শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শহীদ ডা. মিলন দিবসে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন
শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষে তার সমাধি ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল।
আজ সকাল ৯টায় শহীদ ডা. মিলনের সমাধিতে এবং সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন শহীদ ডা. মিলন স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।
এছাড়া ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয় ও হল শাখার শতাধিক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, শহীদ ডা. মিলন ছিলেন গণতন্ত্র, মানুষের অধিকার ও মুক্তচিন্তার পক্ষে এক সাহসী কণ্ঠস্বর। তার আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনকে আরও বেগবান করেছিল এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নতুন প্রেরণা জুগিয়েছিল।
তিনি আরও বলেন, গণতন্ত্র আপসের বিষয় নয়। মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাহস, ঐক্য ও ত্যাগের প্রয়োজন। শহীদ ডা. মিলনের আত্মত্যাগ আমাদের সেই শিক্ষা মনে করিয়ে দেয়।
ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ডা. মিলনের শহীদ হওয়ার মধ্য দিয়ে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করে। তার গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আমাদের পরবর্তী সকল অধিকার আদায় ও গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রাণিত জুগিয়েছে।
তিনি আরও বলেন, শহীদ ডা. মিলনের আত্মত্যাগ মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলনেও প্রেরণা জোগাবে।
১৯৯০ খ্রিষ্টাব্দের ২৭ নভেম্বর স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন চলাকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন চিকিৎসক ডা. শামসুল আলম খান মিলন।
ইএইচআর/ বিএন/ ডিসি









