রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টায় বরখাস্ত, তিন বছর পর চাকরিতে বহাল ঢাকা পলিটেকনিক কর্মচারী
ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া এক সরকারি কর্মচারীকে বিভাগীয় মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তদন্তে তার বিরুদ্ধে ‘অসদাচরণের’ অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাময়িক বরখাস্তের আদেশ বাতিল করে তাকে চাকরিতে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
গত ২৩ নভেম্বর কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
যেহেতু, কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন বাংলাদেশ সুইডেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর ড্রাইভার, জনাব মো. রিয়াদ হোসেন ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত থাকাকালীন ২০২৩ খ্রিষ্টাব্দের ১৯ মার্চ অফিস সময় সকাল আনুমানিক ১০টা ৩৫ মিনিটে একই প্রতিষ্ঠানের মেকানিক্যাল টেকনোলোজির ৮ম পর্বের এক ছাত্রী দরিদ্র কল্যাণ তহবিলের টাকা উত্তোলন করতে গেলে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। পরে কারিগরি শিক্ষা অধিদপ্তরের একই বছরের ১৯ মার্চ তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয় এবং উল্লিখিত অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ২১ মার্চ চিঠি অনুযায়ী অভিযোগনামা ও অভিযোগ বিবরণী পাঠানো হয়।
অভিযুক্ত অভিযোগনামার লিখিত জবাব দাখিল করলে এই জবাব অধ্যক্ষ বাংলাদেশ সুইডেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ২৩ খ্রিষ্টাব্দের ৭ জুন এ দপ্তরে পাঠানো হয়। অভিযুক্ত তার লিখিত জবাবে ব্যক্তিগত শুনানি গ্রহণের আবেদন করেন।
তার ব্যক্তিগত শুনানি একই বছরের ২৭ জুলাই ১০টার সময় নেয়া হয়। ড্রাইভার মো. রিয়াদ হোসেনের লিখিত জবাব এবং ব্যক্তিগত শুনানিতে উপস্থাপিত দালিলিক প্রমাণ সন্তোষজনক না হওয়ায় অভিযোগের বিষয়টি তদন্তের জন্য - কারিগরি শিক্ষা অধিদপ্তরের ২০২৩ খ্রিষ্টাব্দের ২৮ আগস্ট চিঠি অনুযায়ী প্রশাসন শাখার পরিচালক প্রকৌশলী মো. জয়নাল আবেদীনকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।
তদন্তে ড্রাইভার মো. রিয়াদ হোসেনের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়নি। তাই তাঁর সাময়িক বরখাস্তের আদেশ বাতিল করে বিভাগীয় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বরখাস্তকালীন সময়কে পূর্ণ কর্মকাল হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ইএইচআর/ বিএন/ ডিসি









