শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
CampusTimes — ক্যাম্পাস টাইমস
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই
প্রিয় শিক্ষালয় — সকল চাকরির প্রস্তুতি এক অ্যাপেই (মোবাইল)

আওয়ামী লীগকে তো ৫ আগস্টই পরাজিত করেছি, এখন লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে

আওয়ামী লীগকে তো ৫ আগস্টই পরাজিত করেছি, এখন লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে
সংবাদ সম্মেলনে এনসিপির প্রতিনিধি দল

‘আওয়ামী লীগকে তো আমরা ৫ আগস্ট পরাজিত করেছি। আমাদের লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশে যা কিছু হচ্ছে সবকিছুতে ভারত সরাসরি সম্পৃক্ত। এখনের এই লড়াই আওয়ামী লীগের সঙ্গে লড়াই না। আমরা তো তাদের ৫ ই আগস্ট পরাজিত করেছি। আমাদের লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, সমসাময়িক রাজনীতি ও বিভিন্ন সংকট নিয়ে তাঁদের আলোচনা হয়েছে। গত কয়েকদিন ধরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এতে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী এবং জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বও এর ভুক্তভোগী হচ্ছেন।

তিনি বলেন, পতিত আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় সন্ত্রাস ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। দেশের এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং রাজনৈতিক ঐক্য গড়ে তোলা সম্ভব কি না, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর উদ্বেগের কথা জানিয়েছেন এবং ফ্যাসিবাদ ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। এর আগে সংসদেও তিনি এ আহ্বান জানিয়েছিলেন।

নাহিদ ইসলাম বলেন, তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি এক দিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত-আট মাস ধরে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার প্রশ্নে আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়গুলো আরও স্পষ্ট না করার কারণে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, যেকোনো ধরনের ঐক্য, বিশেষ করে জুলাইয়ের ঐক্যের ক্ষেত্রে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। তাই ঐক্য প্রক্রিয়ায় সংস্কারকে অন্যতম এজেন্ডা হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান ও সুপারিশ তাঁরা জানিয়েছেন।

ইএইচআর/ সিটি/ ডিসি

নির্মাণ : REM Technology