখানে…
ইএইচআর/ বিএন/ ডিসি









