শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

শেখ হাসিনাকে ডা. ডোনার— ‘আপনার তো রায় হয়ে গেছে, এখন বাস্তবায়ন হবে, চলে আসেন’

শেখ হাসিনাকে ডা. ডোনার— ‘আপনার তো রায় হয়ে গেছে, এখন বাস্তবায়ন হবে, চলে আসেন’
বক্তব্য রাখছেন ডা. ফরহাদ হালিম ডোনার

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না, ফিরলেও রাজনীতি করার কোনো সুযোগ পাবেন না বলে মন্তব্য করেছেন ‘আমরা বাংলাদেশি’ সংগঠনের আলোচনা সভার বক্তারা। তাঁরা বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর ফিরে আসতে পারবে না। শেখ হাসিনাকে ভারতে নাগরিকত্ব দিয়ে সেখানেই রেখে দেওয়ারও আহ্বান জানান বক্তারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে জাতীয় ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় তাঁরা এসব কথা বলেন। ‘আমরা বাংলাদেশি’ সংগঠন এ সভার আয়োজন করে।

সংগঠনের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য তমিজ উদ্দিন টিটুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, বিএনপি নেতা মোমিনুল আমিন ও সাংবাদিক সাঈদ খানসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ছিল দল-মত নির্বিশেষে সবার আন্দোলন। সে সময় বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্নভাবে আন্দোলন করলেও জাতীয় ঐক্যের স্বার্থে এক দফা দাবিতে সবাই ঐকমত্যে পৌঁছেছিল।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন তো বিএনপি ক্ষমতায় আছে। দেশে ফিরতে শেখ হাসিনার ভয় কোথায়? আমাদের সরকার তো তাঁকে ফেরত চায়। আপনি আসেন না! আপনার তো রায় হয়ে গেছে। এখন বাস্তবায়ন হবে, চলে আসেন।’

গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সহিংসতার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, গাড়ি-বাড়ি পুড়িয়ে আওয়ামী লীগ ক্ষমতায় চলে যাবে, এটা অবিশ্বাস্য। এটা কোনো রাজনীতি হতে পারে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ।’ রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জাতীয় ঐক্যের ক্ষেত্রে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান বলেন, অপরাধী শেখ হাসিনা রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট চান—এটি কেমন আবদার? ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে নাগরিকত্ব দিয়ে ভারতেই রেখে দেওয়া হোক। বাংলাদেশে তাঁকে নাগরিকত্ব দেওয়া হবে না।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সীমান্ত, সমুদ্র কিংবা আকাশপথ—কোনো পথেই বাংলাদেশে ফিরতে পারবেন না। ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর ফিরবে না। আওয়ামী লীগকে ভারতে রাজনীতি করার সুযোগ দেওয়া হোক।

রাশেদ খান বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে। সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। জাতীয় ঐক্যের প্রশ্নে কোনো বিভেদ চায় না সরকার। বিরোধী দলগুলোর প্রতি বক্তব্য-বিবৃতিতে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি নোট অব ডিসেন্টসহ যেসব বিষয়ে সম্মত হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে। এ নিয়ে নতুন করে বিতর্কের প্রয়োজন নেই।

গোপালগঞ্জের পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, সেখানে স্কুল ও পেট্রোলপাম্প বন্ধ থাকার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রশ্নে নিজেদের মধ্যে হানাহানিতে জড়িয়ে পড়ছে একটি পক্ষ। গোপালগঞ্জের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, তাঁরা রাষ্ট্রীয় শৃঙ্খলার মধ্যে থাকতে চান, নাকি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে দিতে চান।

সভাপতির বক্তব্যে সৈয়দ এহসানুল হুদা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো আপস করা যাবে না। শর্ত দিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থী সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের জড়ো করে তাণ্ডব চালাচ্ছে। আওয়ামী লীগের পক্ষে এখনো যারা সাফাই গাইছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও শামীম হায়দার পাটোয়ারীকে গ্রেপ্তারেরও দাবি জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করে সৈয়দ এহসানুল হুদা বলেন, পতিত স্বৈরাচারকে প্রতিরোধে বাংলাদেশপন্থী শক্তিগুলোর জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology