বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
ফেসবুক-মেইল-স্মার্টফোনে সবচেয়ে বেশি ব্যবহার করা ১০ পাসওয়ার্ড, মিলিয়ে নিন আপনারটা আছে কি না
ফেসবুক, জিমেইল কিংবা স্মার্টফোন—ব্যক্তিগত তথ্য সুরক্ষায় পাসওয়ার্ডের ব্যবহার এখন দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে অনেকেই এমন কিছু পাসওয়ার্ড বেছে নেন, যা সহজেই অনুমান করতে পারে সাইবার অপরাধীরা। চলতি বছরের বহুল ব্যবহৃত পাসওয়ার্ডের তালিকায় দেখা গেছে, বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ এখনো ‘১২৩৪৫৬’ কিংবা ‘পাসওয়ার্ড’-এর মতো অতি সাধারণ শব্দ ও সংখ্যা ব্যবহার করছেন।
পাসওয়ার্ড ব্যবস্থাপনা প্রতিষ্ঠান নর্ডপাসের প্রকাশিত ২০২৬ সালের তালিকায় সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডের শীর্ষে রয়েছে ‘১২৩৪৫৬’। বিশ্বজুড়ে ৭০ লাখেরও বেশি বার এই পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘অ্যাডমিন’। প্রায় ৪৫ লাখ ব্যবহারকারী এই শব্দটিকে পাসওয়ার্ড হিসেবে বেছে নিয়েছেন।
তালিকার তৃতীয় স্থানেও রয়েছে সংখ্যার ব্যবহার। প্রায় ৩০ লাখ মানুষ ‘১২৩৪৫৬৭৮’ পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন। চতুর্থ স্থানে রয়েছে ‘১২৩৪৫৬৭৮৯’, যার ব্যবহারকারী আনুমানিক ১৯ লাখ। পঞ্চম স্থানে উঠে এসেছে ‘১২৩৪’। প্রায় ১৮ লাখ ৮০ হাজার মানুষ এই পাসওয়ার্ড ব্যবহার করেছেন। গত বছরও এটি বহুল ব্যবহৃত পাসওয়ার্ডের তালিকায় থাকলেও এবার প্রথম পাঁচে উঠে এসেছে।
ষষ্ঠ স্থানে রয়েছে ‘১২৩৪৫’। প্রায় ১৩ লাখ মানুষ এই পাসওয়ার্ড ব্যবহার করেছেন। সপ্তম অবস্থানে রয়েছে ইংরেজি শব্দ ‘পাসওয়ার্ড’। বিশ্বজুড়ে প্রায় ১২ লাখ ৫০ হাজার ব্যবহারকারী নিজেদের অ্যাকাউন্টের নিরাপত্তায় এই শব্দটিই বেছে নিয়েছেন।
অষ্টম স্থানে রয়েছে ‘Aa123456’। ইংরেজি বড় হাতের ‘A’, ছোট হাতের ‘a’ এবং ধারাবাহিক সংখ্যা মিলিয়ে তৈরি এই পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ। নবম স্থানে রয়েছে ‘পাস@১২৩’। সংখ্যা ও বিশেষ চিহ্নের সমন্বয়ে তৈরি এই পাসওয়ার্ড ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫ লাখ ২০ হাজার।
দশম স্থানে রয়েছে ‘১২৩৪৫৬৭৮৯০’। অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত ধারাবাহিক সংখ্যার সঙ্গে শূন্য যুক্ত করে তৈরি পাসওয়ার্ডটি প্রায় ৫ লাখ ৫৩ হাজার বার ব্যবহার করা হয়েছে।
নর্ডপাসের সহকারী গবেষকেরা গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সংগৃহীত জনসাধারণের তথ্য ও ডার্ক ওয়েবের তথ্য বিশ্লেষণ করে এ তালিকা তৈরি করেছেন। এতে মোট ৪৪টি দেশের ব্যবহারকারীদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকা তৈরির ক্ষেত্রে একটি পাসওয়ার্ড কতবার পাওয়া গেছে, সেটিকে বিবেচনায় নেওয়া হয়েছে। ফলে একই ব্যক্তির একাধিক অ্যাকাউন্টে ব্যবহৃত পাসওয়ার্ডও একাধিকবার গণনায় আসতে পারে।
গবেষণায় দেখা গেছে, বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীদের মধ্যেও সহজে অনুমান করা যায় এমন পাসওয়ার্ড ব্যবহারের প্রবণতা রয়েছে। সংখ্যা, পরিচিত শব্দ কিংবা সাধারণ অক্ষর-সংখ্যার সমন্বয়ে তৈরি পাসওয়ার্ডই অনেকের পছন্দের তালিকায় রয়েছে।
তবে এ ধরনের পাসওয়ার্ড ব্যক্তিগত অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। সাইবার অপরাধীরা সহজেই অনুমান করতে পারে এমন পাসওয়ার্ড ব্যবহার করলে সামাজিক যোগাযোগমাধ্যম, ই-মেইল কিংবা অন্যান্য ডিজিটাল অ্যাকাউন্ট অননুমোদিত প্রবেশের ঝুঁকিতে পড়তে পারে। তাই সহজ ও বহুল ব্যবহৃত পাসওয়ার্ড এড়িয়ে প্রতিটি অ্যাকাউন্টে আলাদা, দীর্ঘ ও জটিল পাসওয়ার্ড ব্যবহার করার পরামর্শ দেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।
ইএইচআর/ সিটি/ ডিসি









