রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
রোনালদোকে হলুদ কার্ড না দেখানোয় রেফারির সমালোচনা
আল-নাসর ও আল-হাজমের মধ্যকার সৌদি প্রো লিগের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি ফাউলের ঘটনায় রেফারির হলুদ কার্ড না দেখানোর সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছেন রেফারিং বিশেষজ্ঞ গামাল এল-ঘান্দুর। তার মতে, ওই ঘটনায় রোনালদোর হলুদ কার্ড দেখা উচিত ছিল। একই সঙ্গে আল-আহলি, আল-তাআউন এবং আল-হিলালের ম্যাচের বেশ কয়েকটি বিতর্কিত রেফারিং সিদ্ধান্ত নিয়েও নিজের মতামত জানিয়েছেন তিনি।
আল-নাসর ও আল-হাজমের ম্যাচে ৫৪তম মিনিটে আল-নাসরকে পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল বলে মনে করেন এল-ঘান্দুর। তবে রোনালদোর একটি ঘটনায় রেফারির সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।
এল-ঘান্দুরের মতে, বল নিজের দখলে থাকা সত্ত্বেও বাঁ পা বাড়িয়ে আল-হাজমের এক খেলোয়াড়ের পায়ের ওপর মাড়িয়ে দেন রোনালদো। ঘটনাটিতে ফাউল এবং হলুদ কার্ড দেখানো উচিত ছিল বলে মনে করেন তিনি।
তিনি বলেন, “বড় মাপের খেলোয়াড় হলেও মাঠে সে অন্য সবার মতোই একজন খেলোয়াড়। হলুদ কার্ড পাওয়ার মতো অপরাধ করলে রেফারিকে অবশ্যই তাকে হলুদ কার্ড দেখাতে হবে।”
তিনি আরও বলেন, “আমি বলতে চাই না যে কাজটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। তবে রেফারির পক্ষ থেকে অবহেলা ছিল। আর এ ধরনের ঘটনায় ভিএআরের দায়িত্বে থাকা কর্মকর্তার হস্তক্ষেপ করার সুযোগ ছিল না।”
এদিকে, আল-আহলি ও আল-তাআউনের মধ্যকার সৌদি প্রো লিগের ১৩তম রাউন্ডের ম্যাচে আল-আহলিকে পেনাল্টি দেওয়া উচিত ছিল কিনা, তা নিয়ে চলা বিতর্কেরও অবসান ঘটিয়েছেন এল-ঘান্দুর।
আল-ইনমা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে আল-তাআউনকে ৩-১ গোলে হারায় আল-আহলি। এর মধ্য দিয়ে সৌদি প্রো লিগে নিজেদের জয়ের ধারাবাহিকতা আরও দীর্ঘ করেছে দলটি।
টেলিভিশন অনুষ্ঠান ‘আল-মুনতাসাফ’-এ রেফারিং বিশেষজ্ঞ এল-ঘান্দুর ম্যাচটির বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে কথা বলেন। তিনি ইভান টোনিকে পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্তকে সঠিক বলে উল্লেখ করেন।
এল-ঘান্দুর বলেন, “আল-তাআউনের বিপক্ষে আল-আহলির ম্যাচে ইভান টোনিকে পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্তটি সঠিক ছিল। কারণ, সেখানে আক্রমণভাগের খেলোয়াড় ও ডিফেন্ডার—উভয়েরই ফাউল ছিল। পুরো আক্রমণ শুরু হওয়ার পর থেকে পড়ে যাওয়া পর্যন্ত দুজনের মধ্যে টানাটানি ও ধাক্কাধাক্কি চলেছে। তাই পেনাল্টি না দেওয়ার ক্ষেত্রে ভিএআর সঠিক সিদ্ধান্ত নিয়েছে।”
তিনি আরও বলেন, “আল-আহলিকে যে পেনাল্টিটি দেওয়া হয়েছিল, সেটিও সঠিক সিদ্ধান্ত ছিল। সেখানে গোল হওয়া ঠেকাতে স্পষ্ট ফাউল করা হয়েছিল। তাই সঠিক সিদ্ধান্ত ছিল পেনাল্টি দেওয়া, আর ঠিক সেটিই করা হয়েছে।”
সবশেষে আল-হিলাল ও আল-ইত্তিফাকের মধ্যকার ম্যাচের রেফারিং সিদ্ধান্তগুলো নিয়ে কথা বলেন এল-ঘান্দুর। তার মতে, ম্যাচের ৪৭তম মিনিটে আল-হিলালকে দেওয়া পেনাল্টি বাতিল করার সিদ্ধান্তটি সঠিক ছিল, কারণ সেখানে কোনো ফাউল হয়নি।
এ ছাড়া আল-হিলালের ব্রাজিলিয়ান উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেল্লি বেপরোয়া আচরণের জন্য হলুদ কার্ড পাওয়ার যোগ্য ছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
আল-হিলালের জন্য আরও বড় ধাক্কার বিষয় হলো, ম্যাচে তাদের করা প্রথম গোলটিও বাতিল হওয়া উচিত ছিল বলে মনে করেন এল-ঘান্দুর। তার মতে, ম্যাচের ২৯তম মিনিটে নাসের আল-দাওসারি পা উঁচু করে আল-ইত্তিফাকের এক খেলোয়াড়কে ফাউল করেছিলেন। ফলে সেই গোলটি বৈধ ছিল না।
এই জয়ের ফলে আল-আহলির পয়েন্টসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭। সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে দলটি। একই সঙ্গে কোচ বোসিচের অধীনে ঘরোয়া লিগে নিজেদের জয়ের ধারাবাহিকতাও ধরে রেখেছে তারা।
সৌদি প্রো লিগের পরবর্তী রাউন্ডে আল-আহলির প্রতিপক্ষ আল-ফয়সালি। আগামী শুক্রবার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইএইচআর/ সিটি/ ডিসি









