রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
রামদা নিয়ে বিএনপির অবস্থান, ১৭ মিনিটে শামা ওবায়েদের ফেসবুকে ৩ পোস্ট
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহত করতে ফরিদপুরের বিভিন্ন স্থানে রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এসব কর্মসূচির ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
আজ রবিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টা ৩৪ মিনিট থেকে ১২টা ৫১ মিনিটের মধ্যে মাত্র ১৭ মিনিটের ব্যবধানে তিনি তিনটি ভিডিও পোস্ট করেন। এছাড়া আরও ২ টি অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলের পোস্ট শেয়ার করেন তিনি।
প্রতিমন্ত্রীর পোস্ট করা ভিডিওগুলোর ক্যাপশন অনুযায়ী, ঢাকা-খুলনা মহাসড়কের জয়বাংলা মোড়, ঢাকা-খুলনা-গোপালগঞ্জ মহাসড়কের চন্ডিবর্দি এবং ঝাটুরদিয়া বাজার এলাকায় এসব অবস্থান কর্মসূচি পালন করা হয়। ভিডিওগুলোতে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন নেতা-কর্মীদের হাতে রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়।
দুপুর ১২টা ৩৪ মিনিটে দেওয়া পোস্টে ঢাকা-খুলনা মহাসড়কের জয়বাংলা মোড়ে নগরকান্দা বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচির কথা উল্লেখ করা হয়। একই পোস্টের ক্যাপশনে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহত করার উদ্দেশ্যে ঝাটুরদিয়া বাজার এলাকায় নগরকান্দা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।
এরপর দুপুর ১২টা ৩৭ মিনিটে ঢাকা-খুলনা-গোপালগঞ্জ মহাসড়কের চন্ডিবর্দিতে বিএনপির অবস্থান কর্মসূচির ভিডিও পোস্ট করেন প্রতিমন্ত্রী। সর্বশেষ দুপুর ১২টা ৫১ মিনিটে একই চন্ডিবর্দি এলাকায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের অবস্থান কর্মসূচির আরেকটি ভিডিও পোস্ট করেন তিনি।
প্রতিমন্ত্রীর ফেসবুক পোস্টের ক্যাপশন ও ভিডিওতে দেখা যায়, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন। এসব ভিডিওতে তাদের কয়েকজনের হাতে রামদাসহ দেশীয় অস্ত্র দেখা গেছে।
ইএইচআর/ সিটি/ ডিসি









