রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

৩৮ মিনিটে ৫ গোল, বিরল কীর্তিতে রেকর্ডবুকে সিমা

৩৮ মিনিটে ৫ গোল, বিরল কীর্তিতে রেকর্ডবুকে সিমা
আবদাল্লাহ সিমা

শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়েছিল লঁস। ম্যাচের নিয়ন্ত্রণও প্রতিপক্ষের হাতেই ছিল। সেখান থেকে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখলেন আবদাল্লাহ সিমা। মাত্র ৩৮ মিনিটের ব্যবধানে পাঁচবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দলকে এনে দিলেন দুর্দান্ত এক জয়। সেই সঙ্গে ফরাসি লিগের ইতিহাসেও জায়গা করে নিলেন।

শনিবার রাতে অ্যাঁজের মাঠে স্বাগতিকদের ৫-২ গোলে হারায় লঁস। সেনেগালের ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড ৪৩, ৬৪, ৭২, ৭৬ ও ৮১তম মিনিটে গোল পাঁচটি করেন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এক ম্যাচে পাঁচ গোল করার কীর্তি সবশেষ ২০১৮ সালের অক্টোবরে দেখা গিয়েছিল। সেবার আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের হয়ে পাঁচ গোল করেছিলেন লুকা ইয়োভিচ।

ফরাসি শীর্ষ লিগের ইতিহাসে এক ম্যাচে পাঁচ গোল করা ১৭তম খেলোয়াড় এখন আবদাল্লাহ। সবশেষ ২০১৪ সালের অক্টোবরে নিসের হয়ে এই কীর্তি গড়েছিলেন কার্লোস এদুয়ার্দো। লঁসের ইতিহাসে অ্যাওয়ে ম্যাচে একাই পাঁচ গোল করা প্রথম খেলোয়াড়ও তিনি। দ্রুততম পাঁচ গোলের তালিকায় লিগের ইতিহাসে তার অবস্থান দ্বিতীয়। ১৯৭৪ সালে ৩১ মিনিটে পাঁচ গোল করেছিলেন কার্লোস বিয়াঞ্চি।

ম্যাচের ২০তম মিনিটে আমিন এল ওয়াজ্জানির হেড লঁস ডিফেন্ডার জোয়ানার শাভেজের গায়ে লেগে জালে জড়ালে পিছিয়ে পড়ে সফরকারীরা। বিরতির ঠিক আগে ৪৩তম মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান আবদাল্লাহ।

দ্বিতীয়ার্ধের ৪৮তম মিনিটে কর্নার থেকে দুর্দান্ত ভলিতে অ্যাঁজেকে আবার এগিয়ে দেন এল ওয়াজ্জানি। তবে ৬৪তম মিনিটে আবদুলহামিদের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে সমতা ফেরান আবদাল্লাহ। ৮ মিনিট পরই দলকে এগিয়ে দেন তিনি।

এরপর ৭৬তম মিনিটে ফ্লোরিয়ান তোভাঁর পাস থেকে নিজের চতুর্থ গোল করেন আবদাল্লাহ। ৮১তম মিনিটে তোভাঁর ক্রসে হেড করে পূর্ণ করেন পাঁচ গোলের কীর্তি। কিছুক্ষণ পর তাকে তুলে নেওয়া হলে দর্শকদের করতালিতে মাঠ ছাড়েন এই ফরোয়ার্ড।

ম্যাচের আগে লিগ ওয়ানে ৬ ম্যাচে আবদাল্লাহর গোল ছিল মাত্র একটি। এক ম্যাচেই সেই সংখ্যা বাড়িয়ে ৬-এ নিয়ে গেলেন তিনি।

নিজের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত এই ফরোয়ার্ড বলেন, ‘দিনটি আমার জন্য সৌভাগ্যের। আমি খুব খুশি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা যে পরিশ্রম করেছি। পিছিয়ে পড়ার পর দুবার ঘুরে দাঁড়িয়েছি। কাজটি সহজ ছিল না। আমরা নিজেদের মানসিক দৃঢ়তা দেখিয়েছি।’

এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৫ ম্যাচ জয়হীন থাকার ধারাও ভাঙল লঁস। নতুন কোচ দিদিয়ের দিগার্দের অধীনে দলটির প্রথম জয় এটি। লিগের পয়েন্ট তালিকায় আপাতত সপ্তমস্থানে উঠে এসেছে তারা।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology