রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
বরগুনায় এতিম শিশুদের মাঝে জেলা প্রশাসক: কম্বল বিতরণ, অসমাপ্ত মাদ্রাসার উন্নয়নকাজ সম্পন্নের ঘোষণা
শীতের শুরুতেই অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়িয়েছে বরগুনা জেলা প্রশাসন। শীতার্ত শিশুদের উষ্ণতা নিশ্চিত করতে বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ চরকগাছিয়া রশিদিয়া শিশু সদনের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মাদ্রাসার অসমাপ্ত উন্নয়নকাজ জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্পন্ন করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি –
গত রোববার (২৯ নভেম্বর ২০২৬)- শিশু সদনের মিলনায়তনে ‘আসুন শীতার্ত মানুষের পাশে দাঁড়াই’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম ও অসহায় শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেন জেলা প্রশাসক। এ সময় তিনি শিশু সদনের শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য, জীবনমান ও ভবিষ্যৎ কল্যাণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাফিজুর রহমান এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান। দক্ষিণ চরকগাছিয়া রশিদিয়া শিশু সদনের সভাপতি ও বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনটিভির প্রতিনিধি অ্যাডভোকেট সোহেল হাফিজ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উপপরিচালক দিপু হাফিজুর রহমান, যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট কনসালটেন্ট ক্রিস মিলার, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম মিলন, বিএনপি নেতা নান্নু খানসহ আমন্ত্রিত অতিথিরা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, মাদ্রাসার উন্নয়নে যেসব কাজ অসমাপ্ত রয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে সেগুলো সম্পন্ন করে দেওয়া হবে। তিনি আরও বলেন, শীত মৌসুমে এতিম ও অসহায় শিশুদের উষ্ণতা নিশ্চিত করতে সমাজের সামর্থ্যবান ব্যক্তি, সামাজিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। শিশুদের প্রতি সহমর্মিতা ও মানবিক দায়িত্ববোধ থেকেই এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণ করা প্রয়োজন।
জেলা প্রশাসক বলেন, শুধু শীতবস্ত্র বিতরণই নয়, শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং স্বাভাবিকভাবে বেড়ে ওঠার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে জেলা প্রশাসনের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, দক্ষিণ চরকগাছিয়া রশিদিয়া শিশু সদন বরগুনার আমতলী উপজেলার দক্ষিণ চরকগাছিয়া এলাকায় অবস্থিত একটি বেসরকারি এতিমখানা ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত প্রতিষ্ঠানটির সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন নম্বর বর-৪৬০/০৮, তারিখ ৩ জানুয়ারি ২০০৮। প্রতিষ্ঠানটি আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। একই প্রাঙ্গণে দক্ষিণ চরকগাছিয়া রশিদিয়া হাফিজিয়া নূরানি মাদ্রাসার শিক্ষা কার্যক্রমও পরিচালিত হয়।
শীতের শুরুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল পেয়ে শিশু সদনের শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা যায়। এ মানবিক উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে সংশ্লিষ্টরা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।









