রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
প্রাণ বাঁচিয়ে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সাহসিকতার পুরস্কার পেলেন আহমেদ
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে বন্দুকধারীর হামলার সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের প্রাণ বাঁচানো আহমেদ আল-আহমেদকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সাহসিকতার সম্মাননা দেওয়া হয়েছে। হামলাকারীকে নিরস্ত্র করতে গিয়ে নিজেও গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল স্যাম মোস্টিন জানান, অসাধারণ সাহসিকতার স্বীকৃতি হিসেবে আহমেদকে ‘ক্রস অব ভ্যালর’ পুরস্কারে ভূষিত করা হয়েছে। দেশটির ইতিহাসে ষষ্ঠ ব্যক্তি হিসেবে এই সম্মাননা পেলেন তিনি।
গত বছরের ১৪ ডিসেম্বর সিডনির বন্ডাই বিচে ইহুদি সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে বন্দুকধারীদের হামলায় ১৫ জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও কয়েক ডজন মানুষ। হামলার সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে এক বন্দুকধারীকে নিরস্ত্র করেন আহমেদ। এ সময় তিনি নিজেও একাধিক গুলির আঘাতে আহত হন। কর্তৃপক্ষের মতে, তাঁর সাহসিকতায় বেশ কয়েকজনের প্রাণ রক্ষা পেয়েছিল।
পুরস্কার ঘোষণায় বলা হয়েছে, চরম বিপদের মুখেও সশস্ত্র হামলাকারীকে নিরস্ত্র করে অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছেন আহমেদ আল-আহমেদ।
এ ঘটনায় আহমেদসহ মোট চারজনকে সাহসিকতার সম্মাননা দেওয়া হয়েছে। হামলায় নিহত বরিস ও সোফিয়া গুরম্যানকে মরণোত্তর ‘স্টার অব কারেজ’ এবং রুভিয়েন মরিসনকে ‘ব্রেভারি মেডেল’ দেওয়া হয়েছে।
দুই সন্তানের বাবা আহমেদ হামলার পর থেকেই বিশ্বজুড়ে প্রশংসা পাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাঁর সাহসিকতার প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, আহমেদ অত্যন্ত সাহসী একজন মানুষ, যিনি অনেকের জীবন বাঁচিয়েছেন।
সূত্র: আলজাজিরা
এসআইবি/ সিটি









