রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

রয়্যাল এনফিল্ডের সবচেয়ে বড় বাইক হিমালয়ান ৭৫০ দাম ৪ লাখ ৮৯ হাজার ৪৯০

রয়্যাল এনফিল্ডের সবচেয়ে বড় বাইক হিমালয়ান ৭৫০ দাম ৪ লাখ ৮৯ হাজার ৪৯০

৭৪৩ সিসির নতুন প্যারালাল টুইন ইঞ্জিন, ক্রুজ কন্ট্রোল, কর্নারিং এবিএস ও পাঁচটি রাইডিং মোড নিয়ে ভারতের বাজারে এসেছে রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৭৫০। তিনটি সংস্করণের দাম শুরু ৪ লাখ ৮৯ হাজার ৪৯০ রুপি থেকে।

ভারতের বাজারে নিজেদের সবচেয়ে বড় মোটরসাইকেল হিমালয়ান ৭৫০ উন্মোচন করেছে রয়্যাল এনফিল্ড। নতুন ৭৪৩ সিসির প্যারালাল টুইন ইঞ্জিন, উন্নত সাসপেনশন ও আধুনিক রাইডিং প্রযুক্তি নিয়ে আসা এই অ্যাডভেঞ্চার ট্যুরারের প্রাথমিক এক্স-শোরুম দাম রাখা হয়েছে ৪ লাখ ৮৯ হাজার ৪৯০ রুপি। ইআইসিএমএ ২০২৬-এ বিশ্বমঞ্চে আত্মপ্রকাশের পর ভারতের গোয়ায় মোটোভার্স আয়োজনকে কেন্দ্র করে মোটরসাইকেলটির দাম ও সংস্করণ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

চেন্নাইয়ের এক্স-শোরুম মূল্য অনুযায়ী, হিমালয়ান ৭৫০ তিনটি সংস্করণে পাওয়া যাবে। অ্যালয় চাকা সংস্করণের দাম ৪ লাখ ৮৯ হাজার ৪৯০ রুপি। আজটেক সবুজ ও টেকটোনিক কালো রঙে পাওয়া যাবে এটি। টিউবলেস ক্রস-স্পোক চাকার সংস্করণের দাম ৫ লাখ ১৪ হাজার ৪৯৫ রুপি। ভাইকিং ব্রোঞ্জ ও সাইবেরিয়া সাদা রঙে মিলবে এই সংস্করণ। আর সর্বোচ্চ সংস্করণ অ্যান্টার্কটিক সিলভারের দাম ৬ লাখ ২৯ হাজার রুপি। এতে জিআইভিআইয়ের তৈরি ট্যুরিং সরঞ্জাম যুক্ত রয়েছে।

ইঞ্জিনের ক্ষেত্রে হিমালয়ান ৭৫০-এ ব্যবহার করা হয়েছে নতুন ৭৪৩ সিসির এয়ার ও অয়েল-কুলড প্যারালাল টুইন ইঞ্জিন। এটি সর্বোচ্চ ৫৫ বিএইচপি শক্তি এবং ৬৩ নিউটনমিটার টর্ক উৎপন্ন করে। ৫ হাজার আরপিএমে সর্বোচ্চ টর্ক পাওয়া যায়। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ৩ হাজার ৫০০ আরপিএম থেকেই সর্বোচ্চ টর্কের ৯০ শতাংশ পাওয়া সম্ভব। ইঞ্জিনটির সঙ্গে রয়েছে ছয় গতির গিয়ারবক্স।

প্রযুক্তিগত সুবিধার দিক থেকেও মোটরসাইকেলটিতে বেশ কিছু নতুন সংযোজন রয়েছে। এতে পাঁচটি রাইডিং মোড—রোড, রোড স্পোর্ট, রেইন, ট্রেইল ও কাস্টম—পাশাপাশি ছয় অক্ষের আইএমইউ, কর্নারিং এবিএস, হেলে থাকা অবস্থায় কাজ করা ট্র্যাকশন কন্ট্রোল এবং ক্রুজ কন্ট্রোল রয়েছে। চালকের সামনে দেওয়া হয়েছে চার ইঞ্চির গোলাকার টিএফটি ডিসপ্লে, যাতে নেভিগেশন ও সংযোগ সুবিধা রয়েছে। সঙ্গে আছে টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম।

সাসপেনশনের সামনে রয়েছে ৪৩ মিলিমিটারের সামঞ্জস্যযোগ্য শোয়া ইউএসডি ফর্ক এবং পেছনে শোয়া মনোশক। সামনে ১৯ ইঞ্চি ও পেছনে ১৭ ইঞ্চির চাকা ব্যবহার করা হয়েছে। ব্রেকিংয়ের জন্য রয়েছে সামনের দ্বৈত ডিস্ক। মোটরসাইকেলটির আসনের উচ্চতা ৮১৫ মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২০৫ মিলিমিটার এবং জ্বালানি ধারণক্ষমতা ১৭ লিটার। দীর্ঘ ভ্রমণের কথা মাথায় রেখে এতে পাঁচ ধাপে সমন্বয়যোগ্য উইন্ডস্ক্রিনও রাখা হয়েছে।

সর্বোচ্চ সংস্করণ অ্যান্টার্কটিক সিলভারে রয়েছে জিআইভিআইয়ের তৈরি টপ বক্স, প্যানিয়ার, হ্যান্ডগার্ড, উষ্ণ হ্যান্ডেল গ্রিপ এবং অ্যালুমিনিয়ামের স্কিড প্লেট। চাইলে অন্য সংস্করণেও আলাদাভাবে এসব সরঞ্জাম যুক্ত করার সুযোগ থাকবে।

রয়্যাল এনফিল্ড জানিয়েছে, ভারতের সব জায়গায় মোটরসাইকেলটির বুকিং শুরু হবে ১ ডিসেম্বর থেকে। তবে গোয়ার মোটোভার্স আয়োজনে ২৮ ও ২৯ নভেম্বর অংশ নেওয়া দর্শনার্থীরা আগাম বুকিংয়ের সুযোগ পাচ্ছেন। মোটরসাইকেলটির সরবরাহ শুরুর তারিখ এখনো জানানো হয়নি। পাশাপাশি দ্বিতীয় ৭৫০ সিসির মোটরসাইকেল কন্টিনেন্টাল জিটি ৭৫০ নিয়েও নতুন কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। বাংলাদেশের বাজারে হিমালয়ান ৭৫০ কবে আসবে, সে বিষয়েও এখনো আনুষ্ঠানিক ঘোষণা নেই।

এসআইবি/ সিটি

নির্মাণ : REM Technology