রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই আসামির বিরুদ্ধে ভার্চুয়ালি চার্জ গঠন

স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই আসামির বিরুদ্ধে ভার্চুয়ালি চার্জ গঠন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় ১৫ ও ১৬ বছর বয়সের দুই কিশোর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। তবে বিচারক অনুপস্থিত থাকায় কারাগারে থাকা প্রাপ্তবয়স্ক দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়নি।

রোববার (২৯ নভেম্বর) কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াসির আরাফাত এ আদেশ দেন।

আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। একই দিন মামলার প্রথম সাক্ষ্য গ্রহণের দিনও নির্ধারণ করা হয়েছে।

পিপি জানান, অপ্রাপ্তবয়স্ক দুই আসামি গাজীপুরের শিশু-কিশোর সংশোধনাগারে থাকায় তাদের আদালতে সশরীরে হাজির করা সম্ভব হয়নি। পরে ভার্চুয়ালি উপস্থিতির মাধ্যমে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

আদালত সূত্র জানায়, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। ওই দিনই সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন অপ্রতিমের বাবা। গত ২০ অক্টোবর কুমিল্লার আদালতে মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে চারজনকে অভিযুক্ত করা হয়।

তারা হলেন- সাইফুল ইসলাম তুহিন (১৯), মো. সিয়াম (১৯) এবং ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোর।

তাদের মধ্যে দুই কিশোর বর্তমানে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে রয়েছে। নিহত অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ বিষয়ে অপ্রতিমের বাবা ও মামলার বাদী কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, মামলার বিচারিক কার্যক্রমের অগ্রগতিতে আমি সন্তুষ্ট। স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য তিন মাসের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ করার যে আশ্বাস দিয়েছিলেন, সেই অনুযায়ী বিচারপ্রক্রিয়া এগিয়ে যাবে বলে আমি আশা করি। তিনি প্রচলিত আইনে আসামিদের সর্বোচ্চ শাস্তিও দাবি করেছেন।

ইএইচআর/ বিএন/ ডিসি

সংশ্লিষ্ট ক্যাম্পাস: কুমিল্লা বিশ্ববিদ্যালয়
নির্মাণ : REM Technology