শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

গোপন অভিসারে

গোপন অভিসারে
গোপন অভিসারে | ছবি : জেমিনি
অনেক দিন যাবৎ মনে এক তীব্র গোপন অভিসারের বাসনা প্রবল হয়ে আছে। খাসিয়া জৈন্তার পাহাড়ের নীল সবুজের লোভানদীর নীল জলে অভিসারের। সুযোগ ও সময় নাগালে৷ আজ আর হাতছাড়া নয়।ভোরের আলো ফোটার আগেই লোভা নদীতে নৌকা ভাসিয়ে দিয়েছি। স্বচ্ছ নীল জলে আর দূরে পাহাড়। আহাঃ প্রেয়সী কি মধুর আহবান। চুম্বনে অধীর আগ্রহে যেন তার। এগিয়ে চলছে নৌকা। সীমান্ত হওয়ার কারণে থামতে হলো সীমানা ঘেঁষে লোভাছরা ঝর্নার মোহনায়।পাহাড়ের নীরবতা, নদীর কলতান আর প্রকৃতির রোমাঞ্চে হারিয়ে যাওয়ার এক অনন্য অভিসার আমার। কতদিন অপেক্ষার পর বজ মিলনক্ষণ।আমার কাছে পাহাড় ও নদী আর নীল আকাশ কেবল প্রাকৃতিক সৌন্দর্যের নাম নয়; তারা আমার প্রেয়সী। একজন নীরব, স্থির, অথচ গভীর—পাহাড়। অন্যজন চঞ্চল, দুরন্ত, নিজের গতিতে ছুটে চলা—নদী। তাদের দুজনের অভিসারে নিজেকে হারিয়ে ফেলার আনন্দই যেন ভ্রমণের সবচেয়ে বড় প্রাপ্তি।পাহাড়ের পথ যত এগিয়েছে, ততই বদলে গেছে চারপাশের দৃশ্যপট। দূর থেকে দেখা সবুজ পাহাড়গুলো কাছে এসে যেন আরও জীবন্ত হয়ে উঠেছে। নীল আকাশ কখনো মেঘ পাহাড়ের গায়ে এসে জড়িয়ে ধরেছে, পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে চলতে চলতে একসময় মনে হয়েছে, এই পথের যেন কোনো শেষ নেই—শুধু আছে নতুন কোনো দৃশ্যের অপেক্ষা।আর সেই অপেক্ষার মাঝেই হঠাৎ দেখা মেলে নীক আকাশ। পাহাড়ের বুক চিরে কিংবা তার পাদদেশ ছুঁয়ে বয়ে চলা লোভা নদীটি যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক নীল-সবুজ ছবি। স্বচ্ছ জলে আকাশের নীল, দুই তীরে সবুজের সমারোহ—সব মিলিয়ে চোখের সামনে তৈরি হয় এক অপার্থিব দৃশ্য।স্রোতের শব্দ, জলের ঢেউ আর বাতাসের শীতল স্পর্শ,নীল আকাশের আর সবুজের হাতছানি আমাকে পাহাড়ের কোলে প্রেয়সী বুকে রেখে শান্তি অনুভব। নৌকায় বসে নদীর বুক চিরে এগিয়ে যাওয়ার মুহূর্তগুলো ছিল আরও রোমাঞ্চকর। কখনো শান্ত জল, কখনো হঠাৎ স্রোতের টান—প্রতিটি মুহূর্তেই ছিল অজানা এক উত্তেজনা।পাহাড়ের চূড়ায় , বিস্তীর্ণ নদী, সীমাহীন আকাশ—এসবের সামনে আমার দুঃখ, অভিমান, ব্যর্থতা কত ক্ষুদ্র! মনে হয়, এতদিন যেসব বিষয়কে জীবনের সবচেয়ে বড় সমস্যা ভেবেছি, সেগুলো আসলে সময়ের স্রোতে ভেসে যাওয়া ছোট ছোট কণার মতো। প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য।একসময় সন্ধ্যা নেমে এলো। পাহাড়ের গায়ে সূর্যের শেষ আলো এসে পড়ল। নদীর জল রঙ বদলাতে বদলাতে ধীরে ধীরে গাঢ় হতে লাগল। অভিসারের সাজ সাজ রব চারিদিকে। দূরে কোথাও পাখির ডাক, কাছে নদীর মৃদু কলতান—সব মিলিয়ে মনে হলো, প্রকৃতি যেন দিনের শেষ প্রহরে তার সবচেয়ে সুন্দর আয়োজনটি সাজিয়ে বসেছে। এবার বুঝি সেই মহেন্দ্রক্ষণ অভিসারের।আমার প্রেয়সী যদি কেউ জানতে চায়, আমি বলব—সে কোনো মানুষ নয়। সে নীল সবুজের পহাড়ী কোন নারী পাহাড়ের সবুজ শরীর হয়ে আমার সামনে দাঁড়ায়, কখনো নদীর নীল স্রোত হয়ে আমাকে ডাকে। কখনো মেঘ হয়ে পাহাড়ের কাঁধে মাথা রাখে, আবার কখনো বাতাস হয়ে আমার ক্লান্ত মুখ ছুঁয়ে যায়।নীল-সবুজের সেই অভিসারে আমি বারবার ফিরে যেতে চাই। কারণ সেখানে গেলে মনে হয়, জীবন এখনও সুন্দর। পৃথিবী এখনও বিস্ময়ে ভরা। আর আমার ক্লান্ত হৃদয়ের জন্য নীল সবুজের পাহাড় ও নদীর চেয়ে আপন কোনো প্রেয়সী হয়তো সত্যিই নেই। গোপন অভিসারে আবারও বাসনা আমার মনে, আর একবার ফিরে যাব নীল সবুজের অভিসারে।
নির্মাণ : REM Technology