সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
ভিকারুননিসায় ভর্তির সংশোধিত বিজ্ঞপ্তি, শিক্ষক সন্তানদের জন্য ১৩ আসন সংরক্ষণ
২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি সংশোধন করেছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। নতুন বিজ্ঞপ্তিতে শিক্ষক ও কর্মচারীদের সন্তানদের জন্য শাখাভিত্তিক ১৩টি আসন সংরক্ষণের তথ্য যুক্ত করা হয়েছে। আগের বিজ্ঞপ্তিতে এ আসনসংখ্যা উল্লেখ ছিল না। তবে ভর্তির মোট আসন, আবেদন শুরুর ও শেষ তারিখ এবং লটারির তারিখ অপরিবর্তিত রয়েছে।
রোববার সংশোধিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষাপ্রতিষ্ঠানটি।
নতুন বিজ্ঞপ্তির আসনসংখ্যার পাশাপাশি ‘শিক্ষক ও কর্মচারীর সন্তান (সংরক্ষিত)’ আসনের কথা উল্লেখ করা হয়েছে। এতে শাখাভিত্তিক ১৩ সংরক্ষিত আসনের সংখ্যা উল্লেখ করা হয়েছে।
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, মূল প্রভাতী বাংলা শাখায় তিনটি, মূল দিবা বাংলা শাখায় দুটি, মূল প্রভাতী ইংরেজি ভার্সনে তিনটি এবং মূল দিবা ইংরেজি ভার্সনে দুটি আসন সংরক্ষিত রয়েছে। এ ছাড়া ধানমন্ডি প্রভাতী শাখায় একটি, বসুন্ধরা দিবা শাখায় একটি এবং আজিমপুর দিবা শাখায় একটি আসন সংরক্ষিত রাখা হয়েছে। সব মিলিয়ে সংরক্ষিত আসন ১৩টি।
আগের বিজ্ঞপ্তিতে শাখাভিত্তিক সাধারণ আসন ও ক্যাচমেন্ট এলাকার তথ্য থাকলেও শিক্ষক-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত আসনের কোনো উল্লেখ ছিল না। নতুন বিজ্ঞপ্তিতে এ তথ্য স্পষ্ট করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে দেখা যায়, মূল শাখায় বাংলা ভার্সনের প্রভাতি শিফটে ২৭৫টি ও দিবা শিফটে ২২০টি আসন রয়েছে। ইংরেজি ভার্সনের প্রভাতি ও দিবা শিফটে ১১০টি করে আসন আছে। এ শাখায় মোট আসন ৭১৫টি।
এছাড়া ধানমন্ডি শাখায় প্রভাতি ও দিবা শিফটে ৮৫টি করে মোট ১৭০টি, বসুন্ধরা শাখায় ১৬৫টি করে মোট ৩৩০টি এবং আজিমপুর শাখায় ১৬৫টি করে মোট ৩৩০টি আসন রয়েছে।
এর সঙ্গে মূল ক্যাম্পাসের রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা ক্যাচমেন্ট এলাকার বাংলা ভার্সনের প্রভাতী শাখায় তিনটি এবং দিবা শাখায় দুটি আসন সংরক্ষিত রয়েছে। একই ক্যাম্পাসের ইংরেজি ভার্সনের প্রভাতী শাখায় তিনটি ও দিবা শাখায় দুটি আসন সংরক্ষিত রাখা হয়েছে।
ধানমন্ডি ও কলাবাগান থানা ক্যাচমেন্ট এলাকার ধানমন্ডি ক্যাম্পাসের প্রভাতী শাখায় একটি আসন সংরক্ষিত রয়েছে। দিবা শাখায় সংরক্ষিত আসনের সংখ্যা উল্লেখ করা হয়নি।
ভাটারা, খিলক্ষেত ও গুলশান থানা ক্যাচমেন্ট এলাকার বসুন্ধরা ক্যাম্পাসের দিবা শাখায় একটি আসন সংরক্ষিত রাখা হয়েছে। প্রভাতী শাখায় সংরক্ষিত আসনের সংখ্যা উল্লেখ নেই।
অন্যদিকে, লালবাগ, চকবাজার ও নিউমার্কেট থানা ক্যাচমেন্ট এলাকার আজিমপুর ক্যাম্পাসের দিবা শাখায় একটি আসন সংরক্ষিত রয়েছে। প্রভাতী শাখায় সংরক্ষিত আসনের সংখ্যা উল্লেখ করা হয়নি।
সব মিলিয়ে শিক্ষক ও কর্মচারীদের সন্তানদের জন্য মূল ক্যাম্পাসে ১০টি এবং ধানমন্ডি, বসুন্ধরা ও আজিমপুর ক্যাম্পাসে একটি করে মোট ১৩টি আসন সংরক্ষিত রয়েছে। অনলাইনে আবেদন শুরু হবে ১ ডিসেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ এবং শেষ হবে ১০ ডিসেম্বর। আবেদন করতে হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে—https://gsa.teletalk.com.bd। আবেদন ফি ১১০ টাকা, যা টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে পরিশোধ করতে হবে।
আবেদনকারীদের মধ্য থেকে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। লটারি অনুষ্ঠিত হওয়ার তারিখ ১৫ ডিসেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শুধু শূন্য আসন থাকা সাপেক্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে। বার্ষিক পরীক্ষা শেষে শূন্য আসনের সংখ্যা ঘোষণা করা হবে। এসব শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত আবেদন, পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে।
ইএইচআর/ বিএন/ ডিসি









